Viral Video

পোষ্যকে নিয়ে হাঁটা নিষিদ্ধ! তরুণের ফোন ছুড়ে মারধর বহুতলের প্রবীণ নাগরিকদের, ভিডিয়ো ভাইরাল

এক তরুণ তাঁর পোষ্য কুকুরকে নিয়ে হাঁটাহাঁটি করছেন। সেখানে শরীরচর্চা করছিলেন কয়েক জন প্রবীণ নাগরিক। তরুণকে দেখে দৌড়ে গেলেন সকলে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৩:২২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বহুতলের একটি ফ্ল্যাটের বাসিন্দা তরুণ। তাঁর সঙ্গী একটি পোষ্য কুকুর। অবসরে পোষ্যকে নিয়ে বহুতলের নীচে হাঁটাহাঁটি করতে বেরিয়েছিলেন তিনি। তা দেখে বেজায় চটে যান বহুতলের প্রবীণ নাগরিকেরা। তরুণের ফোন ছুড়ে ফেলে তাঁকে মারধর করতে শুরু করে দেন সকলে মিলে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘পেট অ্যাডপশন ব্যাঙ্গালোর’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ তাঁর পোষ্য কুকুরকে নিয়ে হাঁটাহাঁটি করছেন। সেখানে শরীরচর্চা করছিলেন কয়েক জন প্রবীণ নাগরিক। তরুণকে দেখে দৌড়ে যান সকলে। ঘটনাটি ক্যামেরাবন্দি করতে তরুণ তাঁর ফোন বার করেছিলেন। কিন্তু তাঁর ফোনটি ছুড়ে ফেলে দেন এক ব্যক্তি। সকলে মিলে তরুণকে মারধর করতে শুরু করেন। মার খেতে খেতে ভার সামলাতে না পেরে নীচে পড়ে যান তিনি। এক প্রৌঢ়াও পড়ে যান মাটিতে।

সেই পরিস্থিতিতেও তরুণকে মারতে থাকেন প্রবীণ নাগরিকেরা। সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তরুণ। এই ঘটনাটি বেঙ্গালুরুর ভার্থুর এলাকার একটি আবাসনে ঘটেছে। তরুণের নাম তরুণ অরোরা। তরুণের দাবি, তিনি পোষ্য কুকুরকে নিয়ে হাঁটছিলেন দেখে আবাসনের কয়েক জন প্রবীণ নাগরিক তাঁকে শারীরিক ভাবে হেনস্থা করেছেন। কিন্তু তরুণের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন ওই আবাসনের এক প্রৌঢ়া।

Advertisement

তাঁর অভিযোগ, আবাসনে একটি নির্দিষ্ট জায়গা রয়েছে যেখানে প্রবীণ নাগরিকেরা হাঁটাহাঁটি করেন, শরীরচর্চা করেন। প্রবীণ নাগরিকদের সময় কাটানোর জন্য আলাদা ভাবে জায়গাটি ঘিরে দেওয়া হয়েছে। সেখানে পোষ্যকে নিয়ে ঢুকে পড়েছিলেন তরুণ। তাঁর পোষ্যকে সেখানে মূত্রত্যাগের নির্দেশও নাকি দিচ্ছিলেন তিনি। তা দেখেই ঘটনাস্থলে উপস্থিত কয়েক জন প্রবীণ নাগরিক আপত্তি জানান।

তরুণ নাকি সেই অবস্থায় সকলকে হুমকি দিয়ে বলেছিলেন, ‘‘আপনাদের যাঁদের ছেলেমেয়েরা বিদেশে থাকেন, তাঁদের সকলকে এ বার দেখে নেব।’’ পুলিশ জানিয়েছে, দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। দোষীর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলেও আশ্বাস দিয়েছে বেঙ্গালুরু পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement