ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
ভিন্দেশে গিয়ে দেশের মাথা হেঁট করলেন এক ভারতীয়। জাপানে বেড়াতে গিয়ে একটি স্মারক (স্যুভেনির) বিক্রির দোকানে গিয়ে মূল্যবান সংগ্রহ চুরি করার অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। ধরা পড়তেই সেই জিনিসটির দাম দিয়ে দুষ্কর্মটি ঢাকা দেওয়ার চেষ্টা করেন তিনি। ভারতীয় তরুণীর সেই প্রস্তাবের উত্তরে সংগ্রহশালাটির মালিক আইনি ব্যবস্থা নেন। বিষয়টি এক বিনিয়োগ উপদেষ্টা সমাজমাধ্যমে প্রকাশ্য আনতেই এই নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, পোস্টদাতা দাবি করেছেন, তিনি একটি দলের সঙ্গে জাপান ভ্রমণে গিয়েছিলেন। সেই দলে ছিল অভিযুক্ত মহিলা। পর্যটকদের ভিড়ে গমগম করা স্মারকের দোকানগুলির একটি থেকে জিনিস চুরি করার সময় বমাল ধরা পড়েন তিনি। বিক্রেতা তাঁকে বাধা দেওয়ার আগে পর্যন্ত তাঁর সহযাত্রীরা এই বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না বলেই পোস্টে জানা গিয়েছে। তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হলে সঙ্গে সঙ্গে তিনি জিনিসগুলির দাম পরিশোধ করার কথা বলতে থাকেন। তবে সেই প্রস্তাবে কান না দিয়ে দোকানমালিক পুলিশকে খবর দেন। এর পর ট্যুর ম্যানেজার তরুণীকে সঙ্গে নিয়ে স্থানীয় একটি থানায় যান।
জাপানি স্মারক বিক্রেতা এই ঘটনায় অত্যন্ত বিরক্ত। তিনি জানিয়েছেন তাঁরা একটি অত্যন্ত আস্থাশীল সমাজে বাস করেন। সেখানে চুরির ঘটনা বিরল। ভারতকে অত্যন্ত সম্মান করেন জাপানিরা। তিনি জানান, চুরির চেয়েও যে বিষয়টি তাঁকে বেশি ক্ষুব্ধ করেছে তা হল ধরা পড়ার পর তরুণীর টাকা দেওয়ার প্রস্তাব। অর্থের বিনিময়ে চুরির মামলা মীমাংসার প্রচেষ্টাকে অত্যন্ত নেতিবাচক ভাবে দেখা হয় জাপানে। তিনি আরও অভিযোগ করেন যে, থানায় থাকাকালীনও ওই তরুণী দ্বিতীয় বার অর্থ দিয়ে মিটমাট করার চেষ্টা করেন। পোস্টদাতা জানিয়েছেন, কর্তৃপক্ষ অবশেষে ভারতীয় তরুণীকে কেবলমাত্র সতর্ক করে ছেড়ে দেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ না আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের প্রতি সম্মান দেখিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।