Viral Video

গুটি গুটি এগোল বাঘ, নিঃশব্দে বসল শিকারের পিছনে, জলে দৈত্যাকার প্রাণী নড়ে উঠতেই চমকাল শিকারি! তার পর?

শিকারের সঙ্গে শিকারির দেখা হওয়ার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। দেখা যদিও সেই অর্থে হয়নি। কারণ শিকার বুঝতে পারেনি যে তার পিছনে শিকারি এসে বসে রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১৬:২৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বন্যজীবন পুরোটাই নির্ভর করে যোগ্যতার উপর। যে লড়াইয়ে জিতে যায়, সে বেঁচে যায়। যে টিকতে পারে না, সে খাদ্যে পরিণত হয়। এ ভাবেই এগিয়ে চলে খাদ্যচক্র এবং বাস্তুতন্ত্র। তেমনই এক শিকারের সঙ্গে শিকারির দেখা হওয়ার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। দেখা যদিও সেই অর্থে হয়নি। কারণ শিকার বুঝতে পারেনি যে তার পিছনে শিকারি এসে বসে রয়েছে। উত্তরপ্রদেশের দুধওয়া জাতীয় উদ্যানে দেখা গিয়েছে এই বিরল দৃশ্য। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জলাশয়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছে একটি গন্ডার। মনের সুখে জলের মধ্যে খাবার খুঁজে চলেছে সে। মুখ নীচু করে জলের পানেই চেয়ে রয়েছে বিশালাকার সেই প্রাণী। সেই সুযোগে পিছু নিল এক বাঘ। গুটি গুটি পায়ে হিংস্র চতুষ্পদটি এগিয়ে যেতে থাকল গন্ডারটির দিকে। তার পর চুপটি করে বসে রইল। দৈত্যাকার প্রাণীটি সে সব টেরও পেল না। কিন্তু গন্ডারটি নড়ে উঠতেই ভয় পেল বাঘমামা। বাঘটি তৎক্ষণাৎ অত্যন্ত সর্ন্তপণে সেখান থেকে উঠে পিছিয়ে যেতে লাগল। তার পর জলাশয়ের পাড়ে থাকা ঘাসের মধ্যে চুপ করে বসে রইল বাঘটি। হয়তো বাঘটি গন্ডারটিকে দেখে ভাবল যে তার সঙ্গে সে পেরে উঠবে না তাই মত বদলাল। বন্য জীবনের সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

আইএএস অফিসার সঞ্জয় কুমার তাঁর নিজের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করেছেন। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ৫২ হাজারেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘গন্ডার শিকার করতে না গিয়ে বাঘটি বুদ্ধিমানের কাজ করেছে, দৈত্যাকার প্রাণীর সঙ্গে সে পেরে উঠত না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement