viral video

রং ও আবিরের সঙ্গে উড়ে এল পাথর! দোল উদ্‌যাপন করতে এসে চোখে মারাত্মক আঘাত পেলেন বিদেশিনি

অস্ট্রিয়া থেকে বৃন্দাবনে দোল উৎসব উদ্‌যাপন করতে আসেন তরুণী। কিন্তু উৎসবের আনন্দ বেদনাদায়ক হয়ে ওঠে। তাঁর দিকে ছোড়া রঙের ভেতর মিশেছিল কুচো পাথর। তার ফলে কয়েক ঘণ্টা ধরে চোখে জ্বালাপোড়া ভাব এবং দৃষ্টি ঝাপসা হয়ে গিয়েছিল তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৬:৫৮
Share:

ছবি: সংগৃহীত।

ভারতে হোলির আনন্দ উদ্‌যাপন করতে গিয়ে বিপদে পড়লেন এক অস্ট্রিয়ান পর্যটক। বৃন্দাবনের হোলি উৎসব প্রত্যক্ষ করতে আসা ভ্রমণার্থীর চোখে ভুল করে পাথরমিশ্রিত আবির বা রং ছুড়ে মারা হয় বলে অভিযোগ। ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিয়োয় অস্ট্রিয়া থেকে আসা তরুণী তাঁর অভিজ্ঞতা বর্ণনা করেছেন। বৃন্দাবনে তাঁর হোলির উৎসবের অভিজ্ঞতাকে অবিস্মরণীয় বলে বর্ণনা করলেও সেটি পুরোপুরি ইতিবাচক নয় বলে জানান তিনি। তাঁর এই ভিডিয়োটি সমাজমাধ্যমে প্রকাশিত হতেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

বিদেশিনি ব্রিটা শ্লাগবাউয়ার ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োয় বলতে শোনা গিয়েছে, বৃন্দাবনে তাঁর হোলি উদ্‌যাপন বেদনাদায়ক হয়ে ওঠে। তাঁর দিকে ছোড়া রঙের ভেতর মিশেছিল কুচো পাথর। এর ফলে কয়েক ঘণ্টা ধরে চোখে জ্বালাপোড়া ভাব এবং দৃষ্টি ঝাপসা হয়ে গিয়েছিল ব্রিটার। ভিডিয়োয় তাঁকে এক চোখে কাপড়ের পটি বাঁধা অবস্থায় দেখা গিয়েছে। তিনি জানান, হোলির দিন সকালে বন্ধুদের সঙ্গে মন্দির শহরটি ঘুরে দেখার সময় তাঁর কাছে শহরের পরিবেশ অত্যন্ত প্রাণবন্ত মনে হয়েছিল। সকলে আবির নিয়ে একে অপরকে মাখাতে ব্যস্ত হয়েছিলেন। তিনিও শহরবাসীর মতো হোলির আনন্দে মেতে ওঠেন। ঘুরতে ঘুরতে তিনি কিছু কেনাকাটা করেন, ভাঙের শরবত খান, তার পর সকলের সঙ্গে বসে খাওয়াদাওয়া সারেন।

এর পরই জনাকীর্ণ রাস্তার রঙের উৎসব উদ্‌যাপনের সময় হঠাৎ করেই মেজাজ বদলে যায় জনতার, এমনটাই জানিয়েছেন ব্রিটা। মানুষজন ভিড় রাস্তায় প্রায় প্রতি সেকেন্ডে মুঠি ভরে রং ছুড়ে মারছিলেন। তরুণীর অভিযোগ, কেউ ভুল করে মাটি থেকে ছোট ছোট পাথর মেশানো রঙের গুঁড়ো তুলে সরাসরি তাঁর মুখে ছুড়ে মারেন। ব্যথায় চিৎকার করে ওঠেন তিনি। বার বার চোখ ধোয়ার পরও সমস্যা দূর হয়নি। এখনও দৃষ্টি ঝাপসা। ভিডিয়োটি ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর কী ভাবে নিরাপদে রঙের উৎসব উপভোগ করা উচিত সে সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। বেশ কয়েক জন নেটাগরিক পরামর্শ দিয়েছেন বিদেশ থেকে আগত পর্যটকদের জনাকীর্ণ রাস্তায় হোলি খেলা এড়িয়ে চলাই উচিত। মন্দির বা ব্যক্তিগত স্থানে সংগঠিত উদ্‌যাপনে যোগ দেওয়াই বুদ্ধিমানের কাজ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement