আমহার্স্ট স্ট্রিটে বাসের মধ্যে ৯ লক্ষ টাকা চুরির ঘটনায় ‘গুজরাটি গ্যাং’ এর এক মহিলাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। উদ্ধার হয়েছে চুরি যাওয়া টাকাও। লালবাজার জানিয়েছে, ধৃতের নাম রাধা মালি (৩০)। তিনি আদতে গুজরাতের বাসিন্দা হলেও বর্তমানে হুগলির রিষড়ায় থাকেন।
পুলিশ জানিয়েছে, এই গ্যাংয়ের সদস্যরা মূলত কেপমারির উদ্দেশ্যে ‘শিকার’কে ঘিরে ফেলে অন্যমনস্ক করে দিয়ে কাজ হাসিল করে। অভিযোগকারী কানাই জয়সওয়াল ব্যাগে সাড়ে ৯ লক্ষ ৫২০০ টাকা নিয়ে গত ২৫ অক্টোবর হাওড়া থেকে চালতাবাগান যাওয়ার ২৩৮ নম্বর বাসে উঠেছিলেন। সে সময় এমন কায়দাতেই তাঁর ব্যাগ থেকে টাকা চুরি করেছিল ‘গুজরাটি গ্যাং’।
তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। পরে সোর্স মারফত খবর পেয়ে রিষড়া থেকে রাধাকে গ্রেফতার করা হয়। তাঁকে দফায় দফায় জেরা করে উদ্ধার করা হয় পুরো টাকা। ধৃতকে শনিবার আদালতে পেশ করে আবার হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে। তদন্তকারীরা চাইছেন তাঁকে জেরা করে গ্যাংয়ের অন্য সদস্যদের হদিস পেতে।