Viral Video

এক টাকায় জামা! বিজ্ঞাপন দেখে মলে জনজোয়ার, ভিড় দেখে ভয়ে দোকানের শাটারই তুলল না সংস্থা! ভাইরাল ভিডিয়ো

এক টাকায় পোশাক কেনার জন্য ঠিক কতটা ভিড় হতে পারে তা সংস্থা আন্দাজ করতে পারেনি। এর ফলে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। শপিং মলে সেই সংস্থার দোকানের সামনের জায়গায় দেখা যায় মানুষের ঢল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১৪:২৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সেল মানেই ক্রেতার ভিড়। সেই সময় জামাকাপড় থেকে শুরু করে বহু জিনিসই বেশ কম দামে পাওয়া যায়। মুম্বইয়ের মালাডে ইনফিনিটি শপিং মলে এক নামী সংস্থার জামাকাপড় এক টাকায় পাওয়া যাচ্ছিল। সেই সংস্থা সমাজমাধ্যমে পোস্ট করে তা জানিয়েওছিল। কিন্তু এক টাকায় পোশাক কেনার জন্য ঠিক কতটা ভিড় হতে পারে, তা সংস্থা আন্দাজ করতে পারেনি। এর ফলে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। শপিং মলে সেই সংস্থার দোকানের সামনে দেখা যায় মানুষের ঢল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দোকানের বাইরে অজস্র মানুষের ভিড় দেখে ভয় পেয়ে যান সেই দোকানের কর্মীরা। তাঁরা দোকানের শাটার তোলারই সাহস করে উঠতে পারেন না। ফলত দোকানের সামনের ভিড় আরও বাড়তে থাকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছোয়। পুলিশের তত্ত্বাবধানে ভিড় নিয়ন্ত্রণে আনা হয়। দোকানের কর্মীরা মাইকে প্রচার করে জানান যে সে দিনের মতো দোকান আর খোলা হবে না। গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলেও জানান তাঁরা। পুলিশ সূত্রে খবর, এর পর ভিড় ধীরে ধীরে হালকা হওয়া শুরু করে। এই ঘটনায় কেউ আহত হননি বলেও জানিয়েছে পুলিশ। পরবর্তীকালে সেই সংস্থা নিজেদের সমাজমাধ্যমে পোস্ট করে জানায় যে, এক টাকায় পোশাক পাওয়ার বিষয়টি তারা বন্ধ করে দিচ্ছে। গ্রাহকদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে সংস্থার পোস্টে জানানো হয়েছে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, শপিং মলে নির্দিষ্ট একটি জায়গায় থিক থিক করছে লোকজন। যত দূর চোখ যাচ্ছে, কেবল মানুষের মাথাই দেখা যাচ্ছে। একটি দোকানের সামনে ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। কিন্তু সেই দোকানের শাটার খোলা নেই। তা বন্ধ করে রাখা হয়েছে। তা সত্ত্বেও মানুষজন সেখান থেকে নড়ছেন না। সকলে সেখানেই দাঁড়িয়ে রয়েছেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

Advertisement

‘অতুলজেএমডি১২৩’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যেই প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। কিছু নেটাগরিক অগ্রিম ব্যবস্থা না নিয়ে সেল চালু করার জন্য সংস্থাটিকে দোষারোপ করেছেন। অনেকে আবার এক টাকায় জামা পাওয়া যাবে শুনেই মানুষজনের ছুটে যাওয়ার বিষয়টি নিয়ে মজা করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement