আক্রান্তের বাড়িতে পুলিশ এবং স্বাস্থ্য দফতরের কর্মীরা। -নিজস্ব ছবি।
ঘরের অভাবে শৌচাগারে নিভৃতবাসে থাকা করোনা আক্রান্ত যুবকের ঠাঁই হল সেফ হোমে। গত তিন দিন ধরেই বাড়ির শৌচাগারে ছিলেন তিনি। রবিবার সকালে আনন্দবাজার ডিজিটালে এই খবর প্রকাশিত হওয়ার পরই নড়েচড়ে বসে প্রশাসন। রবিবার সন্ধ্যায় তাঁর বাড়িতে গিয়ে হাজির হন পুলিশ এবং স্বাস্থ্য দফতরের কর্মীরা। তার পরই তাঁকে সেফ হোমে নিয়ে যাওয়া হয়।
জলপাইগুড়ির ধূপগুড়ি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ধনতলা গ্রামের ঘটনা এটি। ওই যুবকের পরিবারের দাবি, তিনি করোনা পজিটিভ হওয়ার পর চিকিৎসকরা তাঁকে বাড়িতেই নিভৃতবাসে থাকার পরামর্শ দেন।
এ দিকে কোভিড আক্রান্ত যুবকের বাড়িতে বয়স্ক বাবা-মা ও সন্তানসম্ভবা স্ত্রী রয়েছেন। নিভৃতবাসে থাকার জন্য আলাদা ঘরও নেই। তাই বাধ্য হয়েই তাঁকে শৌচাগারে থাকতে হচ্ছিল।