ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
দু’দিকে সারি দিয়ে ডাইনোসর দাঁড়িয়ে রয়েছে। তাদের মুখ থেকে ভয়ঙ্কর শব্দ বার হচ্ছে। এক জায়গায় দাঁড়িয়ে এ দিক-সে দিক মুখ ঘোরাচ্ছে ডাইনোসরগুলি। আসলে, সব ক’টিই যন্ত্রচালিত। খেলনা ডাইনোসরের মুখের ভিতর মাথা ঢুকিয়ে ছবি তুলতে চাইছিলেন এক তরুণ। কিন্তু ছবি তুলতে গিয়ে বিপদে পড়লেন তিনি। তরুণের ঘাড়ে ‘কামড়’ বসিয়ে দিল খেলনা ডাইনোসর। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘মাস্টশেয়ারনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি যন্ত্রচালিত ডাইনোসরের মুখের ভিতর ঘাড় বেঁকিয়ে মাথা ঢুকিয়ে ফেলেছেন এক তরুণ। কিন্তু ডাইনোসরটির মুখ তাঁর গলায় চেপে বসায় আর সেখান থেকে মাথা বার করতে পারছিলেন না তিনি। পরে দু’হাত দিয়ে ডাইনোসরের মুখ ফাঁক করে মাথা বার করলেন। সম্প্রতি এই ঘটনাটি চিনের বেইহু ওয়েটল্যান্ড পার্কে ঘটেছে।
বিনোদনের জন্য সেই পার্কে বেশ কিছু যন্ত্রচালিত ডাইনোসর রাখা রয়েছে। ডাইনোসরের মুখে মাথা ঢুকিয়ে ছবি তুলতে চেয়েছিলেন তরুণ। ঘাড় বেঁকিয়ে সেখানে মাথা ঢোকাতেই বিপদে পড়লেন তিনি। ডাইনোসর যেন তরুণের ঘাড়ে ‘কামড়’ বসিয়ে ফেলে। যন্ত্রণা পাওয়ায় তাড়াতাড়ি দু’হাত দিয়ে যন্ত্রচালিত ডাইনোসরের মুখ ফাঁক করে নিজের মাথা বার করেন তরুণ।
উদ্যান কর্তৃপক্ষ সূত্রে খবর, যন্ত্রচালিত ডাইনোসরের গায়ে হাত দেওয়া নিষেধ রয়েছে। উদ্যানের বিভিন্ন জায়গায় বোর্ড টাঙিয়ে সেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবুও নিয়ম ভঙ্গ করে ডাইনোসরের মুখের ভিতর মাথা ঢুকিয়েছিলেন তরুণ। জানা গিয়েছে, গলার উপরের দিকে এবং ঘাড়ে আঘাত পেয়েছেন তিনি। ভিডিয়োটি দেখে তরুণের সমালোচনা করে এক নেটাগরিক লিখেছেন, ‘‘নিয়ম না মানার শাস্তি পেয়েছেন তরুণ। ডাইনোসর রেগে গিয়ে সত্যিই কামড় বসিয়ে দিয়েছে।’’