— প্রতীকী চিত্র।
রোজের মতো রেললাইনের ধারে প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন ৭০ বছরের বৃদ্ধ। কিন্তু কে জানত, সেই পথচলাই জীবনের শেষ যাত্রা হয়ে দাঁড়াবে! শান্তিপুর-শিয়ালদহ ডাউন লোকাল ট্রেনের ধাক্কায় নদিয়ার ফুলিয়ায় মৃত্যু হল গৌরাঙ্গ বসাক নামে ওই বৃদ্ধের।
পরিবার ও স্থানীয় সূত্রে খবর, বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যার পাশাপাশি কানেও বেশ কম শুনতেন গৌরাঙ্গ। সোমবার ভোরে ফুলিয়ার বাড়ি থেকে কিছুটা দূরে রেললাইনের ধারের রাস্তায় হাঁটছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীদের অনুমান, শিয়ালদহমুখী ডাউন ট্রেনটি যখন আসছিল, তখন ট্রেনের বাঁশি শুনতে পাননি তিনি। মুহূর্তের অসতর্কতায় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন ওই বৃদ্ধ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বাড়ির অদূরেই এমন মর্মান্তিক দুর্ঘটনার খবর পৌঁছাতে দেরি হয়নি। কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছোন পরিজনেরা। কান্নায় ভেঙে পড়েন সকলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় রেলপুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘‘তিনি রোজই এই পথে হাঁটতেন। কিন্তু কানে কম শোনার কারণে হয়তো ট্রেনের বাঁশির শব্দ সময়মতো বুঝতে পারেননি।’’ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।