টুকরো খবর

বাড়িতে খবর না দিয়ে সরাসরি শববাহী গাড়িতে এক ব্যক্তির দেহ নিয়ে আসার ঘটনায় ক্ষোভ ছড়াল বিষ্ণুপুরের মল্লেশ্বর সাহাপাড়ায়। মঙ্গলবার সকালে মৃতের সঙ্গে তাঁর স্ত্রী, শ্বশুর-শাশুড়ি ও এক পরিজন থাকায় তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান মৃতের দাদা ও পড়শিরা।

Advertisement
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০০:৪৪
Share:

শববাহী গাড়িতে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর

Advertisement

বাড়িতে খবর না দিয়ে সরাসরি শববাহী গাড়িতে এক ব্যক্তির দেহ নিয়ে আসার ঘটনায় ক্ষোভ ছড়াল বিষ্ণুপুরের মল্লেশ্বর সাহাপাড়ায়। মঙ্গলবার সকালে মৃতের সঙ্গে তাঁর স্ত্রী, শ্বশুর-শাশুড়ি ও এক পরিজন থাকায় তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান মৃতের দাদা ও পড়শিরা। ভাইয়ের স্ত্রী ও শ্বশুরবাড়ির পরিজনদের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ করেন মৃতের দাদা। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। অসিত সৌ-র অভিযোগ, “আমার ভাই সুভাষ সৌ (৪৫) কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিল। সে কলকাতায় থাকত। প্রায়ই জানাত শ্বশুরবাড়ির লোকেরা শারীরিক ও মানসিক নির্যাতন করে। আগাম খবর না দিয়ে যে ভাবে ওরা ভাইয়ের দেহ নিয়ে এসেছে, তাতে সন্দেহ হচ্ছে ওকে মেরে ফেলেছে ওরা।” মৃতের স্ত্রী সুতপা সৌ-র পাল্টা দাবি, “স্বামীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ ঠিক নয়। সোমবার বিকেলে হঠাত্‌ অসুস্থ হয়ে বাড়িতেই মারা যান। মানসিক অবস্থা ভাল না থাকায় বিষ্ণুপুরে খবর দেওয়া যায়নি।

Advertisement

আজ ইলামবাজারে বিজেপির প্রতিনিধি দল

বারে বারে বিজেপি কার্যালয়ে ঢুকে কর্মী-সমর্থকদের মারধর, তাঁদের বাড়িতে লুঠপাট চালানো, বোমাবাজির অভিযোগ উঠছে ইলামবাজার। তাই আজ, বুধবার ইলামবাজার এলাকা ঘুরে দেখতে আসছেন বিজেপির একটি প্রতিনিধি দল। দলের দলের ইলামবাজার ব্লক পর্যবেক্ষক তথা জেলা কমিটির অন্যতম সম্পাদক চিত্তরঞ্জনের অভিযোগ, “গত ১৯ সেপ্টেম্বর রাত ৯টা নাগাদ ইলামবাজারের মূল রাস্তা এবং বাজারের ওপর থাকা আমাদের দলীয় কার্যালয়ে তৃণমূলের নেতাকর্মী এবং তাদের আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। দলীয় কর্মীদের মারধর, বোমাবাজি এবং লুঠপাট চালায় ওরা। তৃণমূলের সন্ত্রাসে সাধারণ মানুষও ভয়ে ভয়ে রয়েছেন। তাই এলাতার পরিস্থিতি সরেজমিন খতিয়ে দেখতে এবং পাশে দাঁড়াতে রাজ্যের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল আসছেন।”

Advertisement

সংস্কৃতির পদযাত্রা সাঁইথিয়ায়

‘সংস্কৃতির জন্য পদযাত্রা’ শীর্ষক একটি অনুষ্ঠান হয়েছে সাঁইথিয়ায়। আয়োজক সাঁইথিয়ার কয়েকটি পত্রিকা ও নাট্য সংস্থা। মঙ্গলবার বিকেলে ওই পদযাত্রায় পা মেলান শহরের বহু মানুষ। বিকেল পাঁচটায় স্থানীয় রবীন্দ্র ভবনে চয়নিকা, প্রগতি পত্রিকা এবং অতনু বর্মনের ‘খুড়াহে ঘরকে চল’ ছড়া বইয়ের উদ্বোধন করেন জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী ও সদর মহকুমাশাসক অরুন্ধুতি ভৌমিক। দ্বিতীয় পর্যায়ে নাট্য উত্‌সবের সূচনা করেন জেলার নাট্য ব্যক্তিত্ব সুবিনয় দাস। তিনটি একাঙ্ক নাটক মঞ্চস্থ হয়। প্রথম নাটক সাঁইথিয়া ওয়েক আপ নাট্যদল প্রযোজিত গৌতম রায়চৌধুরীর লেখা ‘মিনিরা ভোলেনি’। নির্দেশনায় ছিলেন নীললোহিত নন্দী। দ্বিতীয় নাটক জুলফিকর জিন্না রচিত ও নিদের্শিত ‘নগ্ন নখর’ পরিবেশন করে বোলপুরের আমরা সবুজ নাট্যসংস্থা। শেষ নাটক ‘সর্বাশী’ পরিবেশেন করে সিউড়ির ইয়ং নাট্য সংস্থা। নাটকটি অর্ণ মুখোপাধ্যায়ের লেখা ও সত্যজিত্‌ দাস নিদের্শিত।

জখম ৬ জন

জলট্যাঙ্ক মেরামতির কাজ করতে গিয়ে সিঁড়ি ভেঙে আহত হলেন ছয় শ্রমিক। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে বর্ধমান মেডিক্যালে স্থানান্তর করা হয়। ঘটনাটি মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে ইলামবাজার থানার সুকবাজার এলাকায়। ওই এলাকার একটি জলট্যাঙ্ক মেরামতির কাজ করছিলেন একই থানা এলাকার বিলাতি পঞ্চায়েতের শালডাঙা গ্রামের ছয় শ্রমিক। দুপুর দেড়টা নাগাদ আচমকা ওই জলট্যাঙ্কে সিঁড়ি ভেঙে পড়ে। তদন্ত শুরু হয়েছে।

প্রধানকে মারধর

মদ্যপ অবস্থায় পঞ্চায়েতে ঢুকে প্রধানকে মারধর, কর্মীদের হুমকি ও সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ উঠল দুই মদ্যপ ব্যক্তির বিরুদ্ধে। সোমবার পাড়ুইয়ের অবিনাশপুর পঞ্চায়েতের ঘটনা। তদন্ত করছে পুলিশ।

দেহ উদ্ধার

কুয়ো থেকে এক বৃদ্ধার দেহ উদ্ধার করল দমকল। মৃতার নাম সাবিত্রী দলুই (৭২)। সোমবার ঘটনাটি ঘটে মহম্মদবাজারের দেউচা সালুই পাড়ায়। ময়না-তদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কোথায় কী

রামপুরহাটে সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিচালনায়: নৃত্য নিকেতন। বিকেল ৫টা। স্থান: রক্তকরবী পুরমঞ্চ।

ভ্রম সংশোধন

মঙ্গলবার এই সংস্করণের চারের পাতায় ‘সেতুতে ধস, বিপাকে
৩৫টি গ্রাম শীর্ষক’ খবরে রামপুর হাইস্কুলের পরিবর্তে রামপুরহাট
হাইস্কুল লেখা হয়েছে। এই ত্রুটির জন্য আমরা দুঃখিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement