ছবি: সংগৃহীত।
ছাতা দিয়ে কয়েক বার টোকা মেরেছিল এক নাবালক। আর তাতেই ফাটল ধরে গেল আস্ত এক সেতুতে! চিনের বিখ্যাত কাচনির্মিত সেতুটি কয়েকটি টোকাতেই ক্ষতিগ্রস্ত হওয়ার খবর সংবাদমাধ্যমে প্রকাশ্যে এসেছে। সংবাদ প্রতিবেদন অনুসারে, অন্যতম বিখ্যাত একটি পর্যটনকেন্দ্রের ঝুলন্ত সেতুটিতে চিড় ধরে যায়। এক কিশোরের বিরুদ্ধে শুধুমাত্র একটি ছাতা ব্যবহার করে এর একটি কাচের প্যানেল ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ২০ জুন হেনান প্রদেশের বাওকুয়ান ক্লিফ ওয়ার্ল্ড সিনিক নামের এলাকায় ঘটেছে।
এই পর্যটনকেন্দ্রটি প্রাকৃতিক সৌন্দর্য, উন্নত পরিকাঠামো, পর্যটক পরিষেবা এবং সংরক্ষণ ব্যবস্থার উৎকর্ষের জন্য অন্যতম শীর্ষ পর্যটন গন্তব্য হিসাবে স্বীকৃত। এটি চিনের সরকারি পর্যটন মূল্যায়ন ব্যবস্থায় সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত একটি জাতীয় পর্যটনকেন্দ্র। অভিযোগ, এখানে বেড়াতে এসে এক কিশোর তার ছাতার সুচলো প্রান্ত দিয়ে কাচের মেঝেয় বেশ কয়েক বার খোঁচা দেওয়ায় একটি প্যানেলে ফাটল ধরে। বিষয়টি নজরে পড়তেই নিরাপত্তারক্ষীরা ব্যবস্থা নেন। ফাটলটি দেখার পর তা পর্যটকদের আতঙ্কিত করেছিল। হইচই শুরু হয়ে যায় পর্যটকদের মধ্যে। কর্মীরা সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে কয়েক মিনিটের মধ্যেই এলাকা খালি করে দেন। সৌভাগ্যবশত, কেউ আহত হননি।
চিনে এই ধরনের ঘটনা প্রায় অবিশ্বাস্য বলে মনে করছেন অনেকেই। কারণ এই সেতুটি প্রতি দিন হাজার হাজার দর্শনার্থীর ওজন সামলানোর জন্য বিশেষ ভাবে নকশা করা হয়েছে। পর্যবেক্ষণ ডেকটি ত্রিস্তরীয় সুরক্ষা আবরণ দিয়ে তৈরি। সেখানে একাধিক স্তর একসঙ্গে শক্তি এবং সুরক্ষা দেয়। পর্যটন এলাকাটির মুখপাত্রের জানিয়েছেন, ছাতাটি কেবল একটি কাচের প্যানেলের উপরের সুরক্ষা স্তরটিতে ফাটল ধরিয়েছে।