javier ortega

দুষ্কৃতিদের গুলিতে ম্যাচের মাঝেই খুন রেফারি, অবাক ফুটবলার থেকে দর্শক, তদন্ত শুরু পুলিশের

ফুটবল ম্যাচ রণক্ষেত্রে পরিণত হল। ঘটনাটি ঘটেছে ইকুয়েডরের একটি ফুটবল ম্যাচে। খেলা চলাকালীনই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিদের গুলিতে মাঠেই লুটিয়ে পড়েন রেফারি। তাঁকে বাঁচানো যায়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৭:১৮
Share:

নিহত রেফারি জেভিয়ার ওর্তেগা। ছবি: সমাজমাধ্যম।

ফুটবল ম্যাচ যে এ ভাবে রণক্ষেত্রে পরিণত হতে পারে তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এমনটাই হয়েছে ইকুয়েডরের একটি ফুটবল ম্যাচে। খেলা চলাকালীন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিদের গুলিতে মাঠেই লুটিয়ে পড়েন রেফারি। চিকিৎসা করানো হলেও তাঁকে বাঁচানো যায়নি। মনে করা হচ্ছে, দুই ড্রাগ মাফিয়া দলের সংঘর্ষের কারণেই খুন হতে হয়েছে ওই রেফারিকে।

Advertisement

রবিবার ইকুয়েডরের এল ওরো প্রদেশের পাসাজেতে একটি ম্যাচ পরিচালনা করছিলেন ৪৮ বছরের জেভিয়ার ওর্তেগা। হঠাৎই ম্যাচের মাঝে দুষ্কৃতিরা ঢুকে পড়ে রেফারিকে লক্ষ্য করে গুলি চালায়। অবাক খেলোয়াড় এবং দর্শকদের সামনেই লুটিয়ে পড়েন ওর্তেগা। চিকিৎসকেরা মাঠে ছুটে এলেও বাঁচানো যায়নি তাঁকে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সঙ্গে সঙ্গে ম্যাচ বাতিল ঘোষণা করা হয়। তার আগে খেলোয়াড় এবং সমর্থকেরা প্রাণ বাঁচাতে এ দিক-ও দিক ছোটাছুটি শুরু করে দিয়েছিলেন। পুলিশের দাবি, পরিকল্পনা করেই ওই রেফারিকে হত্যা করা হয়েছে। পুলিশের এক মুখপাত্র বলেন, “আমরা মোবাইল ফোনের ফুটেজ দেখে এবং সাক্ষীদের সাক্ষাৎকার নিয়ে দোষীদের খুঁজে বার করার চেষ্টা করছি। এটি ঠান্ডা মাথার খুন।”

Advertisement

রেফারিদের সংগঠন ক্ষিপ্ত। তারা প্রতিটি ম্যাচে আরও নিরাপত্তার দাবি তুলেছে। এক ফুটবল আধিকারিক বলেছেন, “জেভিয়ার একজন দায়বদ্ধ রেফারি ছিল। যে ভাবে ম্যাচ খেলাতে গিয়ে প্রাণ হারাল তা কোনও মতেই গ্রহণযোগ্য নয়।”

অ্যামেচার ফুটবলে যে ভাবে সাম্প্রতিককালে হিংসার বাতাবরণ তৈরি হয়েছে তাতে উদ্বিগ্ন সে দেশের ফুটবলমহল। মেক্সিকো এবং কলম্বিয়ার ড্রাগ মাফিয়াদের দাপট প্রচণ্ড বেড়ে গিয়েছে। ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া কঠোর অবস্থান নিলেও লাভ হচ্ছে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement