উচ্চমাধ্যমিকে জেলার কৃতী ঘরের ছেলে মণিশঙ্কর মাহাতোকে শুক্রবার বান্দোয়ানের গুরুড় পঞ্চায়েত অফিসে সংবর্ধনা দেওয়া হল। সে এ বার উচ্চমাধ্যমিকে ৪৬৯ নম্বর পেয়েছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে। মণিশঙ্করের বাড়ি গুরুড় পঞ্চায়েতেরই পড়াশা গ্রামে। অনুষ্ঠানে উপস্থিত বান্দোয়ানের বিডিও মধুসূদন মণ্ডল বলেন, ‘‘মণিশঙ্করের দৃষ্টান্ত টেনে যাতে এলাকার ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হয় সে জন্য তাকে সংবর্ধনা দেওয়া হল।’’ একই সঙ্গে গুরুড় পঞ্চায়েতের হেতাকোল হাইস্কুলের সর্বোচ্চ নম্বর পাওয়া শম্ভু কালিন্দিকেও সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের প্রধানশিক্ষক ও পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।