Flights Cancelled from Dumdum

আমেরিকা-ইরান যুদ্ধের ধাক্কায় দমদম থেকে বাতিল ২০ বিমান! পরিষেবা বিঘ্নিত দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই-সহ বিভিন্ন বিমানবন্দরে

আমেরিকা এবং ইজ়রায়েল মিলে ইরানে হামলার পর থেকেই পশ্চিম এশিয়ার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। গোটা পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়েছে সামরিক উত্তেজনা। দুবাই-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বন্ধ রয়েছে বিমান পরিষেবা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৩:২০
Share:

দমদম বিমানবন্দরের বাইরে যাত্রীরা। —ফাইল চিত্র।

আমেরিকা-ইরান যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে বিমান পরিষেবায়। সোমবারও দমদম থেকে বাতিল হয়েছে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে যাতায়াতের বিমান। পাঁচটি উড়ান সংস্থার মোট ২০টি বিমান বাতিল হয়েছে দমদমে। এর মধ্যে আসা-যাওয়া মিলিয়ে এমিরেট্‌সের আটটি, কাতার এয়ারওয়েজ়ের চারটি, ইতিহাদ এয়ারওয়েজ়ের চারটি, এয়ার আরাবিয়ার দু’টি এবং ফ্লাই দুবাইয়ের দু’টি বিমান রয়েছে।

Advertisement

দুবাই-সহ পশ্চিম এশিয়ার বিভিন্ন বড় বিমানবন্দরগুলি গোটা বিশ্বের বিমান পরিবহণের ক্ষেত্রে ট্রানজ়িট হাব হিসাবে কাজ করে। বিশেষ করে ইউরোপ, আমেরিকায় যাওয়ার জন্য এই বিমানবন্দরগুলি হয়েই যাতায়াত করতে হয় ভারতীয়দের। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়মিত ভাবে সরাসরি বিমান যাতায়াত করে পশ্চিম এশিয়ার এই ট্রানজ়িট হাবগুলিতে। তবে উদ্ভূত অশান্তির মাঝে বিঘ্নিত হয়েছে সেই পরিষেবা। এই বিমানগুলি বাতিল হওয়ার ফলে দুবাই, দোহা এবং আবু ধাবিগামী যাত্রীরা সমস্যার মুখে পড়েছেন।

শুধু দমদম বিমানবন্দরেই নয়, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই বিমানবন্দরেও বিঘ্নিত হয়েছে স্বাভাবিক পরিষেবা। ওই বিমানবন্দরগুলি থেকেও পশ্চিম এশিয়ায় যাতায়াতের বিভিন্ন বিমান বাতিল করা হয়েছে। বস্তুত, আমেরিকা এবং ইজ়রায়েল মিলে ইরানে হামলার পর থেকেই পশ্চিম এশিয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। গোটা পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়েছে সামরিক উত্তেজনা। উদ্ভূত পরিস্থিতিতে দুবাই-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিমান পরিষেবা সাময়িক ভাবে স্থগিত রাখা হয়েছে।

Advertisement

উদ্ভূত পরিস্থিতিতে যেমন এ দেশ থেকে বহু যাত্রী নিজেদের গন্তব্যে যেতে পারছেন না, তেমনই ভিসা নিয়ে চিন্তায় পড়েছেন পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয়েরাও। বিদেশে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে উদ্ধার করে নিয়ে আসার বিষয়ে আলোচনা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি (ক্যাবিনেট কমিটি অফ সিকিয়োরিটি)-র বৈঠকে। রবিবার রাতে দিল্লিতে ফিরেই এই বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অন্য দিকে ভারতে আটকে পড়া বিদেশিদেরও উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্র। রবিবার ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক উত্তেজনার কারণে ভারতে থাকা বিদেশি নাগরিকদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। ভিসার মেয়াদ বৃদ্ধি বা আপাতত তাঁদের ভারতে থাকার বিষয়টি নিশ্চিত করতে সব রকম সহায়তা করতে তারা প্রস্তুত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement