পার্ক সার্কাস ঘটনায় মৃত মহিলার পরিজনের প্রতি সমবেদনা জানান ফিরহাদ হাকিম। ফাইল চিত্র।
পার্ক সার্কাস কাণ্ডকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র বলেন, ‘‘কেন পুলিশ অফিসার গুলি চালান, কেন বা নিজেই আত্মহত্যা করলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।’’ শনিবার সাংবাদিক বৈঠকে তাঁর আরও সংযোজন, ‘‘এর আগে সিআরপিএফকে দেখেছি, অন্য জওয়ানদের মেরে নিজে আত্মঘাতী হচ্ছেন। এখানেও সেই একই ধরনের ঘটনায় প্রশ্ন উঠেছে।’’
হাকিম জানান, ওই নিরাপত্তা কর্মী কেন এমন কাণ্ড ঘটালেন, তার তদন্ত শুরু করেছে পুলিশ। তার জন্য মনোবিদদের সাহায্য নিচ্ছেন পুলিশ কমিশনার। এমন একটি বিষয়ে মুখ্যমন্ত্রী নিজেও উদ্বিগ্ন। তিনি নিজেও পদক্ষেপ করতে বলেছেন।
শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ ভয়ঙ্কর ঘটনা ঘটে পার্ক সার্কাস এলাকায়। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসের বাইরে এলোপাথাড়ি গুলি চালান নিরাপত্তারক্ষী চোডুপ। সেই সময় লোয়ার রেঞ্জ রোড ধরে এপিসি রোডের দিকে আসছিল একটি অ্যাপ নির্ভর বাইক। চোডুপের গুলি গিয়ে লাগে বাইকের দুই আরোহীর গায়ে। পিছনের আসনে বসেছিলেন এক মহিলা। তাঁর মাথা ফুঁড়ে গুলি বেরিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বাইক চালকের গায়েও গুলি লাগে। তার পর নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে দেন নিজের গলার কাছে। ঘটনাস্থলেই চোডুপেরও মৃত্যু হয়।
কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার প্রবীন ত্রিপাঠী বলেন, ‘‘চোডুপ লেপচা সম্ভবত মানসিক অবসাদে ভুগছিলেন। সেই কারণেই তিনি এলোপাথাড়ি গুলি চালিয়ে নিজেও আত্মঘাতী হলেন কি না, তা এখনও নিশ্চিত নয়।’’