পায়ে হেঁটে নয়, জিমন্যাস্টিকের কায়দায় সেতু পার হলেন এক তরুণ। কসরত করে একটি নাতিদীর্ঘ সেতু এ পার-ও পার করলেন তিনি। প্রথমে ঝুলে, তার পর লাফিয়ে সেতুটি পার হওয়ার উপায় বেছে নিলেন ওই তরুণ। সেতুর উপর দিয়ে না হেঁটে নীচের লোহার কাঠামো ধরে পারাপার করলেন তিনি। অদ্ভুত সেই দৃশ্যটির একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটি কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে সেই তথ্য পাওয়া যায়নি ভিডিয়োয়। এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ব্যক্তি কাঁধে ব্যাগ নিয়ে সেতুর উপর দিয়ে হেঁটে না গিয়ে, এর নীচ দিয়ে লাফিয়ে পার হচ্ছেন। নীচ দিয়ে বয়ে যাচ্ছে অগভীর এক জলধারা। ভিডিয়োয় ধরা পড়েছে, তরুণ সেতুর নীচে রাখা স্তম্ভ ও খুঁটি ধরে ঝুলে ঝুলে সেতুটি পার হচ্ছেন। কাজটি দেখে অদ্ভুত লাগলেও মোটেও ততটা সহজ নয়। যে কোনও স্তম্ভ বা খুঁটি ধরে ঝুলে ঝুলে সামনে এগিয়ে যাওয়ার কাজটি করার জন্য যথেষ্ট শারীরিক শক্তি ও সক্ষমতা প্রয়োজন। এই কাজ সবাই করতে পারে না। ভিডিয়োয় এটা স্পষ্ট যে, তরুণের শারীরিক সক্ষমতা সত্যিই অসাধারণ। তিনি শুধু এক বার সেতু পার হননি। বরং একই ভঙ্গিতে তাঁকে সেতু ধরে ঝুলে ফিরে আসতেও দেখা গিয়েছে ভিডিয়োয়। সেতুর নীচে থাকা লোকজন তাঁকে উৎসাহ দিতে থাকেন। উপস্থিত অনেকেই এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করে রাখেন। সেই ভিডিয়োই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘ইয়োরটাইট’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর ৩৪ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। তরুণের শারীরিক ক্ষমতার পরিচয় পেয়ে বাহবা দিয়েছেন নেটাগরিকেরা। প্রচুর মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন ভিডিয়োয়। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ইনি মানুষ নন, ‘এপম্যান’।’’