ডমিনিক ফ্রিমপং। ছবি: এক্স।
ঘানার ক্লাব বেরেকুম চেলসির বাস ঘিরে এলোপাথাড়ি গুলি ডাকাতদলের। তাতে মৃত্যু হয়েছে ডমিনিক ফ্রিমপং নামে এক ফুটবলারের। রবিবার প্রিমিয়ার লিগের একটি অ্যাওয়ে ম্যাচ খেলে ফেরার পথে ডাকাতদলের খপ্পরে পড়ে ফুটবল দলের বাস।
ফ্রিমপংয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)। ঘানার দক্ষিণাঞ্চলের শহর সামরেবোইয়ে রবিবার সামারটেক্সের বিরুদ্ধে লিগের ম্যাচ খেলতে গিয়েছিল বেরেকুম চেলসি। ফেরার সময়ে গোয়াসো-বিবিয়ানির রাস্তায় ডাকাত দলের খপ্পরে পড়ে দলের বাস। গুরুতর আহত অবস্থায় ফ্রিমপংকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
এই ঘটনায় ক্ষুব্ধ এবং বাক্রুদ্ধ বেরেকুম চেলসি কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তাঁরা বলেছেন, ‘‘সামরেবোই থেকে ফেরার পথে এক দল সশস্ত্র ডাকাত আমাদের বাসের পথ আটকায়। বিপদ আঁচ করে চালক বাস পিছোতে শুরু করেন। তার পরই মুখ ঢাকা দুষ্কৃতীরা গুলি চালাতে শুরু করে। তাদের হাতে অ্যাসল্ট রাইফেলও ছিল। প্রাণ বাঁচাতে ফুটবলার এবং সাপোর্ট স্টাফেরা একটি ঝোঁপের আড়ালে গিয়ে লুকোন। তখনই দুষ্কৃতীদের গুলিতে গুরুতর আহত হন ২০ বছরের উইঙ্গার ডমিনিক ফ্রিমপং। পরে তাঁর মৃত্যু হয়েছে।’’
প্রতিভাবান ফুটবলারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জিএফএ। তারা বিবৃতিতে বলেছে, ‘‘এই ঘটনায় আমরা স্তম্ভিত এবং মর্মাহত। এই ক্ষতি ঘানার ফুটবলের। ডমিনিক ফ্রিমপংয়ের নিষ্ঠা এবং আবেগ আমাদের সম্পদ ছিল।’’ ঘরোয়া লিগে অংশগ্রহণকারী ক্লাবগুলির যাতায়াতের পথের নিরাপত্তা জোরদার করার আশ্বাস দিয়েছেন ঘানার ফুটবল কর্তারা।
২০২৩ সালেও এমন একটি ঘটনা ঘটেছিল। সামারটেক্সের বিরুদ্ধেই খেলে ফেরার পথে ডাকাত দলের কবলে পড়েছিল লেগন সিটি ক্লাবের বাস। সেই ঘটনায় অবশ্য কেউ হতাহত হননি।