২ লক্ষ টাকা-সহ ইটের লরি ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • তমলুক
লক্ষাধিক টাকা-সহ ইট লরি ছিনতাইয়ের অভিযোগ উঠল তমলুকে। বৃহস্পতিবার আলু বিক্রির দু’লক্ষ টাকা নিয়ে কাঁথি থেকে চন্দ্রকোনা যাওয়ার পথে নরঘাটে ইট বোঝাই করে একটি ছোট লরি জাতীয় সড়ক ধরে মেচেদার দিকে যাচ্ছিল। অভিযোগ, তমলুকের রাধামনির কাছে নেতাজিনগরে একদল দুষ্কৃতী ওই টাকা-সহ লরি ছিনতাই করে নিয়ে যায়। ঘটনায় তমলুক থানায় অভিযোগ দায়েরও হয়েছে। পুলিশ জানিয়েছে, টাকা-সহ লরি ছিনতাইয়ের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের ধরতে তদন্ত শুরু করা হয়েছে। গত বুধবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকার এক আলু ব্যবসায়ীর আলু বোঝাই একটি ছোট লরি পূর্ব মেদিনীপুরের কাঁথির এক আলু ব্যবসায়ীর কাছে নিয়ে এসেছিল। কাঁথির ওই আলু ব্যবসায়ীর দেওয়া দু’লক্ষ টাকা নিয়ে লরি চালক শেখ আনিসুদ্দিন ও খালাসি বাটুল ঘোষ লরি নিয়ে ফের চন্দ্রকোনায় ফিরছিল। বৃহস্পতিবার দুপুরে কাঁথি থেকে দিঘা-মেচেদা সড়ক ধরে ফেরার পথে নরঘাটের কাছে একটি ইট ভাটা থেকে লরিতে তিন হাজার ইট বোঝাই করে তাঁরা চন্দ্রকোনার উদ্দেশে রওনা হন। আসার পথে নন্দকুমারের কাছ থেকে হলদিয়া-মেচেদা সড়ক ধরে মেচেদার দিকে যাওয়ার সময় একটি ট্যাক্সি ওই লরির পিছু নেয় বলে অভিযোগ। সড়কে আসার পথে ওই ট্যাক্সিটি রাস্তায় কয়েকবার লরিটিকে ওভারটেকও করছিল। এরপর বিকেল সাড়ে চারটে নাগাদ তমলুকের রাধামনি বাজার পার হয়ে নেতাজিনগরের কাছে ফাঁকা এলাকায় ওই ট্যাক্সিটি লরিটির সামনে এসে পথ আটকে দাঁড়ায়। অভিযোগ, এরপর ট্যাক্সি থেকে চার জন নেমে প্রথমে লরিচালকের কাছে গাড়ির কাগজপত্র দেখানোর কথা বলে। এরপরেই লরি চালক ও খালাসিকে মারধর করে সড়কের পাশে ফেলে দিয়ে লরিতে থাকা দু’লক্ষ টাকার ব্যাগ-সহ লরি নিয়ে ওই দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ। পরে আহত লরি চালক ঘাটালবাসী গাড়ি মালিককে ফোন করে লরি ছিনতাইয়ের ঘটনার কথা জানান। লরির মালিক শুক্রবার তমলুক থানায় ঘটনার অভিযোগ দায়ের করেন।
বেআইনি কার্যালয় উচ্ছেদে পুলিশকে বাধা তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • তমলুক
এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে হাইকোর্টের নির্দেশিকা মত বেআইনি ভাবে তৈরি তৃণমূলের দলীয় কার্যালয় উচ্ছেদে এসেছিল পূর্ব মেদিনীপুরের পূর্ত দফতর। কিন্তু, বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতি সত্ত্বেও তৃণমূলের কার্যালয় ভাঙা দূর, উল্টে পুলিশের সামনেই একদল তৃণমূল সমর্থক অভিযোগকারী স্থানীয় নীলরতন পাড়ইয়ের বাড়িতে ইট-পাটকেল ছোড়ে বলে অভিযোগ। শুক্রবারের এই ঘটনায় শহিদ মাতঙ্গিনী ব্লক বিডিও অফিসের কাছে উত্তেজনা তৈরি হয়। হাইকোর্টের নির্দেশিকা থাকা সত্ত্বেও পূর্ত দফতরের জায়গায় বেআইনি ভাবে তৈরি তৃণমূলের দলীয় অফিস সরাতে না পারায় পুলিশের পাশাপাশি তৃণমূলের স্থানীয় নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তমলুকের ওসি কৃষ্ণেন্দু প্রধান বলেন, “ওখানে জড়ো হওয়া লোকজনের মধ্যে প্রচুর মহিলা ও শিশু ছিল। তাই সতর্ক ভাবে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে।” তৃণমূলের ব্লক সভাপতি তথা জেলা পরিষদ সদস্য দিবাকর জানা বলেন, “স্থানীয় এক জন চক্রান্ত করে দলীয় কার্যালয় উচ্ছেদের জন্য আদালতে মামলা করেছেন। দলীয় অফিস পূর্ত দফতরের জায়গায় রয়েছে। পূর্ত দফতর সড়ক সম্প্রসারণ করলে নিজেরাই ওই অফিস সরিয়ে নেব।” অভিযোগকারী নীলরতন পাড়ইয়ের বাড়িতে ভাঙচুর, মারধর ও লঙ্কার ধোঁয়া দেওয়ার অভিযোগ ঠিক নয় বলেও দিবাকরবাবুর দাবি।
কারখানা খোলার দাবি, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
বন্ধ কারখানা খোলার দাবিতে এ বার বিক্ষোভ- কর্মসূচি করল এসইউসিআইয়ের শ্রমিক সংগঠন ‘অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টার (এআইইউটিইউসি)। শুক্রবার সংগঠনের জেলা কমিটির পক্ষ থেকে মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়ে বিক্ষোভ- কর্মসূচি হয়। দ্রুত কারখানা খোলার দাবি জানান নেতৃত্ব। প্রায় ন’মাস ধরে বন্ধ রয়েছে মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়ার ‘কেশর মাল্টিয়ার্ন মিল লিমিটেড’ নামে একটি সুতোকল। স্থায়ী- অস্থায়ী মিলিয়ে প্রায় আটশো শ্রমিক এখানে কাজ করতেন। সকলেই এক কাজহারা। দিন কয়েক আগে বাবন শর্মা নামে এই কারখানারই এক শ্রমিকের মৃত্যু হয়। অসুস্থ অবস্থায় তাঁকে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়েছিল। পরে মেডিক্যালেই তাঁর মৃত্যু। কারখানা বন্ধ থাকাকালীন আগেও এই সুতোকলের কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিস্থিতি দেখে দ্রুত কারখানা খোলার দাবি জানাচ্ছেন শ্রমিকেরা। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে কারখানা বন্ধ থাকায় অনেকেই সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন। কেউ অস্থায়ী ভাবে অন্য কাজ খুঁজে নিয়েছেন। কেউ কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরছেন। অনেকের পরিবারই এখন আর্থিক সমস্যায় জর্জরিত। কারখানা কর্তৃপক্ষকে মৃত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়াতে হবে বলেও এদিন দাবি জানিয়েছে ওই শ্রমিক সংগঠন। না হলে আগামী দিনে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন নেতৃত্ব।
প্রতিবন্ধী শিশুদের অনুষ্ঠান
মেদিনীপুর টাউন হ্যান্ডিক্যাপড্ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এক বিজয়া সম্মিলনী হল শুক্রবার। এই উপলক্ষে এদিন বিকেলে সোসাইটির সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক অমিতাভ দত্ত, জেলা পরিষদের শিশু ও নারী উন্নয়ন কর্মাধ্যক্ষ কাবেরী চট্টোপাধ্যায়, সোসাইটির সম্পাদক অলোককুমার ঘোষ প্রমুখ। প্রতিবন্ধী শিশু এবং তাদের অভিভাবকেরাও ছিলেন। অনুষ্ঠানে মেদিনীপুরের শিশুশিল্পী শ্রেয়ান ভট্টাচার্য্যকে সংবর্ধিত করা হয়। শ্রেয়ান একটি জনপ্রিয় বাংলা রিয়্যালিটি শো- এ অংশগ্রহন করে সকলের প্রশংসা কুড়োয়। সম্প্রতি তার প্রথম অ্যালবাম ‘ইচ্ছে আমার’ প্রকাশিত হয়েছে। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। অনুষ্ঠান ঘিরে প্রতিবন্ধী শিশুদের মধ্যে উত্সাহ- উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
অর্থ তছরুপের নালিশ
কাঁথি-৩ ব্লকের লাউদা গ্রাম পঞ্চায়েতে একশো দিনের কাজে আইবিএস স্কিমে ৫ কোটি ৯৫ লক্ষ টাকা তছরুপের অভিযোগে আন্দোলনে নামল বামফ্রন্ট। শুক্রবার বিকেলে লাউদা গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিএমের অভিযোগ, একশো দিনের কাজে ওই পঞ্চায়েতে শ্রমিকদের মজুরি বাবদ ১৪ লক্ষ টাকা বকেয়া থাকা রয়েছে। তা সত্ত্বেও আইবিএস প্রকল্পে খরচের ভুয়ো কাগজ দেখিয়ে ৫ কোটি ৯৫ লক্ষ টাকা তছরুপ করা হয়েছে। সমাবেশ থেকে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানানো হয়। বক্তব্য রাখেন সিপিএম নেতা ও রাজ্যের প্রাক্তন কারিগিরি শিক্ষামন্ত্রী চক্রধর মেইকাপ, সিপিএমের জোনাল সম্পাদক কালীপদ শীট, ডিওয়াইএফ নেতা ঝাড়েশ্বর বেরা ও সিপিআইয়ের উত্তম প্রধান। গ্রাম প্রধানের কাছে তেরো দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপি
নির্মাণ শ্রমিকদের নাম নথিভূক্তকরণ ও আর্থিক সহায়তা দান-সহ সাত দফা দাবির ভিত্তিতে সিটু নিয়ন্ত্রণাধীন পূর্ব মেদিনীপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কাঁথির সহ-আধিকারিকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে নির্মাণ শ্রমিকদের নাম নথিভুক্ত করার কাজ দফতরের মাধ্যমে করার সঙ্গে সঙ্গে বিভিন্ন ব্লকে নাম নথিভুক্ত করার জন্য বিভিন্ন কাগজপত্র নেওয়া বন্ধ করা, নতুন নাম নথিভুক্ত করা, পুরনো নথিভুক্ত শ্রমিকদের আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে সব ইউনিয়নের প্রতি সম আচরণ করা-সহ দাবি জানানো হয়। নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি সব্রত পণ্ডা, সম্পাদক সুব্রত মহাপাত্র, কানাই প্রমুখ।
সেমিফাইনালে ভবানীপুর ক্লাব
পানিপাড়ুল স্পোর্টস অ্যাকাডেমি আয়োজিত পিএসএ কাপ ফুটবলের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জয়ী হল কলকাতার ভবানীপুর ক্লাব। পানিপাড়ুল হাইস্কুলের মাঠে আয়োজিত খেলায় সারেঙ্গা একাদশকে ৪-২ গোলে হারিয়ে তারা সেমিফাইনালে ওঠে। খেলায় দু’টি গোল করে ম্যান অফ দি ম্যাচ হন ভবানীপুরের আশিস গায়েন। আজ, শনিবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে পাঁশকুড়া একাদশ ও কলকাতার খিদিরপুর ইলভেন মুখোমুখি হবে।
হারল পাঁশকুড়া
খেজুরি পানখাই ইউথ অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন পরিচালিত ‘কৃষ্ণেন্দু স্মৃতি কাপ’ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠল বীরভূমের কালীর মোড় ক্লাব। শুক্রবার প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে কলীর মোড় ক্লাব ১-০ গোলে পাঁশকুড়া স্পোর্টস আসোসিয়েশনকে পরাজিত করে। গোল করেন পার্থসারথি ঘোষ। কালীর মোড় ক্লাব ও হাওড়া স্পোর্টিং ক্লাবের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলাটি পরিচালনা করবেন দেবব্রত মাইতি।
ডিজির সামনেই বন্দির কাছে মিলল মোবাইল
এক বন্দির কাছ থেকে মোবাইল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে। জেলের এক সূত্রে খবর, শুক্রবার দুপুরে কেন্দ্রীয় সংশোধনাগার পরিদর্শনে আসেন ডিআইজি (কারা) বিপ্লব দাস। ১৩ নম্বর ওয়ার্ডে সাজাপ্রাপ্ত বন্দিরা থাকেন। পরিদর্শনের সময় তিনি দেখেন এই ওয়ার্ডে আকাশ সিংহ নামে একজন বিচারাধীন বন্দিও রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি ওই বিচারাধীন বন্দিকে অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেন। প্রথমে আকাশকে ১ নম্বর ওয়ার্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। আকাশ অবশ্য ১৩ নম্বর ওয়ার্ডেই থাকতে চায়। অন্য ওয়ার্ডে স্থানান্তরের সময়ই এই বন্দির কাছ থেকে একটি মোবাইল উদ্ধার করে। অভিযোগ, এক সাব-জেলারের সঙ্গে ভাল সম্পর্ক রয়েছে আকাশের। তাঁর মদতেই নিজের কাছে মোবাইল রাখতে পেরেছিল আকাশ। পুরো ঘটনার তদন্তের দাবি জানিয়ে শনিবার জেল সুপার স্বরূপ মণ্ডলের কাছে দরবার করেন বঙ্গীয় কারারক্ষী সমিতি। সমিতির নেতা কার্তিক সাউ বলেন, “জেলের মধ্যে কিছু উদ্ধার হলেই কারারক্ষীদের উপর দোষ চাপিয়ে দেওয়া হয়। এ ক্ষেত্রে তো একজন অফিসারই জড়িত। আমরা পুরো ঘটনার তদন্তের দাবি জানিয়েছি। আশা করি, জেল-কর্তৃপক্ষ এ ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপই করবেন।” জেলের মধ্যে এক বন্দির কাছ থেকে মোবাইল উদ্ধার নিয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি ডিআইজি (কারা)।