দিনভর বিক্ষোভে রফতানি বাণিজ্য বন্ধ। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের হিলি আন্তর্জাতিক চেকপোস্টে অমিত মোহান্তের তোলা ছবি।
খালাসির মৃত্যুতে বন্ধ বহির্বাণিজ্য
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট
পেঁয়াজ নামানোর সময় বাংলাদেশের দিকে ট্রাকের ধাক্কায় ভারতীয় বহির্বাণিজ্যের এক ট্রাকের খালাসির মৃত্যুর জেরে দিনভর চালক-কর্মীদের বিক্ষোভে রফতানি বাণিজ্য বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরে হিলি আন্তর্জাতিক চেকপোস্ট এলাকার ঘটনা। পুলিশ ও শুল্ক দফতর সূত্রের খবর, এদিন সকালে দুর্ঘটনাটি ঘটে চেকপোস্টের ওপারে। বাংলাদেশের হিলির পানামা বন্দর এলাকায়। পুলিশ জানায়, মৃত লরির খালাসির নাম অতুল কুমার (২২)। বাড়ি উত্তরপ্রদেশে। সকাল ১১টা নাগাদ এপার হিলি চোকপোস্ট দিয়ে ওপারের বাণিজ্যবন্দরে পেঁয়াজ ভর্তি লরিটি ঢোকে। পণ্য নামাতে ওপারের একটি ট্রাক পেঁয়াজের ওই লরির পেছন দিকে রাখার সময় খালাসি ওই যুবককে ধাক্কা দিয়ে পিষে দেয়। কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। ওপারের ট্রাক চালকের গাফিলতিতে খালাসির মৃত্যুর অভিযোগ তুলে এপার হিলির রফতানি বাণিজ্যের জন্য চোকপোস্টে দাঁড়িয়ে থাকা ট্রাক-লরির চালক ও কর্মীরা প্রতিবাদ জানান। ফলে দুদিক থেকে পণ্যের ট্রাক চলাচল স্তব্ধ হয়ে যায়। বহির্বাণিজ্য সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সন্ধ্যা নাগাদ বাংলাদেশের হাসপাতালে মৃত খালাসির দেহের ময়না তদন্তের পর রাতে এ পারে দেহ তুলে দেওয়া হয়। হিলিতে অন্তত দেড় হাজার পণ্য বোঝাই ট্রাক আটকে পড়ায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। সার ধরে দাঁড়িয়ে আছে পেঁয়াজ, গম, ভুট্টার মতো পচনশীল আনাজ ও শস্য। হিলি এক্সপোর্ট এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক মন্ডল বলেন, “এদিনের ঘটনার জেরে প্রায় ৫ কোটি টাকা ক্ষতির মুখে পড়ে গিয়েছেন রফতানিকারীরা।” আজ, শুক্রবার বাংলাদেশে ছুটির কারণে বহির্বাণিজ্যে বন্ধ থাকবে বলে অশোকবাবু জানান। ফলে উত্তরপ্রদেশ, বিহার-সহ ভিন রাজ্য থেকে হিলিতে রফতানি বাণিজ্যের জন্য আগত পণ্য ভর্তি ট্রাক লরির চালকেরা তাই চরম সমস্যার মুখে পড়ে গিয়েছেন।
এখনই দিল্লি যাচ্ছে না মোর্চার প্রতিনিধি দল
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং
রাজ্যের বিরুদ্ধে অভিযোগ জানাতে দিল্লি যাওয়ার কর্মসূচি বাতিল করল জিটিএ। পাহাড়ের দৈনন্দিন উন্নয়ন পরিচালনায় রাজ্য সরকারের হস্তক্ষেপ ও জিটিএ সদস্যকে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ জানাতে দিল্লি যাওয়ার কর্মসূচি নিয়েছিল জিটিএ। ও মাসেই এক প্রতিনিধি দলকে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানোর সিদ্ধান্ত হয়। ত্রিপাক্ষিক বৈঠক ডাকার আর্জি জানানোর কথা ছিল প্রতিনিধি দলটির। বৃহস্পতিবার জিটিএ-এর তরফে জানিয়ে দেওয়া হল, সে কর্মসূচি বাতিল করা হয়েছে। কারণ হিসেবে সদস্যরা জানান, দার্জিলিঙের সাংসদ সুরিন্দর সিংহ অহলুওয়ালিয়া তাদের দাবিগুলি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। তাই প্রতিনিধি পাঠানোর দরকার নেই বলে মনে করছেন তাঁরা। জিটিএ চেয়ারম্যান প্রদীপ প্রধান বলেন, “যে বৈঠকে দিল্লিতে দল পাঠানোর সিদ্ধান্ত হয়, তার সিদ্ধান্তের প্রতিলিপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। তাতে নানা দাবি-দাওয়া আছে। আশা করছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত পদক্ষেপ করবেন।” জামুনিতে পর্যটন প্রকল্পে অনিচ্ছুক জমিদাতাকে হুমকি দেওয়ার মামলায় যুক্ত সন্দেহে ২৭ জুন জিটিএ-এর সদস্য কাজিমান লোহাগুনকে পুলিশ গ্রেফতার করে। এরপরেই জিটিএ প্রধান বিমল গুরুঙ্গ, পদাধিকার বলে জিটিএ সদস্য সাংসদ অহলুওয়ালিয়া-সহ অন্যরা, মিথ্যে মামলায় সদস্যকে গ্রেফতার, জিটিএ-র কাজে রাজ্য সরকারের হস্তক্ষেপের অভিযোগ তোলে। ত্রিপাক্ষিক বৈঠকের দাবিতে জুলাই মাসের গোড়ায় জিটিএ-প্রতিনিধি দল দিল্লি পাঠানোর সিদ্ধান্ত নেয় শীর্ষ মোর্চা নেতারা। বৃহস্পতিবার সে সিদ্ধান্ত থেকে পিছু হটায় স্বভাবত প্রশ্ন উঠছে। দিল্লিতে প্রতিনিধি দল পাঠিয়ে রাজ্যর সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চাইছেন না মোর্চার নেতারা?
গোষ্ঠীদ্বন্দ্বে ধৃত প্রধান
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার
অঞ্চল সভাপতির বাড়ি ভাঙচুরের অভিযোগে তৃণমূল প্রধানকে গ্রেফতার করল পুলিশ। বুধবার কোচবিহারের কোতোয়ালির সুটকাবাড়ি এলাকায় বাড়ি থেকেই গ্রেফতার করা হয় ওই তৃণমূল প্রধান সিরাজুল হককে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, কর্মী-সমর্থকদের নিয়ে পাশের অঞ্চল মোয়ামারিতে গিয়ে তিনি ওই এলাকার সভাপতি বছিরুদ্দিন মিয়াঁ, মোয়ামারি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান হচমুদ্দিন মিয়াঁ সহ চার জনের বাড়িতে ভাঙচুর করেন। প্রধানকে ধরার প্রতিবাদে সুটকাবাড়িতে পথ অবরোধ করেন তৃণমূল কর্মীদের একাংশ। ঘণ্টাখানেক অবরোধ চলার পরে সকাল ১০টা নাগাদ পুলিশ গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়। কোচবিহারের জেলা পুলিশ সুপার রাজেশ যাদব বলেন, “অভিযোগের ভিত্তিতে প্রধানকে গ্রেফতার করা হয়েছে।” তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ ওই ঘটনায় বিরক্ত। তিনি বলেন, “দলের মধ্যে কেউ আইন ভেঙে কাজ করার চেষ্টা করলে বরদাস্ত করা হবে না। দলীয় শৃঙ্খলা মেনে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আইন আইনের পথে চলবে।” দলের সুটকাবাড়ির কর্মীদের একাংশ অবশ্য দাবি করেছেন, ওই ঘটনায় সিরাজুল হক জড়িত নন। প্রধানের ভাই তৃণমূল কর্মী রসিদুল হকের দাবি, ষড়যন্ত্রের শিকার হয়েছেন সিরাজুল। সুটকাবাড়ি অঞ্চলে তাঁর প্রভাব নষ্ট করতেই দলের একটি অংশ তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন বলে তাঁদের সন্দেহ। দলীয় সূত্রের খবর, পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের ওই প্রধানের বিরুদ্ধে ভোট কর্মীদের মারধরের অভিযোগ উঠেছিল। পরে তিনি ওই মামলায় জামিন নেন বলে পুলিশ সূত্রের খবর।
সাউন্ডবক্স বাজিয়ে সিসিইউ চালু কোচবিহার এমজেএনে
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার
হাসপাতাল চত্বরে সাউন্ড বক্স বাজিয়ে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ)-এর উদ্বোধন হল কোচবিহারে। বৃহস্পতিবার কোচবিহার এমজেএন হাসপাতালে সিসিইউয়ের উদ্বোধন হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ওই ইউনিটের উদ্বোধন করেন। হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিক ভাবে ওই উদ্বোধনের ঘোষণা করা হয়। হাসপাতাল চত্বরে মঞ্চ বেঁধে অনুষ্ঠান করায় অ্যাম্বুলেন্স সহ অন্য গাড়ি চলাচলে সমস্যা। প্রায় ২ ঘণ্টার অনুষ্ঠান চলাকালীন সাউন্ড বক্সের শব্দে ওয়ার্ডের ভিতরে রোগীদের দুর্ভোগ পোহাতে হয় বলে অভিযোগ। এ দিনের অনুষ্ঠানে পূর্ত দফতরের পরিসদীয় সচিব কোচবিহার এমজেএন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, জেলাশাসক পি ঊল্গানাথন, পুলিশ সুপার রাজেশ যাদব, মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভাশিস সাহা উপস্থিত ছিলেন। অভিযোগ, হাসপাতাল চত্বরে সাউন্ড বক্স বা মাইক বাজিয়ে কোনও অনুষ্ঠান করা নিষেধ। কিন্তু এদিন বেশ কয়েকটি সাউন্ড বক্স ব্যবহার করা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। রবীন্দ্রনাথবাবু অবশ্য দাবি করেন, “হাসপাতালের কোনও ঘরে যাতে কোনও রকম শব্দ না যায়, সে ব্যবস্থা করা হয়েছিল।” জেলাশাসক জানিয়েছেন, ঘেরাটোপে অনুষ্ঠানের আয়োজন করলে ভাল হত। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রায় ২ কোটি টাকা ২৫ লক্ষ টাকায় সিসিইউ তৈরি করা হয়েছে। সেখানে আধুনিক যন্ত্র বসানো হয়েছে। দেড়শ টাকায় সব সুবিধে পাবেন রোগীরা।
হোমের শৌচাগারের ঘুলঘুলি ভেঙে উধাও
হস্টেলের শৌচাগারের ঘুলঘুলি ভেঙে পালাল এক কিশোর আবাসিক। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সমাজকল্যাণ দফতরের রায়গঞ্জের সুর্যোদয় মূক ও বধির আবাসিক হোমে। ১৭ বছর বয়সী ওই কিশোরের নাম শিবশঙ্কর সরকার। বাড়ি রায়গঞ্জের উদয়পুর এলাকায়। শনিবার শিবশঙ্কর করণদিঘি থানা এলাকার ১৪ বছর বয়সী এক কিশোরীকে বিয়ে করে এক আত্মীয়ের বাড়িতে চলে যায় বলে অভিযোগ। নাবালক বিয়ের খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ দু’জনকেই উদ্ধার করে উত্তর দিনাজপুর জেলা শিশুকল্যাণ সমিতির হাতে তুলে দেয়। সমিতির তরফে এর পর শিবশঙ্কর ও ওই কিশোরীকে পৃথক ভাবে সূর্যোদয় হোমের কিশোর ও কিশোরীদের হস্টেলে রাখা হয়। বুধবার রাতে আবাসিকরা ঘুমিয়ে পড়লে শিবশঙ্কর ঘুলঘুলি ভেঙে পালিয়ে যায় বলে অভিযোগ। পুলিশ সূত্রের খবর, এ বছরে এই নিয়ে হোম থেকে ৭ আবাসিকের পালানোর ঘটনা ঘটেছে। তার মধ্যে মূক ও বধির দুই কিশোরকে পুলিশ উদ্ধার করতে পারলেও বাকিদের খোঁজ মেলেনি। মূলত মূক ও বধিরদের সূর্যোদয়ে রাখা হয়। হোমের দুটি পৃথক হস্টেলে ৪৭ কিশোর ও ৩৬ কিশোরীর মধ্যে ১২ কিশোর ও ১৪ কিশোরী স্বাভাবিক। হোমের অধ্যক্ষ পার্থসারথি দাস দাবি করেন, মূক ও বধির কিশোর কিশোরী ছাড়া স্বাভাবিক কিশোর কিশোরীদের হোমে রাখার সরকারি নিয়ম নেই। তাঁর দাবি, হোমে ৫০ আবাসিক রাখার সরকারি নির্দেশ থাকলেও তার চাইতেও বেশি আবাসিক রয়েছে। পরিকাঠামোগত সমস্যা ও কর্মীর অভাবে অতিরিক্ত আবাসিকদের উপর ঠিকমতো নজরদারি রাখা সম্ভব হয় না বলে তাঁর অভিযোগ।
নিত্য যানজট ইসলামপুরে
জাতীয় সড়কের দু’পাশে সার দিয়ে ফল ও পানের দোকান। রাস্তার উপরে ঝুড়ি, বস্তা রেখে চলছে ব্যবসা। ইসলামপুর শহরে ৩১ নম্বর জাতীয় সড়ক দখল করেই অবাধে ব্যবসা চললেও, প্রশাসন নির্বিকার। ইসলামপুরের মহকুমাশাসক নারায়ণচন্দ্র বিশ্বাস বলেন, “জাতীয় সড়কের পাশের এলাকা দখল মুক্ত করার জন্য নোটিস দেওয়া হবে। তাঁরা দখলমুক্ত না করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।” অভিযোগ, ইসলামপুরের থানা সংলগ্ন হাসপাতাল মোড় এলাকায় ফুটপাত দখল করেই ব্যবসা করছেন একদল পাইকারি ফল ও পান ব্যবসায়ী। শহরের বেশির ভাগ স্কুল, ব্যাঙ্ক থেকে অফিস, হাসপাতাল, থানা সব কিছুই এই এলাকাতে থাকায় দিনভরই ভিড় থাকে। পাইকারি ফল ও পানের দোকানের সামনে ট্রাক থেকে ছোট গাড়ি দাঁড়িয়ে থাকায় দিনভরই তীব্র যানজট লেগে থাকে বলে অভিযোগ। পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল অগ্রবাল বলেন, “ইসলামপুর নিয়ন্ত্রিত বাজার এলাকায় ফল ব্যবসায়ীদের দোকানের ব্যবস্থা রয়েছে।” সেখানে কবে বাজার স্থানান্তরিত হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা।
শাস্তির দাবি
ছাত্রী খুনের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে মিছিল করল পড়ুয়ারা। বৃহস্পতিবার দিনহাটার চৌধুরিহাটের চান্দের কুঠি হাইমাদ্রাসার ছাত্রছাত্রীরা মিছিল করে অভিযুক্তদের শাস্তি দাবি করে। পুলিশ সূত্রের খবর, চান্দের কুঠি হাইমাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী রাণীমা খাতুন গত বৃহস্পতিবার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। দু’দিন পরে চান্দের কুঠিতে একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাঁর পচাগলা দেহ উদ্ধার হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে তাঁর দুই পড়শিকে গ্রেফতার করে পুলিশ। কোচবিহারের পুলিশ সুপার রাজেশ যাদব বলেছেন, “ধৃতদের দু’দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।”
পাচারকারী মহিলা ধৃত
কাজের লোভ দেখিয়ে ১২ বছরের কিশোরকে পাচারের অভিযোগে এক মহিলাকে ধরল পুলিশ। ক্রান্তি রাজাডাঙা পঞ্চায়েতের বাসিন্দা সাকিনা খাতুন স্থানীয় এক কিশোরকে নিয়ে শিলিগুড়ি যাচ্ছিল বলে অভিযোগ। সেখান থেকে ওই কিশোরকে ভিন রাজ্যে নিয়ে যাওয়া হত বলে জেনেছে পুলিশ। একটি সংগঠনের কাছ থেকে আগাম খবর পেয়ে বুধবার মালবাজারের পুলিশ ওদলাবাড়ি থেকে সাকিনাকে ধরে। সিআই অনুপম মজুমদার জানিয়ছেন, উদ্ধার হওয়া ওই কিশোরকে জলপাইগুড়ির একটি হোমে পাঠানো হয়েছে। ধৃতকে জেরা করছে পুলিশ।
অস্বাভাবিক মৃত্যু
বৃহস্পতিবার ভারত ভুটান সীমান্তের জয়গাঁয় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম বিকাশ বরাইক (২৩)। বাড়ি থেকেই তাঁর দেহ উদ্ধার করা হয়। পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই যুবক। অন্য দিকে এ দিন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড এলাকায় এক কিশোরের দেহ উদ্ধার হয়। নাম ইন্দ্রজিৎ দেব (১৭)। এটিও আত্মহত্যার ঘটনা বলে পুলিশের অনুমান।
বিক্ষোভ-সমাবেশ
চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে কালচিনি ও চৌপথি এলাকায় বিক্ষোভ সমাবেশ করল চা শ্রমিক সংগঠনগুলি। চা শ্রমিক সংগঠন এনইউপি ডাব্লুর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রভাত মুখোপাধ্যায় জানান, বর্তমানে চা শ্রমিকরা দৈনিক ৯৫ টাকা মজুরি পান যা বাজারের জিনিসপত্রের দামের তুলনায় খুব কম। এ দিন বিক্ষোভ সমাবেশে শ্রমিক মজুরি অন্তত ২৮৫ টাকা করার দাবি জানানো হয়েছে। আগামী ১৬ জুলাই উত্তরকন্যায় চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয় ত্রিপাক্ষিক বৈঠক রয়েছে।
ক্ষোভ, স্কুলে তালা
মাধ্যমিক পাশ করেও, একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ মেলেনি অভিযোগ করে রতুয়ার সুর্যাপুর হাইস্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল ছাত্র-ছাত্রীরা। যদিও, ওই স্কুলে উচ্চ মাধ্যমিক পড়ার সুযোগ নেই। বিক্ষোভরত পড়ুয়ারা জানিয়েছেন, তারা সকলেই সুর্যাপুর স্কুল থেকেই পাশ করেছে, সে কারণেই ওই স্কুলে বিক্ষোভ দেখিয়েছে। বৃহস্পতিবার স্কুল শুরুর ঘণ্টা দেড়েক আগে বিক্ষোভকারীরা স্কুলে তালা লাগিয়ে দেয়।
বিদ্যুৎস্পর্শে জখম
চাল-কুমড়ো পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হল এক কিশোর। বুধবার কালচিনির হাসিমারা এমইএস চৌপথি এলাকায় । গুরুত্বর জখম ওই কিশোরকে প্রথমে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে ও পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়। জখম সুনীল বর্মন মধু টি হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র।
মেঘ-কুয়াশা-বৃষ্টি। দার্জিলিংয়ে।