West Bengal Weather Update

রাজ্য থেকে সরেছে ঘূর্ণাবর্ত! দুর্যোগ কি থামবে উত্তরে? কলকাতা-সহ দক্ষিণের পূর্বাভাসই বা কী

এ রাজ্যের বাঁকুড়া এবং ক্যানিংয়ের উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে মৌসুমি অক্ষরেখা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ১৭:৪১
Share:

চলতি সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে। ছবি: পিটিআই।

উত্তরবঙ্গ থেকে সরে গিয়েছে ঘূর্ণাবর্ত। কিন্তু সেখানে দুর্যোগ এখনই থামছে না। সপ্তাহ জুড়েই ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরের প্রায় সব জেলায়। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত ভাবে চলবে ঝড়বৃষ্টি। সেইমতো সতর্কতাও জারি করা হয়েছে।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর রবিবার বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, উত্তর-পূর্ব বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গের উপরে ছিল ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত সরে গিয়েই উত্তর-পশ্চিম বিহার এবং উত্তর-পূর্ব উত্তরপ্রদেশের উপরে অবস্থান করছে। দোসর মৌসুমি অক্ষরেখা। এ রাজ্যের বাঁকুড়া এবং ক্যানিংয়ের উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে মৌসুমি অক্ষরেখা। এই দুইয়ের প্রভাবে রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস রয়েছে। জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় সতর্কতা জারি করা না হলেও চলবে ঝড়বৃষ্টি। বৃহস্পতিবার আবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, নদিয়ায় ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি হয়েছে। আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূ্র্বাভাস রয়েছে। তবে এখনও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

Advertisement

উত্তরের পাহাড় সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনিবার পর্যন্ত। সোমবার উত্তরবঙ্গের আট জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি তিন জেলায় সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি না হলেও ঝড়বৃষ্টি চলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement