Viral Video

ঝগড়া মেটাতে মাঝরাস্তায় এসইউভি নিয়ে দুই বন্ধুর ‘লড়াই’! দুমড়ে, ভেঙে গেল দামি গাড়ি, ভাইরাল ভিডিয়ো

এসইউভি গাড়ি দু’টির চালক পরস্পরের বন্ধু। দুই বন্ধুর মধ্যে ঝগড়া হওয়ায় মাঝরাস্তায় গাড়িতে ধাক্কাধাক্কি করতে শুরু করেন তাঁরা। যদিও, পরস্পরের বিরুদ্ধে কেউ থানায় অভিযোগ দায়ের করেননি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১৫:০০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দুই বন্ধুর মধ্যে তুলকালাম ঝগড়া লেগেছে। সেই অশান্তি অবশ্য হাতাহাতির পর্যায়ে পৌঁছোল না। দুই বন্ধু পরস্পরকে ‘যোগ্য শাস্তি’ দিতে তাঁদের এসইউভি নিয়ে ‘লড়াইয়ের মাঠে’ নেমে পড়লেন। মাঝরাস্তায় নিজেদের গাড়িতে চেপে অন্য গাড়িকে ধাক্কা দিতে শুরু করলেন তাঁরা। দু’টি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। শেষে এক বন্ধু গাড়িতে ধাক্কা দিয়ে সেখান থেকে ধুলো উড়িয়ে চলে যান। গাড়ি থেকে নেমে চিৎকার করতে করতে সেই এসইউভির পিছনে দৌড়োতে লাগলেন অন্য বন্ধু। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ডেডলি কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মাঝরাস্তায় ধুলো উড়িয়ে দু’টি এসইউভির চালক পরস্পরের গাড়িতে ইচ্ছাকৃত ভাবে ধাক্কা দিয়ে ‘লড়াই’ করছে। গাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে পরস্পরকে ধাক্কা দিতেই ব্যস্ত। শেষে একটি গাড়ি থেকে চালক নেমে অন্য গাড়িটির পিছনে দৌড় দিলেন। এই ঘটনার ফলে দুই চালকের কারও ক্ষতি না হলেও গাড়ি দু’টি ক্ষতিগ্রস্ত হয়।

সম্প্রতি এই ঘটনাটি গুরুগ্রামের ধন্যাপুর এলাকায় ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এসইউভি গাড়ি দু’টির চালক পরস্পরের বন্ধু। দুই বন্ধুর মধ্যে ঝগড়া হওয়ায় মাঝরাস্তায় গাড়িতে ধাক্কাধাক্কি করতে শুরু করেন তাঁরা। পরে স্থানীয় থানায় দুই তরুণ এবং তাঁদের পরিবারকে ডেকে পাঠানো হয়। পরস্পরের বিরুদ্ধে কেউ থানায় অভিযোগ দায়ের করেননি। বরং, থানায় সকলের সামনে পরস্পরের কাছে ক্ষমাপ্রার্থনা করেন দুই বন্ধু। তাঁদের মধ্যে কী নিয়ে ঝগড়া লেগেছিল, সে বিষয়ে অবশ্য শেষ পর্যন্ত মুখে কুলুপ এঁটেছিলেন দুই তরুণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement