মিড ডে মিলে অনিয়ম, অভিযুক্ত প্রধান শিক্ষক
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা
খাতা কলমে ছাত্র ছাত্রীদের সংখ্যা বেশি দেখিয়ে দিনের পর দিন মিড ডে মিল, বই ও পোশাক অনুদানের বরাদ্দে অনিয়মের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শামুকতলা থানার পানবাড়ি ফরেস্ট জুনিয়র হাই স্কুলে এমন অভিযোগ উঠেছে। এই অনিয়মের বিরুদ্ধে স্কুল পরিচালন কমিটি, গ্রামবাসী ও স্কুলের শিক্ষক শিক্ষিকারা বিডিও ও স্কুল পরিদর্শকের দফতরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। যদিও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শঙ্কর সরকার তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমার বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে। মিথ্যা অভিযোগ এনে ফাঁসানোর চেষ্টা চলছে। তদন্ত হলে সব প্রমাণ হবে।” আলিপুরদুয়ার ২ বিডিও সজল তামাং বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।” স্কুলের পরিচালন কমিটির সভাপতি অনিল এক্কা অভিযোগ করে বলেন, “স্কুলে ১৩৩ জন ছাত্র ছাত্রী রয়েছে। অথচ দিনের পর দিন খাতা কলমে ১৪৯ জন ছাত্র ছাত্রী দেখিয়ে সরকারি বরাদ্দ অর্থ তছরুপ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। বেঞ্চ না কিনে ৬০ হাজার টাকার ভুয়ো বিল দেখিয়ে টাকা তোলা হয়েছে। অনিয়মের সঠিক তদন্তের দাবি জানাচ্ছি।” পানবাড়ি ফরেস্ট জুনিয়র হাই স্কুলের সম্পাদক তথা আলিপুরদুয়ারের উত্তর সার্কেলের স্কুল পরিদর্শক পার্থসারথী রায় বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।”
দার্জিলিঙে কংগ্রেস প্রার্থী সুজয় ঘটক
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
দার্জিলিং লোকসভা আসনে ভাইচুং ভুটিয়া, এস এস অহলুওয়ালিয়ার সঙ্গে এ বার নির্বাচনী লড়াইতে শিলিগুড়ির ঘরের ছেলে তথা শিলিগুড়ি পুরসভার মেয়র পারিষদ সুজয় ঘটক। মঙ্গলবার কংগ্রেসের তরফে প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। তাতে জেলায় কংগ্রেসের তরুণ প্রজন্ম উৎসাহী। যুব কংগ্রেসে থাকার সময় সুজয়বাবু শহরের উন্নয়নের নানা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। শিলিগুড়ি শহরকে প্লাস্টিকের ক্যারিব্যাগ মুক্ত করতে তিনিই এক সময় উদ্যোগী হয়েছিলেন এবং সাফল্য পেয়েছিলেন। ১৯৯৮ সাল। শিলিগুড়ি কমার্স কলেজে পড়ার সময় ছাত্রাবস্থা থেকেই সুজয়বাবু রাজনীতিতে যুক্ত হয়ে পড়েন। কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের এগজিকিউটিভ কমিটির সদস্য ছিলেন। সে সময় প্রিয়রঞ্জন দাশমুন্সির অনুগামীদের অন্যতম ছিলেন তিনি। পরে জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক হন ২০০০ সালে। ২০০৫ সালে যুব কংগ্রেসের সভাপতি হন। ২০০৯ সালে শিলিগুড়ি পুরভোটে শহরের ১৬ নম্বর থেকে প্রার্থী হয়ে জেতেন। প্রয়াত মেয়র বিকাশ ঘোষের এলাকা ওই ওয়ার্ড। তিনি মারা যাওয়ার প্রার্থী হয়েছিলেন তাঁর স্ত্রী। তাঁকে হারিয়েই জিততে হয়েছিল সুজয়বাবুকে। সে কারণে ওই এলাকায় তাঁর জনপ্রিয়তার কথা বিরোধীদের অনেকেই স্বীকার করে নেন। তবে এ বার লড়াইটা শুধু ওয়ার্ডে নয়। সুজয়বাবু বলেন, “এ দিনটিতে বিশেষ করে প্রিয়দার কথা বারবার মনে হচ্ছে। তাঁর কাছ থেকে রাজনীতি করার প্রেরণা পেয়েছি। নির্বাচনে ভাল ফল করার ব্যাপারে আশাবাদী।”
কর্মিসভায় সুখবিলাস
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি
নিজের আসন নিয়ে ব্যস্ত কংগ্রেসের জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুখবিলাস বর্মা। হলদিবাড়িতে ব্লকের ছয়টি গ্রাম পঞ্চায়েত এলাকায় নেতাদের সঙ্গে সভা করলেন তিনি। হলদিবাড়ি ব্লকের কংগ্রেস সভাপতি তরুণ দত্ত বলেন, “২২ মার্চ হলদিবাড়ি রবীন্দ্র ভবনে কংগ্রেসের কর্মিসভা হবে। সেখানে উপস্থিত থাকবেন সুখবিলাস বর্মা। বিকেল পাঁচটার সময় তাকে নিয়ে একটি মিছিল হলদিবাড়ি শহর পরিক্রমা করবে।” জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি নির্মল ঘোষ দস্তিদার জানান, বুধবার সুখবিলাস বাবু জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা এবং সব কটি ব্লকের নেতৃত্ব এবং কংগ্রেস কর্মীদের সঙ্গে বৈঠকে বসবেন।
হামলা, জখম পুলিশের কর্মী
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি
কর্তব্যরত অবস্থায় মদ্যপ যুবকের হামলায় এক কনস্টেবল জখম হন বলে অভিযোগ। তাঁকে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় নাগাদ ঘটনাটি ঘটে শহরের মাসকলাই বাড়ি এলাকায়। জখম পুলিশ কর্মীর নাম ললিতমোহন রায়। তিনি জেলা পুলিশের গোয়েন্দা দফতরে কর্মরত। ঘটনায় পুলিশ এক জনকে গ্রেফতার করে। জলপাইগুড়ির ডিএসপি (সদর) প্রভাত চক্রবর্তী বলেন, “চারজনের নামে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এক জনকে ধরা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার বিকাল থেকে ললিতবাবু শহরের মাসকলাই বাড়ি ও বয়েলখানা বাজার এলাকায় সাদা পোশাকে নজরদারির কাজ করছিলেন। সন্ধ্যায় চার যুবক মদ্যপ অবস্থায় তাঁকে রং দিতে গেলে বচসা শুরু হয়। হাসপাতালে ললিতবাবু বলেন, “একজন মোবাইল ছিনিয়ে নেয়। অন্যরা ধাক্কাধাক্কি শুরু করে।”
সহকর্মীকে মেরে ধৃত হোটেলকর্মী
নিজস্ব সংবাদদাতা • মালদহ
মদ খাওয়া নিয়ে গোলমালের জেরে এক সহকর্মীকে মাথায় লোহার রড দিয়ে আঘাত করে খুন করার অভিযোগ উঠেছে এক হোটেল কর্মীর বিরুদ্ধে। সোমবার রাত আটটা নাগাদ ইংরেজ বাজার থানার অতুল চন্দ্র বাজারের একটি হোটেলে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, নিহত হোটেল কর্মীর নাম প্রদীপ সেন (৫২)। তাঁর বাড়ি উত্তর দিনাজপুরের হেমতাবাদে। সহকর্মীকে খুন করার অভিযোগে পুলিশ ওই হোটেলেরই কর্মী প্রাণহরি চৌধুরীকে গ্রেফতার করে। প্রাণহরির বাড়ি মালদহের সাহাপুরে। দু’জনেই হোটেলেই থাকতেন। ইংরেজবাজার থানার আইসি দিলীপ কর্মকার বলেন, “মদের নেশায় সহকর্মীকে খুন করার কথা অভিযুক্ত প্রাণহরি স্বীকার করে নিয়েছেন। তদন্ত চলছে।”পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার হোলি উপলক্ষে ওই হোটেলটি বন্ধ ছিল। প্রদীপ সেন ও প্রাণহরি চৌধুরী দুই জনই হোটেলের ভিতরে বসে মদ খান। মদ খেতে খেতে মদের সঙ্গে থাকা খাবার নিয়ে দুই জনের মধ্যে বচসা শুরু হয়। আর এরপরই হোটেল ভিতরে রাখা একটি লোহার রড নিয়ে প্রাণহরি প্রদীপবাবুর মাথায় আঘাত করেন বলে অভিযোগ। ঘটনাস্থলে তিনি মারা যান। হোটেলের মালিক সন্তোষ সাহা বলেন, “ঘটনার পর প্রাণহরি টেলিফোন করে সব জানিয়েছিল। মদের ঘোরে ও ওই কাজ করেছে বলে দাবি করেছে।”
ফার্মাসিস্টের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট তপন দত্ত (৬৫)। মঙ্গলবার বেলা চারটে নাগাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হস্টেলে নর্দমায় তাঁকে পড়ে থাকতে দেখেন পড়ুয়াদের কয়েকজন। তাঁরাই হস্টেলের সুপারকে খবর দেন। সুপার জয়দীপ সেন, নিরাপত্তার দায়িত্বে থাকা শিক্ষক অলক মজুমদার এবং ছাত্ররা কয়েকজন অ্যাম্বুল্যান্সে তাঁকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তপনবাবুর বাড়ি শিবমন্দির এলাকায়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, দুপুরে টিফিনের সময়ে তপনবাবুকে ক্যাম্পাসে থাকা খাবারের দোকান থেকে খেতেও দেখেছেন কর্মীদের অনেকে। এর পর তাঁর স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার কথা। তিনি সেখানে না গিয়ে রামকৃষ্ণ হস্টেলে গিয়েছিলেন কেন তা স্পষ্ট নয়।
বৈঠকে প্রার্থী
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ
করণদিঘি সদর এলাকায় দুটি কর্মিসভা ও বাসিন্দাদের সঙ্গে তিনটি ঘরোয়া বৈঠক করে প্রচার চালালেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেতা নিমু ভৌমিক। নিমুবাবুকে দেখতে প্রতিটি কর্মিসভা ও ঘরোয়া বৈঠকে বাসিন্দাদের ভিড় উপচে পড়ে। এদিন কর্মিসভায় নিমুবাবু নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে তাঁকে জেতানোর জন্য দলের কর্মীদের বাড়ি বাড়ি প্রচার চালাতে অনুরোধ করেন।
পথে-প্রচারে
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ
দলে কর্মীদের নিয়ে কখনও হেঁটে, কখনও ভ্যান রিকশায় চেপে প্রচার চালালেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সত্যরঞ্জন দাশমুন্সি (পবিত্র)। মঙ্গলবার দিনভর রায়গঞ্জ ব্লকের বাহিন, মাড়াইকুড়া ও বীরঘইয়ে প্রচার চালান সত্যরঞ্জন। তিনি এই দিন বলেন, “রোদের মধ্যে হেঁটে হাঁপিয়ে গিয়েছিলাম। তাই ভ্যান রিকশায় চেপে তিনটি পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রামে গিয়ে প্রচার করেছি।”
বামেদের প্রচার
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি
ছোট সভা এবং প্রাথীকে নিয়ে পাড়ায় ঘুরে জনসংযোগ বাড়ানোর উপরে জোর দিয়েছে সিপিএম দলের জলপাইগুড়ি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সলিল আচার্য জানান, আপাতত বড় সভা আয়োজন করে প্রচারের কর্মসূচি নেই। এবার খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ছোট সভা এবং পাড়ায় ঘুরে প্রচারের উপরে।
স্মরণসভা
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ
সংগঠনের প্রয়াত জেলা সম্পাদক অশোক চন্দকে শ্রদ্ধা জানাতে স্মরণসভার আয়োজন করল উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার দিনভর রায়গঞ্জের পুর বাসস্ট্যান্ড এলাকায় ওই স্মরণসভা হয়। গত ৪ মার্চ রায়গঞ্জের দেবীনগর এলাকার বাসিন্দা অশোকবাবু বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
দুর্ঘটনা
নিয়ন্ত্রণ হারিয়ে ঝোরায় উল্টে গেল একটি ছোট গাড়ি। গত সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালবাজার শহরের ৫ নম্বর ওয়ার্ডের পাগলাঝোরায়। রাত ২টো নাগাদ একটি গাড়ি গড়িয়ে নীচে পড়ে যায়। গাড়িটিতে চালক ও অন্য এক সহযাত্রী থাকলেও তাদের কোনও রকম আঘাত লাগেনি বলে জানা গিয়েছে।
ভোগান্তি যাত্রীদের
পিচের চাদর উঠে রাস্তা জুড়ে ছোট বড় গর্ত। ভাঙা রাস্তায় দুর্ঘটনা লেগে রয়েছে। বারবিশা থেকে কুমারগ্রাম চা বাগান পর্যন্ত ৩০ কিলোমিটার রাস্তা নিয়ে বাসিন্দাদের এই অভিযোগগুলি দীর্ঘ দিনের। তাঁদের অভিযোগ, ছয়মাস আগে সড়কের দু’পাশে পাথর ফেলা হলেও সংস্কারে কাজ নিয়ে গড়িমসি হচ্ছে। কুমারগ্রাম চা বাগান এলাকায় সংস্কারের কাজ শুরু করা হলেও সে কাজ খুব ধীর গতিতে চলছে। বাসিন্দাদের অভিযোগ, এই সড়কে নির্ভরশীল ব্লকের নিউল্যান্ডস-সংকোশ, চ্যাংমারি, কুমারগ্রাম, রায়ডাক, তুরতুরি খন্ড সহ ১১ গ্রাম পঞ্চায়েতের ও তিনটি চা বাগানের ২ লক্ষাধিক বাসিন্দা। চ্যাংমারি গ্রামের যুবক জয়ন্ত কার্জি বলেন, “কয়েক হাজার কৃষক এই সড়কের দিয়ে কৃষি পণ্য আনা নেওয়া করেন। রাস্তাটি বেহাল হয়ে পড়ায় হয়রানির শিকার হতে হয়।” পূর্ত দফতরের আধিকারিক সঞ্জয় ভগত বলেন, “রাস্তার কাজ যাতে দ্রুত শেষ হয় তার জন্য উদ্যোগী হয়েছি।” বিডিও শিলাদিত্য চক্রবর্তী বলেন, “রাস্তা বেহাল থাকায় বাসিন্দাদের সমস্যায় পড়তে হচ্ছে। শীঘ্র যাতে সমস্যা মিটে যায় সেই ব্যবস্থা করতে হবে।”
অধরা চার অভিযুক্ত
মালদহের চাঁচলের পাহাড়পুরে অগ্নিদগ্ধ বধূর মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত ফেরার ৪ ভাই ধরা পড়েনি। অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের ধরতে লাগাতার তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। প্রতিবেশী চার ভাই ও এক বধূ মিথ্যা অপবাদ দেওয়ায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেন চুমকি স্বর্ণকার। পর দিন তার মৃত্যু হয়। রবিবার ওই পরিবারের এক মহিলা শিবানী দাসকে পুলিশ গ্রেফতার করে। তার স্বামী এবং তিন দেওরকে পুলিশ ধরতে পারেনি। চাঁচলের আইসি তুলসীদাস ভট্টাচার্য বলেন, “অভিযুক্তদের ধরতে তল্লাশি চলছে।”
ধরা পড়েনি দুই দুষ্কৃতী
মালদহের রতুয়ায় আম ব্যবসায়ী অপহরণে ৪ জন ধরা পড়লেও বাকি দুই দুষ্কৃতীর হদিশ মেলেনি। গত শনিবার সন্ধ্যায় পুখুরিয়া এলাকায় ওই অপহরণের ঘটনাটি ঘটে। আম বাগান কেনার কথা বলে বাগান দেখতে এসে আম ব্যবসায়ী নজরুল শেখকে অপহরণ করে ৬ দুষ্কৃতী। ২৪ ঘন্টা বাদেই অপহরণে অভিযুক্ত ৪ দুষ্কৃতীকে গ্রেফতারের পাশাপাশি ব্যবসায়ীকেও উদ্ধার করা হয়। বাকি দুই দুষ্কৃতীকে ধরতে ধৃতদের ৪ দিনের জন্য নিজেদের হেফাজতে নেয় পুলিশ। কিন্তু তাদের জেরা করে সম্ভাব্য নানা এলাকায় হানা দিলেও তাদের খোঁজ মেলেনি বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। রতুয়ার ওসি পরিমল সাহা বলেন, “বাকি দুই অভিযুক্তকে ধরতে তল্লাশি চলছে।”
মাকে খুন
মাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। সোমবার কালচিনি চা বাগানে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম প্রভা ওরাওঁ (৫৫)। সোমবার সন্ধ্যায় তাঁকে মৃত দেখে পরিবারের তরফে প্রতিবেশীদের জানানো হয়। পড়শিদের অভিযোগ, চা শ্রমিক প্রভাদেবীর ছোট ছেলে প্রতিদিনই তাঁকে মারধর করত। সোমবার সন্ধ্যায় অভিযুক্ত ছোট ছেলে রোজেল মদ্যপ অবস্থায় ঘরে ঢোকে, সে সময়ে বাড়িতে প্রভাদেবী ছাড়া কেউ ছিলেন না বলে পুলিশ জানতে পেরেছে। কালচিনি থানার ওসি অনিন্দ্য ভট্টাচার্য বলেন, “অভিযুক্ত রোজলের খোঁজে তল্লাশি চলছে।” মৃতার বুকে কালশিটে দাগ রয়েছে। তাঁকে লাঠি দিয়ে মারা হয়েছে বলে প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে।
আদালত বয়কট
আলিপুরদুয়ার মহকুমা শাসকের আদালত বয়কট শুরু করল আইনজীবীরা। মহকুমা শাসকের নামে অসহযোগিতার অভিযোগ তুলে মঙ্গলবার থেকে আদালত বয়কট শুরু করেন আইনজীবীরা। আলিপুর দুয়ার বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুহৃদ মজুমদার বলেন, “মহকুমা শাসক তার আদালতে কোনও মামলা সংক্রান্ত নথিপত্র দিতে চান না। আইনজীবীদের সঙ্গে প্রায় সময় অসহযোগিতা ও অসম্মানজনক আচরণ করা হয়। জেলা প্রশাসনে জানানো হয়েছে।” মহকুমাশাসক নিখিল নির্মল বলেন, “আইনজীবীদের অভিযোগ সঠিক নয়। আদালত বয়কট চললে অসুবিধেয় পড়বেন সাধারণ বাসিন্দারাই।”
বকেয়া ৩৩ হাজার
ডুয়ার্স উৎসবে ব্যবহার হওয়ায় পুরসভার জলের ট্যাঙ্ক ও শ্রমিকদের মজুরির টাকা কমিটির কাছে চাইবেন বলে জানালেন আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান। গত ১ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত জল ও শ্রমিকদের খরচ বাবদ প্রায় ৩৩ হাজার টাকা বকেয়া রয়েছে বলে পুর কর্তৃপক্ষের দাবি। কমিটির সভাপতি তথা মহকুমাশাসক নিখিল নির্মল বলেন, “পুরসভার চিঠি পেলে ব্যবস্থা নেওয়া হবে।” পুরসভার চেয়ারম্যান অনিন্দ্য ভৌমিক “ডুয়ার্স উৎসবে মাঠে জল দেওয়া ও শ্রমিকদের মজুরি বাবদ টাকা আদায়ের জন্য চিঠি পাঠানো হবে। ১৫ দিনের মধ্যে কমিটি সেই টাকা না মেটালে আইনের দারস্থ হতে হবে।”
উন্নয়ন বিষয়ে পুস্তিকা প্রকাশ
এলাকায় উন্নয়নে যা কাজ হয়েছে তা নিয়ে পুস্তিকা প্রকাশ করতে চান উত্তর মালদহের কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নুর। ওই পুস্তিকাকে নির্বাচনে অন্যতম হাতিয়ার করতে চান তিনি। শনিবার চাঁচলের মালতিপুরে ছিল কংগ্রেসের কর্মিসভা। সেখানে হাজির ছিলেন চাঁচল-২ ব্লকের নেতা-কর্মীরা। সেখানে কর্মীদের উদ্দেশে মৌসম বলেন, “উত্তর মালদহের উন্নয়নে এক হাজার কোটি টাকারও বেশি বরাদ্দ মিলেছে। এর মধ্যে ফুলহারে সেতু সহ নানা উন্নয়নমূলক কাজ রয়েছে। সেটাই পুস্তিকা আকারে প্রকাশ করে তা নিয়ে প্রচার চালানোয় জোর দেন তিনি।
প্রচারে মৌসম
নদী ভাঙন কবলিত এলাকায় বাড়ি বাড়ি ঘুরে মহিলাদের সঙ্গে দেখা করে তাদের মন জয়ের চেষ্টা করলেন উত্তর মালদহের কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নুর। মঙ্গলবার সকাল থেকেই চাঁচল-২ ব্লকের চন্দ্রপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান বিদায়ী সাংসদ। মহানন্দা পাড়ের ওই এলাকায় ভাঙন অন্যতম সমস্যা। এদিন খানপুর ঘাট থেকে প্রচার শুরু করেন। রামপুর, বাঘাপুর, জানিপুর, গোয়ালপাড়া গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেন। তিনি তাঁদের ঘরের মেয়ে, সব সময় তিনি তাদের পাশে ছিলেন ও থাকবেন বলে ভোটারদের আশ্বস্ত করেন।
ভোটের কাজে
চাঁচল মহকুমা থেকে নির্বাচনে ৪ হাজার ভোটকর্মী নেওয়া হচ্ছে। উত্তর মালদহ লোকসভা কেন্দ্রে মধ্যে চাঁচল মহকুমার ৪টি বিধানসভা রয়েছে। ওই ৪ বিধানসভায় রয়েছে ৮৮৮টি বুথ। যার মধ্যে চাঁচলে-২২৮টি, মালতিপুর ও হরিশ্চন্দ্রপুরে ২০৯টি করে, রতুয়ায় বুথের সংখ্যা ২৪২টি। প্রতি বুথে ৪ জন করে ভোটকর্মী প্রয়োজন। সেই হিসেবে ৮৮৮টি বুথের জন্য প্রয়োজন ৩৫৫২ ভোটকর্মী। চাঁচল মহকুমাশাসক সঞ্জীব দে বলেছেন, “অতিরিক্ত ১৫ শতাংশ কর্মী প্রয়োজন। সব মিলিয়ে ৪ হাজার ভোটকর্মী নেওয়া হচ্ছে।
কর্মিসভায় গান
প্রার্থী নামী গায়ক। ফলে নির্বাচনী বৈঠকে বক্তৃতার পাশাপাশি গান গেয়ে শোনাতে হবে এমন আবদার উঠবে এটাই স্বাভাবিক। হচ্ছেও তাই। ফলে কর্মিসভায় গান গাওয়া এক রকম রেওয়াজ হয়ে গিয়েছে উত্তর মালদহের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌমিত্র রায়ের। মঙ্গলবারও রতুয়ার কর্মিসভায় গান শোনাতে হল প্রার্থীকে। তিনটি গান গেয়ে শোনালেন তিনি। সৌমিত্রবাবুর কথায়, “কর্মীদের আবদার ফেরাই কী করে? সব সভাতেই গান শোনাই।”
বিভেদ নেই
কর্মিসভায় আগাগোড়া প্রার্থীর সঙ্গে বসে থাকলেন দুই মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী আর সাবিত্রী মিত্র। মঙ্গলবার বিকালে রতুয়া থানার পিছনের মাঠে তৃণমূলের কর্মিসভা হয়। ওই মাঠ ছিল ভিড়ে ঠাসা। দিন কয়েক আগে চাঁচলে কর্মিসভায় এবং হরিশ্চন্দ্রপুরে সভায় অন্য রকম ছবি দেখা গেলেও গোষ্ঠী রাজনীতিকে দূরে সরিয়ে যে ভাবে দুই মন্ত্রী কর্মীদের উদ্বুদ্ধ করলেন তাতে উচ্ছ্বসিত নিচুতলার কর্মীরাও। দুই মন্ত্রী জানালেন, দলে বিভেদ নেই। তাঁদের একমাত্র লক্ষ্য প্রার্থীকে জেতানো।
প্রশিক্ষণকেন্দ্র
আসন্ন লোকসভা নির্বাচনে চাঁচল মহকুমার ভোটকর্মীদের প্রশিক্ষণ কেন্দ্র করা হচ্ছে চাঁচলেই। আগে চাঁচল, হরিশ্চন্দ্রপুর ও রতুয়ায় প্রশিক্ষণ কেন্দ্র করা হলেও এবারের নির্বাচনে কেন্দ্রীয় ভাবে তা চাঁচল সদরে হচ্ছে। চাঁচল সিদ্ধেশ্বরী হাই স্কুল ও চাঁচল কলেজে প্রশিক্ষণ দেওয়া হবে। ৫ মে প্রশিক্ষণে দিন নির্ধারিত করা হয়েছে।
মনোনয়নপত্র
আজ, বুধবার শুরু হচ্ছে মনোনয়ন পত্র তোলা ও জমা করানোর কাজ। জলপাইগুড়ি জেলার দুটি লোকসভা আসনের পাশাপাশি দুটি বিধানসভা উপ নির্বাচনের জন্য এ বার মনোনয়ন পত্র জমা নেওয়া হবে। জলপাইগুড়ি জেলাশাসক পৃথা সরকার জানান, ২৬ মার্চ পর্যন্ত মনোনয়ন জমা করা যাবে।
তৃণমূলের সভা
শহরের দলীয় কর্মীদের নিয়ে সভা করলেন জলপাইগুড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিজয়চন্দ্র বর্মন। মঙ্গলবার জেলা পরিষদ হল ঘরে জলপাইগুড়ি টাউন ব্লক তৃণমূল কমিটি আয়োজিত ওই কর্মিসভায় উপস্থিত ছিলেন দলের রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জ্যোতিপ্রসাদ রায় সহ অনেকেই।
অসুস্থের মৃত্যু
অসুস্থ হয়ে মারা গেল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। মঙ্গলবার কালচিনির বস্তিবাজার এলাকার বৃহস্পতি হাটখোলা অঞ্চলে। মৃত বিশ্বজিৎ নার্জিনারি (১৯) মালঙ্গি হাই স্কুলের ছাত্র ছিল।