Kalbaishakhi in West Bengal

কালবৈশাখীর পূর্বাভাস! রবিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কলকাতায়! ৬০ কিমি বেগে ঝড় হবে দক্ষিণের আট জেলায়

পূর্ব বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সমুদ্রতল থেকে যার উচ্চতা ০.৯ কিলোমিটার। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকতে শুরু করেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১০:০৮
Share:

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। —ফাইল চিত্র।

দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তীব্র দাবদাহে হাঁসফাঁস দশার মধ্যে তা কিছুটা স্বস্তি ডেকে আনবে বলেই মনে করা হচ্ছে। কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় বৃষ্টি হবে। উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সমুদ্রতল থেকে যার উচ্চতা ০.৯ কিলোমিটার। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকতে শুরু করেছে। দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। তবে কোথাও কোথাও গরমের অস্বস্তিও থাকবে।

কলকাতায় রবিবার থেকে টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। আপাতত আগামী শনিবার পর্যন্ত এই পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আটটি জেলায় আলাদা করে কমলা সতর্কতা জারি করা হয়েছে রবিবার এবং সোমবারের জন্য। সেই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।

Advertisement

সমুদ্রে মাঝেমধ্যে ঝোড়ো হাওয়া বইছে। হাওয়ার বেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। তবে দমকা হাওয়ার বেগ কখনও কখনও ৬০ কিলোমিটারেও পৌঁছে যাচ্ছে। ফলে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা সংলগ্ন সমুদ্র আপাতত উত্তাল। আগামী বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

রবিবার এবং সোমবার উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। আগামী শনিবার পর্যন্ত এই পূর্বাভাস রয়েছে।

Advertisement

রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী দু’দিন তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। তার পরের পাঁচ দিনে তাপমাত্রা কমতে পারে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement