Viral Video

৫৩ ডিগ্রি সেলসিয়াসের মরণফাঁদ! খেলতে খেলতে গাড়ির ভিতর আটকে গেল দুই বোন, মৃত্যু প্রচণ্ড গরমে, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানের আলওয়ারের খুদানপুরী গ্রামে খেলার সময় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ভিতরে আটকে পড়ে দুই বোন লক্ষ্মী এবং টিনা। লক্ষ্মীর বয়স পাঁচ এবং টিনার আট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৬ ০৯:৩৯
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

গাড়ির ভিতর আটকে পড়েছিল দুই বোন। প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে গাড়ির মধ্যেই মৃত্যু হল দু’জনের! হৃদয়বিদারক সেই ঘটনাটি ঘটেছে রাজস্থানে আলওয়ারে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানের আলওয়ারের খুদানপুরী গ্রামে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ভিতরে খেলার সময় দুর্ঘটনাবশত আটকে পড়ে দুই বোন লক্ষ্মী এবং টিনা। লক্ষ্মীর বয়স পাঁচ এবং টিনার আট। অনেক চেষ্টা করেও গাড়ির দরজা খুলতে পারেনি দুই খুদে। অন্য দিকে, গ্রীষ্মের প্রচণ্ড গরমে গাড়ির ভিতরের তাপমাত্রা বেড়ে যাওয়ায় সেটি একটি তাপকক্ষে পরিণত হয়েছিল। সেই গরম সহ্য করতে না পেরে দু’জনেই শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছে বলে খবর। জানা গিয়েছে, তাদের মৃত্যুর সময় গাড়ির ভিতরের তাপমাত্রা ৫৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। অসহায় শিশুরা নিজেদের রক্ষা করার জন্য কিছুই করতে পারেনি।

জানা গিয়েছে, মৃত দুই নাবালিকার মা চার বছর আগে মারা গিয়েছেন। বাবা ছিল দুই বোনের একমাত্র অবলম্বন। ঘটনাটি যখন ঘটে যখন তাদের বাড়িতে রেখে কাজে গিয়েছিলেন বাবা। তিনি বাড়ি ফিরে এসে দেখেন যে মেয়েরা নিখোঁজ। শুরু হয় দুই বোনের খোঁজ। অবশেষে ওই গাড়ির ভিতর থেকে দুই কন্যাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

Advertisement

জানা গিয়েছে, প্রায় ৩০ মিনিট ধরে যন্ত্রণা ভোগ করতে হয়েছিল লক্ষ্মী এবং টিনাকে। ঘটনাটি একটি গ্যারেজের কাছে ঘটে, যেখানে ত্রুটিপূর্ণ ওই গাড়িটি দাঁড় করানো ছিল। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করছে পুলিশ। ওই ঘটনা সংক্রান্ত একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘হাইওয়ে হিরোস অফ ইন্ডিয়া’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই দুই বোনের করুণ পরিণতির কথা ভেবে দুঃখও প্রকাশ করেছেন অনেকে। অনেকে আবার বাবা-মায়েদের আরও সাবধানী হওয়ার পরামর্শ দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement