viral video

মেট্রোয় হাত-পা ছুড়ে, মাথা ঠুকে চলল তরুণের ‘পোল ড্যান্স’! উদ্ভট নাচ দেখে আতঙ্কিত যাত্রীরা, ভাইরাল ভিডিয়ো

দিল্লি মেট্রোয় উঠে উদ্ভট ভঙ্গিতে নাচতে শুরু করলেন এক তরুণ। সেই দৃশ্যে দেখে থতমত খেলেন যাত্রীরা। খেপা ষাঁড়ের মতো দৌড়ে এসে কামরার র়ড ধরে মাথা ঠুকতে শুরু করেন তরুণ। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১২:১০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ফাঁকা মেট্রোয় উঠে আসন পেয়ে বসে যাত্রীরা ভাবলেন শান্তিতে সফর করবেন। হঠাৎ করেই প্রায় ফাঁকা মেট্রো কামরায় ছুটে এসে অদ্ভুত ভাবে মাথা ঝাঁকিয়ে নাচতে আরম্ভ করলেন এক তরুণ। এমনই দৃশ্যের সাক্ষী থাকলেন দিল্লি মেট্রোর যাত্রীরা। এই ধরনের কিম্ভূত ঘটনার জেরে বার বারই খবরের শিরোনামে এসেছে দিল্লি মেট্রো। মেট্রোর কামরার মধ্যে তরুণের দাপাদাপি ও নাচের ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মোটামুটি ফাঁকা একটি মেট্রোর কামরায় কিছু যাত্রী বসে রয়েছেন। কয়েক জন ছড়িয়ে-ছিটিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আচমকাই জিন্‌স ও জামা পরা, কানে হেডফোন গোঁজা এক তরুণ খেপা ষাঁড়ের মতো দৌড়ে এসে কামরার র়ড ধরে মাথা ঠুকতে শুরু করেন। তাঁর এই কাণ্ড দেখে হকচকিয়ে যান অন্যান্য যাত্রীরা। ভিডিয়োয় দেখা গিয়েছে, ‘তেরি দিওয়ানি’ গানটির তালে অদ্ভুত ভাবে নাচতে শুরু করেন তরুণ। কখনও মেঝেতে শুয়ে পড়ে, কখনও মেট্রোর হ্যান্ডেল ধরে মাথা ঠুকতে থাকেন তিনি। তাঁর এই কাণ্ড দেখে আসনে বসে থাকা এক যাত্রী ভয় পেয়ে যান। তরুণের লম্ফঝম্ফ দেখে আসন ছেড়ে উঠে তিনি দূরে সরে যান। উল্টো দিকে বসে থাকা এক যাত্রীও কার্যত বিরক্ত মুখে উঠে দাঁড়িয়ে সরে যান। এক দম্পতি ট্রলি নিয়ে তরুণের থেকে দূরে সরে যান। বাকি যাত্রীদের অনেকেই তরুণের উদ্ভট নাচ দেখে হাসি চেপে রাখতে পারেননি।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘বিটিডব্লিউ_স্বস্তিক_০২’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। যদিও জনসমক্ষে নিজের আচরণ নিয়ে কোনও ভ্রুক্ষেপই ছিল না তরুণের। মনের আনন্দে নেচে চলছিলেন তিনি। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে। এক জন লিখেছেন, ‘‘তরুণকে দেখে মনে হচ্ছে বোলতার কামড় খেয়েছেন।’’ দ্বিতীয় নেটাগরিক লিখেছেন, ‘‘কেউ দয়া করে একে হাসপাতালে নিয়ে যান।’’ আরও এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘এই ধরনের লোককে মেট্রো থেকে নিষিদ্ধ করা উচিত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement