—প্রতীকী ছবি।
ফের ‘এসআইআর-আতঙ্কে’ রাজ্যে মৃত্যুর অভিযোগ। সোমবার ওই নিয়ে শোরগোল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার পশ্চিম চণ্ডীপুর এলাকায়।
মৃতার নাম রিনারানি কুন্ডু। বয়স ৫০ বছর। পরিবার সূত্রে খবর, প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা বেরোনোর পর দেখা যায় রিনার নাম, ‘বিবেচনাধীন’। তাঁর দুই পুত্র শুভদীপ কুন্ডু এবং সৌমেন কুন্ডুর নাম বাদ (ডিলিট) গিয়েছে। ওই নিয়ে বেশ কয়েক দিন ধরে চিন্তিত ছিলেন রিনা। সোমবার সকালে বাড়িতে কেউ না-থাকার সুযোগে তিনি গলায় দড়ি দেন।
দুপুরে দুই ছেলে বাড়িতে গিয়ে দেখেন একটি ঘরের দরজা বন্ধ। মাকে অনেক বার ডাকার পরেও সাড়াশব্দ না মেলায় দরজা ভেঙে ঢুকে মাকে ঝুলন্ত অবস্থায় দেখেন দুই ভাই। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাদুড়িয়া থানার পুলিশ। তারা দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
রিনার পুত্র শুভদীপ বলেন, ‘‘আমার মায়ের নাম বিবেচনাধীন ছিল। আমার এবং আমার ভাইয়ের নাম ভোটার লিস্টে ডিলিট দেখানো হয়েছে। তার পর থেকেই মা খুব দুশ্চিন্তা করত। কান্নাকাটিও করেছে। সকালে আমি আর ভাই কাজের সূত্রে বাড়ির বাইরে ছিলাম। দুপুরে বাড়ি গিয়ে দেখি, ভিতর থেকে দরজা দেওয়া। দরজা ভেঙে দেখি আমার মা গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে।’’