বুধবার রাতে তেলের ট্যাঙ্কারের ধাক্কায় গুরুতর জখম চার জনের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে এক জন ও বৃহস্পতিবার সকালে আরও দু’জন মারা গিয়েছেন। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে দু’জন বাংলাদেশের বাসিন্দা। বাংলাদেশের নীলফামারির আলতাফ হুসেন (৩৬) ও বাংলাদেশেরই বোদাগঞ্জের শাহ মহম্মদ নাজিমুল গণির (৪০) মৃত্যু হয়েছে। আরেক মৃত পবন রবিদাস (৩৮) কোচবিহারের চ্যাংরাবান্ধার বাসিন্দা। মেখলিগঞ্জের বাসিন্দা সঞ্জীব বসুনিয়াকে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। শিলিগুড়ি পুলিশের এসিপি (পূর্ব) পিনাকী মজুমদার বলেন, ‘‘অপর এক ট্যাঙ্কার চালককে এখনও পাওয়া যায়নি। তার খোঁজে প্রশাসনিক সাহায্য নেওয়া হচ্ছে।’’ বুধবার রাত দশটা নাগাদ শিলিগুড়ি থেকে কোচবিহারের যাচ্ছিলেন চার গাড়ি আরোহী। আমবাড়ির কাছে নাওয়াপাড়ায় গাড়িটিকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি তেলের ট্যাঙ্কার। ট্যাঙ্কারের ধাক্কায় গাড়িটি দুমড়ে যায়। আরোহী চার জনকেই গুরুতর জখম অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যালে পাঠানো হয়।