মদে বিষক্রিয়ায় পর পর দু’দিনে দুই যুবকের মৃত্যুর অভিযোগ উঠল নন্দীগ্রাম ২ ব্লকের আশদতলা-লাগোয়া নরসিংহপুরে। পুলিশ জানায়, মৃতেরা হলেন অমিতাভ করণ (৩১) ও অভিজিৎ মান্নান (২৮)। গ্রামবাসীদের দাবি, মঙ্গলবার আশদতলায় বেআইনি মদ ব্যবসায়ীর দোকান থেকে মদ কিনে খেয়েছিলেন দুই বন্ধু। সেই রাতেই অমিতাভ অসুস্থ্ হয়ে একটি নার্সিংহোমে ভর্তি হন। বুধবার তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার ভোর রাতে অসুস্থ্ হয়ে মৃত্যু হয় অভিজিতের। এলাকার আরও ন’জন অসুস্থ হয়েছেন। এলাকাবাসী বেশ কয়েকটি মদের গুমটি, দোকানে ভাঙচুরও চালান। আগুন লাগিয়ে দেওয়া হয় স্থানীয় এক মদ ব্যবসায়ীর বাড়িতে।