Viral Video

৭০০ কেজির ‘ট্রাম্প’, ৭৫০ কেজির ‘নেতানিয়াহু’, বাংলাদেশে চর্চায় দুই ‘বিশ্বনেতা সদৃশ’ মহিষ! ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যম ‘দি ইন্ডিপেন্ডেন্ট’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, মহিষ দু’টির মধ্যে একটির ওজন প্রায় ৭০০ কিলোগ্রাম। মহিষটির ফ্যাকাশে চামড়া এবং হালকা হলুদ রঙের চুলের জন্য অনেকেই তার সঙ্গে মিল পেয়েছেন মার্কিন প্রেসিডেন্টের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১১:২৭
Share:

ছবি: সংগৃহীত।

ইদ উল-আদহার প্রস্তুতি নিচ্ছে বিশ্ব। সেই আবহে বাংলাদেশের দু’টি ‘বিখ্যাত’ মহিষ বিশ্ব জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয়দের বিশ্বাস, বিরাট আকারের ওই মহিষ দু’টি আন্তর্জাতিক স্তরের দুই রাজনৈতিক ব্যক্তিত্বের মতো দেখতে। আর ওই দুই রাজনৈতিক নেতা হলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজ়রায়েলের প্রশানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফলে ঢাকার কাছে আলাদা আলাদা খামারে থাকা মহিষ দু’টিকে দেখতে এবং তাদের সঙ্গে নিজস্বী তুলতে দু’বেলা ভিড় করছেন সাধারণ জনগণ। ওই মহিষ দু’টির একাধিক ছবি এবং ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেগুলি। যদিও সেই ছবি এবং ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যম ‘দি ইন্ডিপেন্ডেন্ট’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, মহিষ দু’টির মধ্যে একটির ওজন প্রায় ৭০০ কিলোগ্রাম। মহিষটির ফ্যাকাশে চামড়া এবং হালকা হলুদ রঙের চুলের জন্য অনেকেই তার সঙ্গে মিল পেয়েছেন মার্কিন প্রেসিডেন্টের। তার নামও দেওয়া হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুযায়ী, একজন দর্শনার্থী রসিকতা করে বলেছেন যে, ‘‘মহিষটি দেখতে ট্রাম্পের মতো হলেও এর স্বভাব অনেক বেশি শান্ত এবং নম্র।’’

মহিষটির মালিক জিয়াউদ্দিন মৃধা ‘দি বিজনেস স্ট্যান্ডার্ড’কে জানিয়েছেন, মহিষটির অস্বাভাবিক রূপ দেখে তাঁর ছোট ভাই প্রথম মার্কিন প্রেসিডেন্টের নামে প্রাণীটির নাম দেন। তিনি আরও জানিয়েছেন, মহিষটি অ্যালবিনো প্রজাতির। উত্ত্যক্ত না করা হলে প্রাণীটি সাধারণত শান্তই থাকে। ইদের উৎসবের আগেই প্রাণীটি বিক্রি হয়ে গিয়েছে বলে খবর।

Advertisement

অন্য দিকে, ইজ়রায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নামে নামকরণ করা আরও একটি মহিষ নারায়ণগঞ্জে ভাইরাল হয়েছে। ‘ট্রাম্পের’ মতো এর স্বভাব শান্ত নয়। ওই প্রাণীটির মেজাজ নাকি অনেক বেশি আক্রমণাত্মক। ৭৫০ কিলোগ্রামের বেশি ওজনের ওই মহিষটি প্রায়শই দর্শকদের দিকে তেড়ে যায় বলে জানা গিয়েছে।

ইদের আগে বাংলাদেশে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মহিষ দু’টি। প্রাণীগুলোর ছবি তোলার জন্য খামারগুলিতে ভিড় জমাচ্ছেন অনেকে। ‘নোটিসিয়াস পারালেলাস’ নামের এক্স হ্যান্ডল থেকে ট্রাম্পের সঙ্গে সদৃশ মহিষটির ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। মহিষ দু’টিকে দুই বিশ্বনেতার সঙ্গে তুলনা করা উচিত হয়নি বলেও মনে করছেন নেটাগরিকদের একাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement