মন্টে কার্লো মাস্টার্স জেতার পর ইয়ানিক সিনার। ছবি: রয়টার্স।
গ্র্যান্ড স্ল্যামে ‘সিনকারাজ়’ দ্বৈরথ দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছেন টেনিসপ্রেমীরা। এ বার মাস্টার্সেও সেই দৃশ্য। মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে কার্লোস আলকারাজ়কে স্ট্রেট সেটে (৭-৬, ৬-৩) হারিয়েছেন ইয়ানিক সিনার। এই জয়ের ফলে পুরুষদের ক্রমতালিকায় আবার শীর্ষে ফিরেছেন তিনি।
ফাইনাল জিতে সিনার বলেন, “খুব সুন্দর ম্যাচ খেলেছি। আবার এক নম্বরে ফেরার গুরুত্ব আমার কাছে অনেক।” শুধু এক নম্বরে ফেরা নয়, মুখোমুখি লড়াইয়ে ব্যবধান কমিয়েছেন সিনার। সাত গ্র্যান্ড স্ল্যামজয়ী আলকারাজ়ের বিরুদ্ধে এখন ১০-৭ পিছিয়ে চার গ্র্যান্ড স্ল্যামের মালিক সিনার। সব মিলিয়ে কেরিয়ারে নিজের ২৭ নম্বর ট্রফি জিতলেন ইটালির সিনার।
এর আগে লাল সুরকির কোর্টে টানা ১৭ ম্যাচ জিতেছিলেন আলকারাজ়। কিন্তু সিনারের বিরুদ্ধে তাঁকে সমস্যায় ফেলল আনফোর্সড এরর। ম্যাচে ৪৫টি আনফোর্সড এরর করেছেন তিনি। প্রথম সেট টান টান চলছিল। তার ফয়সালা হয় টাইব্রেকারে। জেতেন সিনার। দ্বিতীয় সেটে একটা সময় ১-৩ পিছিয়ে ছিলেন সিনার। সেখান থেকে টানা পাঁচটি গেম জেতেন তিনি।
ম্যাচ শেষে সিনার বলেন, “হাওয়া দিচ্ছিল। ফলে সে দিকে খেয়াল রেখে শট মারতে হচ্ছিল। এই প্রথম লাল সুরকির কোর্টে জিতলাম। তাই এই জয়ের গুরুত্ব আমার কাছে অনেক।” সিনারের প্রশংসা করেছেন আলকারাজ়। খেলা শেষে স্পেনের তারকা বলেন, “সিনার দুর্দান্ত খেলেছে। ও যে ভাবে এগোচ্ছে তা অসাধারণ। ওর বিরুদ্ধে খেলতে ভাল লাগে। ওকে এই জয়ের জন্য শুভেচ্ছা।”
চলতি বছর তৃতীয় ট্রফি জিতলেন সিনার। এর আগে ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামি ওপেন জিতেছেন তিনি। বছরের প্রথম তিনটি মাস্টার্স জেতার নজিরে নোভাক জোকোভিচকে ছুঁয়েছেন তিনি। ২০১৫ সালে নোভাকও প্রথম তিনটি মাস্টার্স জিতেছিলেন।