কলকাতার পুলিশ কমিশনার অজয়কুমার নন্দ। — নিজস্ব চিত্র।
গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে যা হয়েছিল, সে ধরনের পরিস্থিতি সামলাতে কলকাতা পুলিশ যথেষ্ট দক্ষ। দায়িত্ব নেওয়ার এক দিন পরে এমনটাই জানিয়ে দিলেন কলকাতা পুলিশের নতুন কমিশনার অজয়কুমার নন্দ। ওই ঘটনার পরে অভিযোগ উঠেছিল, সঠিক সময়ে কেন্দ্রীয় বাহিনীকে ডাকা হয়নি। এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন অজয়। তিনি জানিয়েছেন, সেই সময় বাহিনী কাছে ছিল না। রাজ্যে এখন খুব বেশি বাহিনীও নেই। এই ঘটনায় তদন্ত হচ্ছে। রাজ্যে অবাধ ভোট করানোর বিষয়ে তিনি বদ্ধপরিকর বলেও জানিয়েছেন অজয়।
মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন কলকাতার পুলিশ কমিশনার। গিরিশ পার্কের ঘটনায় কেন ‘সময়ে’ কেন্দ্রীয় বাহিনীকে ডাকা হয়নি, সেই নিয়ে ঘটনার পরে প্রশ্ন উঠেছিল। তার জবাবে অজয় বলেন, ‘‘কলকাতা পুলিশ এ ধরনের পরিস্থিতি সামলাতে যথেষ্ট দক্ষ। সেই সময়ে বাহিনী কাছে ছিল না। স্বল্প সময়ে গোটা ঘটনা হয়েছে। তা বলে এমন নয়, আমরা এই পরিস্থিতি সামলাতে পারি না।’’ অজয় আরও বলেন, ‘‘এখন রাজ্যে খুব বেশি কেন্দ্রীয় বাহিনী নেই। আইনশৃঙ্খলার বিষয়টি আমরা নিজেরাই দেখি। মিটিং-মিছিলও আমরাই দেখি।’’ তার পরেই তিনি আবার মনে করিয়ে দেন, কলকাতা পুলিশ এ ধরনের পরিস্থিতি সামলাতে সক্ষম। তা ছাড়া, কেন্দ্রীয় বাহিনীকে কখন ডাকা হবে, তা নিয়ে কোনও বিধি বা ‘ওয়াটারটাইট বাউন্ডারি’ নেই। তবে এই ঘটনাকে তিনি ‘দুর্ভাগ্যজনক’ বলেও বর্ণনা করেন।
পাশাপাশি, কলকাতার নতুন পুলিশ কমিশনার এ-ও জানিয়েছেন যে, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশের কোনও ‘দ্বন্দ্ব’ নেই। আসন্ন নির্বাচনে পরোক্ষ ভাবে সাহায্য করবে বাহিনী। অজয়ের কথায়, ‘‘দফায় দফায় নির্বাচনে বাহিনী মোতায়েন হয়। পরোক্ষ ভাবে তারা সাহায্য করে। আমাদেরও ছাড়পত্র নিতে হয়। সিএপিএফ-কে কাজে লাগানো নিয়ে স্পষ্ট নির্দেশ থাকা উচিত। তা হলে কোনও দ্বন্দ্ব হওয়া উচিত নয়।’’ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয়ের অভাবের অভিযোগও উড়িয়ে দিয়েছেন অজয়। তিনি বলেন, ‘‘প্রক্রিয়া দেখলে বোঝা যাবে, যোগাযোগ হয়। নোডাল অফিসার রয়েছেন। টাইমলাইন রয়েছে।’’ এর পরেই তিনি জানান, কলকাতায় অবাধে নিরপেক্ষ ভাবে নির্বাচন হবে। এখন সেটাই তাঁর এবং তাঁর বাহিনীর ‘পাখির চোখ’। পুলিশ কলকাতার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই পোস্টার ছেঁড়া-সহ বিভিন্ন অভিযোগ উঠেছে। অজয় জানিয়েছেন, সেই নিয়ে তদন্ত হবে। তাঁর কথায়, ‘‘দেখব, যেন নেতা হিসাবে ব্যর্থ না হই।’’