শহরে ন্যায্য মূল্যের প্রথম পুর-বাজার

মাছ, মাংস-সহ আনাজপত্রের দাম বাড়ায় বেশ কয়েক বার শহরের একাধিক স্থানে ন্যায্য মূল্যের দোকান খুলেছে সরকার। কোনওটি চলেছে অনেক দিন, কোনওটি আবার বন্ধ হয়ে গিয়েছে। এ বার আস্ত একটি ন্যায্য মূল্যের বাজার চালু করল পুরসভা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৩৭
Share:

মাছ, মাংস-সহ আনাজপত্রের দাম বাড়ায় বেশ কয়েক বার শহরের একাধিক স্থানে ন্যায্য মূল্যের দোকান খুলেছে সরকার। কোনওটি চলেছে অনেক দিন, কোনওটি আবার বন্ধ হয়ে গিয়েছে। এ বার আস্ত একটি ন্যায্য মূল্যের বাজার চালু করল পুরসভা। বেহালায় কলকাতা পুরসভার ১১৮ নম্বর ওয়ার্ডে বুধবার ওই বাজার উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা মেয়র শোভন চট্টোপাধ্যায়। হাজির ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা বেহালারই আর এক বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। শহরে প্রথম এ ধরনের বাজার করার উদ্যোগ নেওয়ায় স্থানীয় কাউন্সিলর তথা নিকাশি দফতরের মেয়র পারিষদ তারক সিংহের প্রশংসা করেন মন্ত্রী ও মেয়র।

Advertisement

বছরখানেক আগে মাছ-মাংস-সব্জির দাম লাগামছাড়া হওয়ায় পুর-প্রশাসনকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন পুরসভার বাজার দফতরের দায়িত্বে ছিলেন তারকবাবু। পুরসভা ও কৃষি বিপণন দফতরের যৌথ উদ্যোগে সে সময়ে শহর জুড়ে বেশ কয়েকটি ন্যায্য মূল্যের (ফেয়ার প্রাইস) দোকান চালু করে পরিস্থিতি সামাল দেয় প্রশাসন। যার বেশ কয়েকটি চালু রয়েছে এখনও। তারকবাবু জানান, ন্যায্য মূল্যের এই বাজার তৈরি হয়েছে রাজ্য সরকারের কৃষি বিপণন, প্রাণিসম্পদ বিকাশ এবং মৎস্য দফতরের সহায়তায়। সেখানে ৪১টি দোকান এবং ১৮টি স্ল্যাব থাকবে। পাওয়া যাবে সব্জি, মাছ, মাংস এবং ফল। শীঘ্রই ওই বাজারের সব ক’টি দোকান খুলে যাবে বলে জানান তিনি। শহরবাসী এই বাজার থেকে সরকারি মূল্যে আনাজপত্র এবং মাছ-মাংস কিনতে পারবেন বলে আশ্বাস দেন মেয়র শোভনবাবু।

এ দিনই পুরসভার ওয়েবসাইটে কয়েকটি অ্যাপ চালু করেন মেয়র। পুরসভার নানা পরিষেবা পেতে কোথায় যেতে হবে, অনলাইনে কী ভাবে পুর-কর দেওয়া যাবে— ওয়েবসাইটে সবই জানা যাবে অ্যাপের মাধ্যমে। মেয়র জানান, পুরসভার নানা তথ্য, এমনকী কোথায় পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে তারও খোঁজ দেবে এই অ্যাপগুলি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement