iphone17

নববর্ষে আইফোন ১৭ প্রো ম্যাক্স ‘উপহার’ দিল সংস্থা, বাড়ি ফিরে স্ত্রীর সামনে প্যাকেট খুলতেই লজ্জায় পড়লেন তরুণ

নববর্ষ উপলক্ষে সংস্থা থেকে একটি ১,৪৫০ ডলার বা ১ লক্ষ ৩১ হাজার টাকা দামের আইফোন জিতেছেন বলে জানতে পারেন তরুণ। অফিসের পার্টিতে পুরস্কার পেয়ে বাড়ি ফিরে প্যাকেট খুলতেই হতবাক হয়ে যান তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩১
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

অফিসে বর্ষশেষের পার্টির চমক বদলে গেল হতাশায়। বড়সড় পুরস্কার লাভের আশা করে শেষমেশ স্ত্রীর কাছে লজ্জায় পড়তে হল এক তরুণকে। সংস্থার বর্ষশেষের পার্টিতে তাঁকে ‘গ্র্যান্ড প্রাইজ়’ বিজয়ী হিসাবে ঘোষণা করা হয়েছিল। পুরস্কারটি ছিল আইফোনের সাম্প্রতিকতম সংস্করণ। আইফোন ১৭ প্রো ম্যাক্স। পুরস্কার পেয়ে বাড়িতে এসে প্যাকেট খুলতেই হতবাক হয়ে যান তরুণ। ঘটনাটি চিনের, ১৭ ফেব্রুয়ারির।

Advertisement

সম্প্রতি চিনা সমাজমাধ্যম ‘ওয়েইবোতে’ একটি ভিডিয়ো পোস্ট করেছেন জিয়াং জিয়াং নামের ওই তরুণ। তিনি জানিয়েছেন, সংস্থার প্রধান সর্বসমক্ষে তাঁর হাতে একটি সুদৃশ্য ব্যাগ ধরিয়ে দিয়েছিলেন। তাঁকে বলা হয়েছিল, চিনা নববর্ষ উপলক্ষে ১,৪৫০ ডলার বা ১ লক্ষ ৩১ হাজার টাকা দামের আইফোন পুরস্কার পাচ্ছেন তিনি। সুন্দর ভাবে প্যাক করা বাক্স এবং ব্র্যান্ডেড শপিং ব্যাগ। তার ভিতরে ফোন কেনার রসিদও মজুত ছিল। ফলে তরুণের মনে কোনও সন্দেহ জাগেনি। অনুষ্ঠানে উপস্থিত অনেকের মতো, জিয়াংও বিশ্বাস করেছিলেন যে তিনি সত্যিই দামি ফোনটি জিতেছেন। তিনি তখনই বাক্সটি না খুলে বাড়ি গিয়ে স্ত্রীকে সুসংবাদ দিয়ে অবাক করার পরিকল্পনা করেছিলেন। তবে সেই আনন্দ বেশি ক্ষণ স্থায়ী হয়নি।

জিয়াং বাক্সটি খোলার পর দেখেন ভিতরে আইফোনের চিহ্নমাত্র নেই। পরিবর্তে, দু’টি চকোলেট, তিনটি ললিপপ এবং কয়েকটি টাইলস ছিল। দৃশ্যটি দেখে ভেঙে পড়েন তরুণ। পোস্টে জিয়াং লিখেছেন, ‘‘ফোন পাওয়ার খবরে ভেবেছিলাম ২০২৬ সালের শুরুটি আমার জন্য সৌভাগ্য বয়ে এনেছে।’’

Advertisement

প্রাথমিক ভাবে কিছু নেটাগরিকের মনে হয়েছিল যে, অনুষ্ঠানের পরে কেউ হয়তো আসল ফোনটি সস্তা জিনিসপত্র দিয়ে বদলে দিয়েছেন। কিন্তু জিয়াং পরে স্পষ্ট করে জানান যে, তিনি যে হাসপাতালে কাজ করেন, সেখানে কোনও ফোন কেনার অনুমোদন দেওয়া হয়নি। চিনা তরুণের মতে, এই রসিকতাটি তাঁর টিম ম্যানেজারের পরিকল্পনায় হয়েছিল। তিনি আরও জানান, পার্টিতে দ্বিতীয় পুরস্কার যিনি লাভ করেছিলেন তাঁর ভাগ্যে জুটেছিল একটি বালিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement