ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
যন্ত্রের ভিতর নির্দিষ্ট পরিমাণ টাকা দিলেই বেরিয়ে আসবে মুচমুচে চিপ্সের প্যাকেট, অথবা ঠান্ডা পানীয়ের বোতল। নিত্যযাত্রীরা মেট্রোয় যাতায়াতের সময় মাঝেমধ্যেই এ সব খাবার জিনিস ‘ভেন্ডিং মেশিন’ থেকে কিনে থাকেন। কিন্তু খাবারের সামগ্রীর পাশে সেখানে সাজিয়ে রাখা হয়েছে পুরুষের অন্তর্বাস। এক যাত্রী সেই দৃশ্য দেখে ঘটনাটি ক্যামেরাবন্দি করেন। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে।
‘ব্যাডি.বিল্লু’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মেট্রো স্টেশনে পাশাপাশি তিনখানা ভেন্ডিং মেশিন রাখা রয়েছে। দু’টি যন্ত্রে খাবার জিনিস থাকলেও তৃতীয় যন্ত্রে রাখা রয়েছে পুরুষের অন্তর্বাস। দিল্লির একটি মেট্রো স্টেশনে এই ঘটনাটি ঘটেছে। এক তরুণী যাত্রী ভিডিয়ো করে বলেছেন, ‘‘অন্তর্বাস কি এমন প্রয়োজনীয় জিনিস যে পুরুষ যাত্রীরা মেট্রোয় যাতায়াতের পথে ভেন্ডিং মেশিন থেকে কিনবেন?’’
ভিডিয়োটি দেখে নেটপাড়ায় হাসির রোল উঠেছে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘অন্তর্বাসের পরিবর্তে কোনও খাবারের সামগ্রী রাখা যেত। এ জিনিস কোন কাজে লাগবে নিত্যযাত্রীদের?’’ আবার এক জন মজা করে লিখেছেন, ‘‘যাঁদের হাতে দোকানে যাওয়ার মতো সময় নেই, তাঁরা এখান থেকেই কিনে নিতে পারবেন। নিত্যপ্রয়োজনীয় আরও জিনিস রাখা উচিত।’’