West Bengal Weather Update

পশ্চিম থেকে ঢুকছে উষ্ণ বাতাস, পাঁচ জেলায় গরমের সতর্কতা! বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কোথায়?

সোমবার থেকে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় টানা গরমের অস্বস্তির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতাতেও মোটের উপর আবহাওয়া থাকবে শুকনো।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ০৯:২৬
Share:

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম বাড়ছে। —ফাইল চিত্র।

বৈশাখের রোদের তেজ বাড়তে শুরু করেছে। পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রাও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। দু’একটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাতে গরম কমবে না।

Advertisement

পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত। তা বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশের উপর দিয়ে গিয়েছে। উত্তর-পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রতল থেকে যার উচ্চতা ০.৯ কিলোমিটার। এই পরিস্থিতির কারণে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক থেকে রাজ্যে শুকনো বাতাস ঢুকছে। এ ছাড়া সূর্যের তাপও বেড়েছে। তাই ১৯ থেকে ২৫ এপ্রিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

সোমবার থেকে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় টানা গরমের অস্বস্তির সতর্কতা জারি করা হয়েছে। তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। এই জেলাগুলিতে উষ্ণতা ও আর্দ্রতা অত্যধিক বাড়তে পারে। দক্ষিণের বাকি অংশে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে সর্বত্রই শুকনো আবহাওয়া থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতাতেও শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement

যে সমস্ত জেলায় গরম বৃদ্ধির সতর্কতা রয়েছে, সেখানেই বিক্ষিপ্ত ভাবে কখনও কখনও অতি সামান্য বৃষ্টি হতে পারে। তাতে গরম কমবে না। এই তালিকায় দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ছাড়াও রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূম। দক্ষিণের জেলাগুলিতে দিনের তাপমাত্রা আগামী তিন দিনে আরও দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে। তার পরের চার দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না।

উত্তরবঙ্গে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে বৃহস্পতিবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। সোমবার এই পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারেও। তবে বৃহস্পতিবার উত্তরের বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গে তাপমাত্রার কোনও হেরফের হবে না।

Advertisement

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি কম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement