Mysterious Death

বাড়ির পাশ থেকে উদ্ধার আইনজীবীর দেহ, রহস্য

বেহালার পর্ণশ্রী থানা এলাকায় একটি বাড়ির পিছনের ফাঁকা জমি থেকে সোমবার দুপুরে ওই আইনজীবীর দেহ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নয়নদীপ লাই (৫১)।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:১৯
Share:

নয়নদীপ লাই। —ফাইল চিত্র।

উপর থেকে পড়ে রহস্যজনক ভাবে মৃত্যু হল এক আইনজীবীর।

বেহালার পর্ণশ্রী থানা এলাকায় একটি বাড়ির পিছনের ফাঁকা জমি থেকে সোমবার দুপুরে ওই আইনজীবীর দেহ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নয়নদীপ লাই (৫১)। আইনজীবীর দেহ মেলে তাঁর পাশের বাড়ির পিছনের দিকে একটি ফাঁকা জমি থেকে। আইনজীবীর মৃত্যু দুর্ঘটনাজনিত, না কি তিনি আত্মহত্যা করেছেন, তা খতিয়ে দেখছে পর্ণশ্রী থানার পুলিশ। নয়নদীপের মৃত্যু নিয়ে অন্ধকারে তাঁর পরিবারও।

পর্ণশ্রী থানা এলাকার বেচারাম চ্যাটার্জি রোডের একটি তেতলা ফ্ল্যাটবাড়িতে থাকতেন ওই আইনজীবী। উপরের তলাতেই তাঁর ফ্ল্যাট। পুলিশ জানায়, সোমবার বেলা ১২টা নাগাদ ওই ফ্ল্যাটবাড়ির পাশে থাকা একটি বাড়ির পিছনের দিকে ফাঁকা জমিতে নয়নদীপের দেহ পড়ে থাকতে দেখেন তাঁর পরিজনেরা। ঘটনাকে কেন্দ্র করে পাড়ায় চাঞ্চল্য তৈরি হয়। কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ। নয়নদীপকে উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

পরিজনদের দাবি, নয়নদীপ অত্যন্ত হাসিখুশি স্বভাবের মানুষ ছিলেন। কোনও মানসিক চাপেও ছিলেন না। তাই তিনি আত্মহত্যা করেছেন, এমনটা তাঁরা মানতে রাজি নন। তবে তিনি ছাদে উঠে গাছে জল দিতেন। তেমনই কোনও কাজ করার সময়ে বেসামাল হয়ে কোনও ভাবে ছাদের পাঁচিল টপকে নীচে পড়ে গিয়েছেন কিনা, তা নিয়েও জল্পনা চলছে। পরিজনেরা জানান, এ দিন সকালেও পরিবারের লোকজনের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা বলেছিলেন ওই আইনজীবী। আলিপুর আদালতে তিনি অপরাধ সংক্রান্ত মামলা লড়তেন। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গেও জড়িত ছিলেন তিনি। তাঁর জুনিয়রেরা বাড়ির চেম্বারে এসেছিলেন। তাঁরাই খেয়াল করেন, নয়নদীপের দেহ পাশের বাড়ির একটি ফাঁকা জমিতে পড়ে রয়েছে। এর পরেই পাড়ায় হইচই পড়ে যায়। পুলিশ জানিয়েছে, নয়নদীপের মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন