অন্য দিন যে সব্জি বাজারে বিশেষ পাত্তা পায় না, এ দিন সেই মূলোই হয়ে উঠলো হিরো।
শুক্রবার জলপাইগুড়ির খুচরো বাজারে সব্জির মধ্যে সর্বাধিক দাম উঠল মূলোর। পাহাড় থেকে আমদানি হওয়া মূলো, বাঁধাকপি এবং স্কোয়াসের মধ্যে সব থেকে বেশি দামে বিক্রি হয়েছে মূলোই। দাম বেশি ছিল মটরশুঁটি।
এ দিন মূলো প্রতি কিলোগ্রাম বিক্রি হয়েছে সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ১২০ টাকা দরে। কিন্তু মূলো এখন প্রায় সারা বছরই পাওয়া যায়। এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত স্থানীয় মূলো না ওঠা পর্যন্ত পাহাড় থেকে আমদানি হয়। দাম খুব বেশি উঠলে প্রতি কিলোগ্রাম ৫০ টাকা পর্যন্ত ওঠে। গত সপ্তাহ পর্যন্ত মূলোর দাম প্রতি কিলোগ্রাম ২০ টাকা থেকে ৪০ টাকার মধ্যে ঘোরাফেরা করেছে। এ দিন সেই একই মূলোর দাম অস্বাভাবিক হয়ে যায়।
কারণ কি? ব্যবসায়ীরা জানিয়েছেন, পাহাড় থেকে আমদানি কম হওয়ায় এবং লক্ষ্মীপুজো উপলক্ষে চাহিদা বেশি থাকায় মুলোর দাম বেড়েছে। বাঁধাকপি বিক্রি হয়েছে প্রতি কিলোগ্রাম ৪০ টাকা দরে এবং স্কোয়াসের দাম ছিল প্রতি কিলোগ্রাম ৩০ টাকা। এই দুটি সব্জির যোগান স্বাভাবিক ছিল। দিনবাজারের সব্জি ব্যবসায়ী সুবোধ দাস, রাজা সাহা বলেন, “সকালে পাইকারি বাজারে মূলো এত কম উঠেছিল যে, মূলোর পাইকারি দাম বেড়ে যায়। মূলো নিয়ে কাড়াকাড়ি পরে যায়। যার ফলে মূলো এদিন রেকর্ড দামে বিক্রি হচ্ছে।”
পাশের শহর হলদিবাড়িতে স্থানীয় মুলো উঠে যাওয়ায় মূলোর দাম সেখানে কম ছিল। এ দিন হলদিবাড়ির খুচরো বাজারে মূলো প্রতি কিলোগ্রাম ৪০ টাকা দরে বিক্রি হয়েছে।
এদিন জলপাইগুড়ি এবং হলদিবাড়ির বাজারে মটরশুঁটির দাম ছিল প্রতি কিলোগ্রাম ১৫০ টাকা। ব্যবসায়ীরা জানিয়েছেন মটরশুঁটির এই দাম এখন স্বাভাবিক। কারণ শীতকালীন সব্জি মটরশুঁটি খুব কম দিনই সাধারণের নাগালের মধ্যে থাকে। বাকি সব সময় দাম আশি টাকার উপরে থাকে।