প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে ডিম ছোড়া হয়। —ফাইল চিত্র।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে ডিম ছোড়ার জন্য় দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম চন্দন কয়াল এবং রবি কয়াল।
সোমবার সন্ধ্যায় কালীঘাটে তৃণমূলনেত্রী মমতার বাড়িতে বৈঠকে গিয়েছিলেন কুণাল -সহ তাঁর দলের কয়েক জন শীর্ষ নেতা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে যাচ্ছিলেন তৃণমূল মুখপাত্র তথা বেলেঘাটার বিধায়ক কুণাল। ঠিক তখনই তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। মাথায় এবং পিঠে ডিম লাগে বিধায়কের। পুরো ঘটনাকে ‘বাঁদরামি’ এবং ‘অসভ্যতা’ বলে মন্তব্য করেন বিধায়ক। সেই সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে নিরাপত্তা থাকা সত্ত্বেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সোমবার রাতেই ওই নিয়ে কালীঘাট থানায় অভিযোগ করেছিলেন। দাবি করেছিলেন, অভিযুক্তদের গ্রেফতারি। মঙ্গলবার দুপুরে দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।
সকালে দীর্ঘ ফেসবুক পোস্টে কুণাল লিখেছিলেন, ‘‘আমার শুভানুধ্যায়ী ও সহমত পোষণকারী শিবির ছাড়া কারও কোনও সাহায্য, সমর্থন দরকার নেই। নিরস্ত্র, নিরাপত্তাহীন, একা দাঁড়িয়ে ছিলাম মিডিয়ার অনুরোধে। দৃষ্টি ক্যামেরায়। সেই সুযোগে ডিম ছুড়ে গেছে, এত বড় বীর! পুলিশ দর্শক। তার পরেও ওখান দিয়ে হেঁটে বেরিয়েছি। রাতে একা থানায় গেছি। অসভ্যগুলো হাজির হলেও পাত্তা দিইনি। বাকিটাও বুঝে নেব।’’
কুণাল জানান, এই ধরনের রাজনীতিকে তিনি কোনও দিন সমর্থন করেননি। ২০২১ সালের বিধানসভা ভোটের পরে বিজেপি কর্মীদের পাশে দাঁড়িয়েছিলেন। তখন সজল ঘোষের বাড়ির দরজা ভেঙে পুলিশের ঢোকা কিংবা কৌস্তুভ বাগচীকে বাড়িতে ঢুকে হেনস্থা করার প্রতিবাদ প্রকাশ্যে করেছেন। তৃণমূল মুখপাত্র হয়েও তাঁর মনে হয়েছে ওগুলো ঠিক কাজ নয়। কুণাল লেখেন, ‘‘ আমি আমার মত চলি। এখনও বলছি, আমার উপর হামলার চেষ্টা হল। আরও হবে। আমি ভয় পাই না। এক, বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ভাবে লড়ব। তবে বেলেঘাটার মানুষের পরিষেবায় সরকারের সঙ্গে প্রশাসনিক যোগাযোগ থাকবে। দুই, আমার দলের মধ্যে ভুলত্রুটি সংশোধনের মাধ্যমে ঘুরে দাঁড় করানোর চেষ্টা করব। বড়জোর আমার মৃতদেহ পড়ে থাকবে। কিন্তু আমি বদলাব না।’’
সোমবার অভিযুক্তদের মধ্যে এক জনের ছবি দিয়ে কুণাল অভিযোগ করেছিলেন ডিমছোড়া ওই যুবক মমতার বাড়িতে সিআইডি অভিযানের সময় পুলিশের সাক্ষী ছিলেন। সিজ়ার লিস্টেও তাঁর সই রয়েছে। তৃণমূল বিধায়ক লেখেন, ‘‘তা হলে কি ওই বাড়িকে ঘিরে হামলার রেকি করানো হয়েছিল? জ়েড ক্যাটেগরির নিরাপত্তা পাওয়া প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি ঘিরে এসব কী?’’ কুণালের কটাক্ষ, ‘‘আমি ডিম ভালোবাসি।’’