TMC Councillor And SIR

‘সূর্যোদয়’! নিজেকে দাহ করতে যাওয়া ডানকুনির সেই তৃণমূল কাউন্সিলরের নাম উঠল নতুন ভোটার তালিকায়

ডানকুনি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে-র দাবি, নিয়ম মেনে এনুমারেশন ফর্ম পূরণ করেছিলেন। বিএলওর কাছে এনুমারেশন ফর্ম জমা দেন। কিন্তু তালিকায় দেখেন, তাঁর সঙ্গে সঙ্গে তিনি যে বুথের ভোটার, সেখানকার ২০ জন্য ‘জীবিত’ ভোটারকে ‘মৃত’ বলে ঘোষণা করেছে কমিশন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪১
Share:

তৃণমূল কাউন্সিলর সূর্য দে শ্মশানে গিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তিনি জনপ্রতিনিধি। এসআইআর আবহে এলাকার বাসিন্দাদের ভরসা দিয়েছেন। কিন্তু নির্বাচন কমিশনের বুথভিত্তিক মৃত এবং স্থানান্তরিতদের তালিকা দেখে চোখ কপালে উঠেছিল তৃণমূল কাউন্সিলর সূর্য দে-র। নিজেকে ‘মৃত’ দেখে দলবল নিয়ে শ্মশানে গিয়ে কমিশনকে আবেদন করেছিলেন, তাঁকে যেন চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হয়। তার পর নিজের শ্রাদ্ধের আয়োজন করে কমিশনকে আরও একপ্রস্ত খোঁচা দেন। এ বার হুগলির ডানকুনির সেই সূর্যের নাম রয়েছে ভোটার তালিকায়। নতুন ভোটার হিসাবে তাঁর নাম ওঠায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের স্তুতি করলেন সূর্য।

Advertisement

ডানকুনি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দাবি করেছিলেন, নিয়ম মেনে এনুমারেশন ফর্ম পূরণ করেছিলেন। বিএলও-র কাছে জমাও দেন। কিন্তু তালিকায় দেখেন, তাঁর সঙ্গে সঙ্গে তিনি যে বুথের ভোটার, সেখানকার ২০ জন ‘জীবিত’ ভোটারকে ‘মৃত’ বলে ঘোষণা করে কমিশন। তাঁর প্রতিবাদ এবং অভিযোগের ভিত্তিতে রাজ্যের সিইও মনোজকুমার আগরওয়াল ডিইও-র কাছে রিপোর্ট চান।

অন্য দিকে, নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর জন্য সূর্যকে দিল্লিযাত্রায় সঙ্গী করেছিলেন মমতা-অভিষেক।

Advertisement

বিজেপি এবং কমিশনের মুণ্ডপাত করা সূর্য এসআইআরের তালিকা প্রকাশ হতে দেখেন, তাঁর নাম বৈধ ভোটার তালিকায় রয়েছে। কাউন্সিলর বলেন, ‘‘মৃতদের তালিকায় নাম আসার পর ফর্ম-৬ পূরণ করে জমা দিয়েছিলাম। তাই নতুন ভোটার হিসাবে নাম উঠল।’’ পর ক্ষণে সূর্য বলেন, ‘‘বিজেপি আর নির্বাচন কমিশন আমার ভোটাধিকার কেড়ে নিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে লড়াই হচ্ছে, তার সাক্ষীস্বরূপ আমার নাম উঠেছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement