ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ট্রাকের পিছনে প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে আখ বোঝাই করা হয়েছে। আখের ওজনে এক দিকে হেলে পড়েছিল ট্রাকটি। কিছু দূর এক দিকে হেলে পড়ে এগোচ্ছিল ট্রাকটি। কিন্তু ওজনের চাপে নিয়ন্ত্রণ হারিয়ে মাঝরাস্তায় উল্টে পড়ল আখবোঝাই ট্রাক। রাস্তায় আখ ছড়িয়ে পড়ায় ট্রাফিকের সমস্যায় পড়লেন অনেকে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি রবিবার রাতে উত্তরপ্রদেশের আমরোহার কাছে ৯ নম্বর জাতীয় সড়কে ঘটেছে। আখবোঝাই ট্রাক নিয়ে হাইওয়ের উপর দিয়ে যাচ্ছিলেন এক চালক। আখের ওজন এত বেশি হয়ে গিয়েছিল যে, ট্রাকটি এক দিকে হেলে যায়। বিপজ্জনক ভাবে এক দিকে হেলে পড়েই কিছু দূর এগিয়ে যায় ট্রাকটি। কিন্তু পরে আর টাল সামলাতে পারেননি ট্রাকচালক। মাঝরাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি।
রাস্তায় সমস্ত আখ ছড়িয়ে যায়। ট্রাফিকের সমস্যার সম্মুখীন হন অনেকে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। অন্য একটি ট্রাক আনিয়ে সেখানে আখবোঝাই করে রাস্তা পরিষ্কার করা হয়। কিছু ক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ভিডিয়োটি দেখে আশঙ্কা প্রকাশ করেছেন নেটপাড়ার একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘গাড়িটি যখন হেলে পড়ছিল, তখনই ট্রাক থামিয়ে নেমে পড়া উচিত ছিল চালকের। তা হলে এই বিপর্যয় ঘটত না।’’