CM Suvendu Adhikari

মুখ্যমন্ত্রী শুভেন্দু-সহ বিজেপি নেতাদের নামে অশালীন ভিডিয়ো ছড়ানোর অভিযোগ! পুলিশের জালে এক অভিযুক্ত

অভিযোগ, সমাজমাধ্যমে প্রচারিত একটি ভিডিয়োতে মুখ্যমন্ত্রী শুভেন্দু, দিলীপ এবং সুকান্ত-সহ বিজেপির কয়েক জন মহিলা নেত্রী সম্পর্কে অত্যন্ত কুরুচিকর, মানহানিকর এবং অশালীন মন্তব্য করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১৯:৫২
Share:

শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত ও অশালীন ভিডিয়ো ছড়ানোর অভিযোগ। ওই ঘটনায় এক জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার অপরাধ শাখা। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রাজেশ চক্রবর্তী। সোমবার তাঁকে কোর্টে তোলা হয়। আদালত ২৭ মে পর্যন্ত অভিযুক্তকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। কয়েক বছর আগে রাজেশের নির্দেশেই ওই সব ভিডিয়ো ছড়ানো হয়েছিল বলে জানা গিয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়াল ওই বিষয়ে অভিযোগ জানান। গত ২১ মে সাইবার থানায় মামলা রুজু হয়। অভিযোগ, সামাজিক মাধ্যমে প্রচারিত একটি ভিডিয়োতে মুখ্যমন্ত্রী শুভেন্দু, রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার-সহ রাজ্য বিজেপির কয়েক জন মহিলা নেত্রী সম্পর্কে অত্যন্ত কুরুচিকর, মানহানিকর এবং অশালীন মন্তব্য করা হয়েছে। তদন্তে পুলিশ জানতে পারে, ভিডিয়োটি প্রথমে পার্থ নাগ নামে এক ব্যক্তি তাঁর ফেসবুক প্রোফাইল থেকে আপলোড করেছিলেন। পরে তিনি সেটি মুছে দেন। জেরায় পার্থ দাবি করেন, ২০২৩ সালে রাজেশের প্ররোচনায় তিনি ভিডিয়োটি তৈরি ও আপলোড করেছিলেন। এর বিনিময়ে তাঁকে একাধিক বার ২,০০০ টাকা করে দিয়েছেন রাজেশ।

পুলিশের দাবি, তদন্তের সময় রাজেশ প্রথম নোটিসে হাজির হননি। দ্বিতীয় নোটিসে উপস্থিত হলেও তিনি তদন্তে সহযোগিতা করেননি এবং সংশ্লিষ্ট হোয়াট্‌সঅ্যাপ চ্যাট মুছে ফেলেছেন। এমনকি আর্থিক লেনদেন সম্পর্কেও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। এর পরেই নিউ টাউনের বাসিন্দা রাজেশকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের মতে, ওই ঘটনায় তদন্ত চলছে। এই ঘটনার পিছনে কোনও বৃহত্তর চক্রান্ত, অর্থের উৎস এবং আরও কারা জড়িত ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। সেই কারণেই পুলিশি হেফাজতের আবেদন করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement