—প্রতিনিধিত্বমূলক ছবি।
নাবালিকাকে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বীরভূমের একটি পুরসভা এলাকার ঘটনা। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা দায়ের করা হয়েছে। সোমবার কোর্টে অভিযুক্তের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃতার বাবা-মা দীর্ঘদিন আগে মারা যান। সে আত্মীয়ের বাড়িতে থাকত। পরিবারের দাবি, মেয়েটি বিশেষ ভাবে সক্ষম ছিল। আশপাশের এলাকায় ঘুরে ভিক্ষাবৃত্তি করে সেই আয় সংসারে দিত। বছর পনেরোর ওই নির্যাতিতার আত্মীয় জানান, শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিল সে। ওই দিন সন্ধ্যায় আত্মীয়েরা জানতে পারেন, অসুস্থ ও অচৈতন্য হয়ে শহরের একটি বাড়ির বারান্দায় পড়ে রয়েছে সে। গিয়ে দেখা যায়, মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে। ভর্তি করানো হয় হাসপাতালে।
আত্মীয়দের দাবি, তখনও মৃত্যু হয়নি মেয়েটির। সে জানায়, ফল বিক্রেতা এক যুবক তাকে ধর্ষণ করে মুখে কীটনাশক ঢেলেছে। সেই ফল বিক্রেতার নামও জানায়। পরিবারের তরফে ওই যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ হয়। পুলিশ তাকে গ্রেফতার করে। রবিবার বিকেলে চিকিৎসাধীন নির্যাতিতার মৃত্যু হয়।
জেলা পুলিশের এক আধিকারিক জানান, অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে নির্যাতিতার মৃত্যুর কারণ স্পষ্ট ভাবে বোঝা যাবে। আপাতত ধৃত যুবককে জেরা করে ঘটনার সূত্র পাওয়ার চেষ্টা চালানো হচ্ছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে