ছবি: সংগৃহীত।
ট্রেনের অপেক্ষায় স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন এক যুবক। ঘুণাক্ষরেও টের পাননি পিছনেই লুকিয়ে রয়েছে নিঃশব্দ ঘাতক! ট্রেন আসতেই পিছন থেকে ধাক্কা খান ওই যুবক। রেললাইনে পড়ে পিষে যাওয়ার হাত থেকে কোনও রকমে রক্ষা পান। ঘটনাটি ঘটেছে আমেরিকার সিয়াটলের নর্থগেট স্টেশনে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটে গত ১৯ মার্চ। ট্রেন ধরার জন্য নর্থগেট স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন পিটার মাইকেল ওয়ালব্রুন নামে এক যুবক। তাঁর ঠিক পিছনেই আড়ালে লুকিয়ে ছিলেন এলিসিয়ো মেলেনডেজ় নামে ২৬ বছর বয়সি অন্য এক যুবক। ট্রেন ঢোকার ঠিক আগের মুহূর্তে পিটারকে পিছন থেকে ধাক্কা মেরে রেললাইন ফেলে দেওয়ার চেষ্টা করেন এলিসিয়ো। কোনও রকমে টাল সামলে নেন পিটার। ট্রেনে চাপা পড়ার হাত থেকে রক্ষা পান তিনি। তার পরে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হলে অভিযুক্ত এলিসিয়ো ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে নর্থগেট ট্রেন স্টেশনে সেই ভয়াবহ হামলার পাঁচ দিন পর ২৪ মার্চ এলিসিয়োকে স্টেশনের কাছেই একটি মানসিক স্বাস্থ্যকেন্দ্র থেকে গ্রেফতার করা হয়।
আদালতের নথি অনুযায়ী, এর আগে ২০২১ সালে এলিসিয়োর বিরুদ্ধে তাঁর বোনকে ছুরি মারার অভিযোগ আনা হয়েছিল। তিনি সিজ়োফ্রেনিয়ায় আক্রান্ত হওয়ায় মামলা খারিজ করে দেওয়া হয়। পাশাপাশি তাঁকে মানসিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তির নির্দেশ দেওয়া হয়। সেই ঘটনার পাঁচ বছর পরে নর্থগেট স্টেশনে এক যাত্রীকে রেললাইনে ফেলার চেষ্টা করে আবার খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি।
নর্থগেট স্টেশনের ওই ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সিয়াটল’ নামের একটি রেডিট অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগও প্রকাশ করেছেন কেউ কেউ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এ কী কাণ্ড! এই ধরনের বিপজ্জনক মানুষ রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন কী করে! শীঘ্রই একে আবার মানসিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হোক।’’