টুকরো খবর

বিদ্যালয়ের জন্ম-শংসাপত্রে বয়স দেখে পুরুলিয়ার জয়পুর থানার গ্রামে এক নাবালিকার বিয়ে বন্ধ করেছিল প্রশাসন। ঝাড়খণ্ডে নিয়ে গিয়ে সেদিনই পরিবার গোপনে ওই মেয়েটির বিয়ে দিয়েছে বলে প্রশাসনের কাছে অভিযোগ জানাল ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পুরুলিয়া জেলা শাখা। শুক্রবার বিয়ের দিনই প্রশাসন রুখে দিয়েছিল অষ্টম শ্রেণির ওই ছাত্রীর বিয়ে। পাত্র ছিলেন ঝাড়খণ্ডেরই। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি-র জেলা শাখাই প্রথম ওই বিয়ের খবর পেয়ে প্রশাসনকে জানিয়েছিল। জয়পুরের বিডিও মেঘনা পাল বলেন,“ আমি শুনেছি, অভিযোগ জমা পড়েছে।”

Advertisement
শেষ আপডেট: ১১ মার্চ ২০১৪ ০০:৩৫
Share:

লুকিয়ে বিয়ে দেওয়ার নালিশ
নিজস্ব সংবাদদাতা • জয়পুর

Advertisement

বিদ্যালয়ের জন্ম-শংসাপত্রে বয়স দেখে পুরুলিয়ার জয়পুর থানার গ্রামে এক নাবালিকার বিয়ে বন্ধ করেছিল প্রশাসন। ঝাড়খণ্ডে নিয়ে গিয়ে সেদিনই পরিবার গোপনে ওই মেয়েটির বিয়ে দিয়েছে বলে প্রশাসনের কাছে অভিযোগ জানাল ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পুরুলিয়া জেলা শাখা। শুক্রবার বিয়ের দিনই প্রশাসন রুখে দিয়েছিল অষ্টম শ্রেণির ওই ছাত্রীর বিয়ে। পাত্র ছিলেন ঝাড়খণ্ডেরই। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি-র জেলা শাখাই প্রথম ওই বিয়ের খবর পেয়ে প্রশাসনকে জানিয়েছিল। জয়পুরের বিডিও মেঘনা পাল বলেন,“ আমি শুনেছি, অভিযোগ জমা পড়েছে।”

Advertisement

প্রচার কৌশলে বৈঠক প্রার্থীর
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর

শহরে প্রচারের রণকৌশল ঠিক করতে বিষ্ণুপুরে দলীয় কাউন্সিলরদের নিয়ে বৈঠক করলেন বিষ্ণুপুর লোকসভা আসনের তৃণমূল প্রার্থী সৌমিত্র খা।ঁ সোমবার দুপুরে বিষ্ণুপুর পুরসভায় অনুষ্ঠিত ওই সভায় হাজির ছিলেন বিষ্ণুপুরের পুরপ্রধান তথা রাজ্যের বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বৈঠক শেষে শ্যামবাবু বলেন, “দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। প্রচার-কৌশল ঠিক করতে এ দিন প্রার্থীকে নিয়ে আলোচনায় বসেছিলাম। নির্বাচনী বিধি মেনে অন্যান্য প্রচার কাজও শুরু হয়ে যাবে।” কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সৌমিত্রবাবু বলেন, “বিষ্ণুপুর শহর তৃণমূলের শক্ত ঘাঁটি। তবু ভোটের প্রচার নিয়ে একটা আলোচনা হল। শীঘ্রই সেখানে প্রচারে নামব। এ দিন ইন্দাস ও সোনামুখী থেকে প্রচার কাজ শুরু করছি আমরা।”

Advertisement

ষোলোটি তালা ভেঙে চুরি প্রাচীন মন্দিরে

মূল দরজার দু’টি তালা-সহ মোট ১৬টি তালা ভেঙে চুরি হল মন্দিরে। পুরুলিয়ার রঘুনাথপুর থানার বেড়ো গ্রামের ঘটনা। রবিবার রাতে বেড়োর খেলাই চণ্ডী মন্দিরে ঢুকে দুষ্কৃতীরা চুরি করে বিগ্রহের গয়না, ভোগের বাসনপত্র, বড় পিতলের ঘণ্টা-সহ প্রায় সব কিছুই। মন্দির কমিটির সম্পাদক জয়দেব মাজির দাবি, মন্দির থেকে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়েছে। বেড়ো গ্রাম থেকে কিছুটা দূরেই শতাব্দী প্রাচীন ওই মন্দির। চণ্ডী বিগ্রহটি দামি মার্বেলের। পুরুলিয়া-সহ পাশের বিভিন্ন জেলা, এমনকী ঝাড়খণ্ড থেকেও পুণ্যার্থীরা আসেন এই মন্দিরে। মন্দির লাগোয়া এলাকায় বড় মেলাও বসে। জয়দেববাবু জানান, বহু প্রাচীন মন্দিরটি জীর্ণ হয়ে পড়ায় সম্প্রতি নতুন মন্দির নির্মাণ করা হয়েছিল। তিনি বলেন, “সোমবার ভোরে মন্দিরে গিয়ে দেখা যায়, মূল দরজার তালা ভাঙা, বিগ্রহের সোনা-রুপোর গয়না নেই। দুষ্কৃতীরা মন্দিরের ভিতরে আলমারি, লকার ও অন্য ঘরগুলির সমস্ত তালা ভেঙে চুরি করেছে ভোগের বাসন, চারটে বড় ঘণ্টা।” মন্দিরে বিদ্যুৎ সংযোগ আনার জন্য সম্প্রতি তার কিনে আনা হয়েছিল। চোরেরা তা-ও তাই পালিয়েছে। এ দিন সকালে মন্দির কমিটির তরফে অভিযোগ করা হয় রঘুনাথপুর থানায়। দু’বার মন্দিরে তদন্তে যায় পুলিশ। কিন্তু, এখনও কিছুই উদ্ধার হয়নি। পুলিশ জানিয়েছে, গ্রাম থেকে কিছুটা দূরে মন্দির হওয়ায় রাতে চুরির ঘটনা টের পাননি বাসিন্দারা।

ভাঙচুরের অভিযোগ

পঞ্চায়েতে ভাঙচুরের অভিযোগ উঠল এক পঞ্চায়েত সদস্যার স্বামী এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে। সোমবার দুপুর ১২টা নাগাদ ঘটনাটি ঘটে তৃণমূল ও বিজেপি পরিচালিত ময়ূরেশ্বরের দক্ষিণগ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েত এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় পাখুড়িয়া সংসদের সিপিআই সদস্যা কনিকা দাসের স্বামী তামাল লেট ও তাঁর কয়েকজন অনুগামীদের বিরুদ্ধে পঞ্চায়েতের চেয়ার এবং ল্যাপটপ ভাঙা-সহ তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। পঞ্চায়েতের প্রধান, তৃণমূলের ছবি বাগদির অভিযোগ, “যেহেতু আর্থিক বছর শেষ হচ্ছে, সে জন্য পঞ্চায়েতে ১৫ দিন একশো দিন কাজের প্রকল্প বন্ধ রাখা হয়েছে। তার পরেও কাজের দাবিতে পঞ্চায়েতের ভিতরে ঢুকে ওরা ভাঙচুর করে চলে গেল।” অবশ্য এমন কোনও ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন তামালবাবু ও তাঁর অনুগামীরা। তাঁদের দাবি, “রাজনৈতিক উদ্দেশ্যে ওরা আমাদের বিরূদ্ধে মিথ্যা অভিযোগ করছে।” পুলিশ জানায়, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ ভবন তৈরি নিয়ে বৈঠক

বিশ্বভারতীতে বাংলাদেশ ভবন তৈরির জন্য প্রাথমিক বৈঠক হয়ে গেল সোমবার। এ দিন বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্তের সঙ্গে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আবিদা ইসলাম, শেখ হাসিনা সরকারের উপদেষ্টা গওহর রাজভি বৈঠক করেন। বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র বাংলাদেশের সাহিত্য, ইতিহাস-সহ ওই দেশ সম্পর্কিত একাধিক বিষয়ে গবেষণার জন্য এই ভবন তৈরি করা হবে তা নয়, বাংলাদেশ ভবনের পরিসরের মধ্যে থাকবে অডিটোরিয়াম, আর্ট গ্যালারি, প্রদর্শশালা প্রভৃতি। এই ভবন তৈরির সমস্ত খরচ বাংলাদেশ বহন করবে। বিশ্বভারতীর ইন্দিরা ভবন লাগোয়া এলাকায় প্রায় ২ বিঘে জমির উপর ভবনটি গড়ে উঠবে। বিশ্বভারতী সূত্রের খবর, প্রাথমিক ভাবে বিশ্বভারতীর কিছু ছাত্রছাত্রী ওই দেশে পড়তে যাবেন ও শিক্ষক-শিক্ষিকারা সেখানে পড়াতে যাবেন এবং একই ভাবে ওই দেশের কিছু ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা বিশ্বভারতীতে আসবেন বলে (এক্সচেঞ্জ কর্মসূচি) সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুর্ঘটনায় মৃত ২

দু’টি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। মৃতেরা হলেন বোলপুরের মকরমপুরের বাসিন্দা বিপ্লব ঘোষ (৩০) ও নলহাটির নওয়াপাড়া গ্রামের খায়ের শেখ (৫৯)। পুলিশ জানায়, সোমবার সকাল ৯টা নাগাদ কর্মক্ষেত্রে যাচ্ছিলেন বিপ্লববাবু। জামবুনি বাসস্ট্যান্ডের কাছে রাস্তা পার হওয়ার সময়ে একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়। ট্রাকটি আটক করা হলেও চালক ও খালাসি পলাতক। অন্য দিকে রবিবার রাতে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন খায়ের শেখ। নাকপুর চেকপোস্ট থেকে পাঁচগ্রাম যাওয়ার রাস্তায়, নওয়াপাড়া গ্রামের কাছে একটি দশ চাকার লরি তাঁকে ধাক্কা মারে।

দুই যুবক গ্রেফতার ইন্দাসে

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের দু’টি পৃথক অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল ইন্দাস থানার পুলিশ। ধৃতেরা হলেন ইন্দাসের শাসপুর গ্রামের বাসিন্দা তাপস রুইদাস ও গেছো গ্রামের কার্তিক মাঝি। পুলিশ জানিয়েছে, দুই গ্রামের দুই তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে বাড়ি থেকে ওই দুই যুবককে ধরা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১২ সালের ১ মে তাপসের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর সঙ্গে সহবাসের অভিযোগ করেছিলেন এলাকার এক তরুণী। তার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক ছিলেন। অন্য দিকে, কার্তিকের বিরুদ্ধে এক তরুণী থানায় গত শুক্রবার লিখিত অভিযোগ করে জানান, বছরখানেক ধরে ওই যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সুযোগ নিয়ে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে কার্তিক তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এখন তাঁকে বিয়ে করতে অস্বীকার করছেন। সোমবার ধৃতদের বিষ্ণুপুর আদালতে তোলা হয়।

ছবি জমা দিল তৃণমূল

ঝালদায় বামেদের বর্ধিত কর্মিসভায় শব্দবিধি ভঙ্গের অভিযোগ ছবি-সহ প্রশাসনের কাছে জমা দিল তৃণমূল। গত শুক্রবার ঝালদায় হাটতলার কাছে বড় সাউন্ডবক্স ব্যবহার করে বামফ্রন্ট কর্মিসভা করেছে বলে অভিযোগ তুলেছিল তৃণমূল। ওখানে সভা করার কথা ছিল শাসকদলেও। কিন্তু, শব্দবিধি সংক্রান্ত অনুমতি না মেলায় তা বাতিল করা হয়। ঝালদার পুরপ্রধান প্রদীপ কর্মকার বলেন, “আমরা ফোনে আগেই অভিযোগ জানিয়েছিলাম। এ বার সেদিনের সভার ছবি প্রশাসনের কাছে জমা দিলাম।” পুরুলিয়ার মহকুমাশাসক (পশ্চিম) নিমাইচাঁদ হালদার বলেন, “ওই অভিযোগপত্র এখনও হাতে পাইনি। নিবার্চনী আচরণ বিধি সংক্রান্ত বিষয়টি যাঁরা দেখছেন, তাঁদের কাছে অভিযোগপত্রটি পাঠিয়ে দেওয়া হবে।’’

আদ্রায় আলোচনা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার আদ্রায় আলোচনাসভার আয়োজন করেছিল মেন্স কংগ্রেস। বর্তমান সমাজে নারীদের ভূমিকা নিয়ে আলোচনার পাশাপাশি আদ্রার এক মহিলা চিকিৎসক ও শিক্ষিকাকে তাঁদের কর্মক্ষেত্রে সাফল্যের জন্য সংবর্ধনা দেওয়া হয়। ১৫ জন মহিলা রেলকর্মীকে নিয়ে রেলে কর্মরত মহিলাদের বিভিন্ন সমস্যা মেটানোর জন্য বিশেষ শাখা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই সভায়।

দেওয়ালই ক্যানভ্যাস


তুলি পরীক্ষায় ব্যস্ত শিল্পীদের ছবিটি তুলেছেন অনির্বাণ সেন।

রুজির উপায়ও। বছরভর অন্য কাজে থাকা এই শিল্পীরা ভোট মরসুমে নেমে পড়েন দেওয়াল লেখায়। ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাস শিকেয় থাকুক, দেওয়াল লেখেন সব দলের হয়ে। কারও আয় দেওয়াল পিছু ১০০ টাকা। আবার যাঁরা দেওয়াল লেখাচ্ছেন, তাঁরা রং-তুলির ব্যবস্থা করলে সেটাই নেমে আসে ৬০ টাকায়। কারও আবার দৈনিক চুক্তি আছে। শিল্পী থেকে শিল্পী তা ৪০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত ঘোরাফেরা করে। রামপুরহাট মহকুমায় এমন দেওয়াল লিখিয়ের সংখ্যা জনা ৪৫। ভোটের আগে ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করে এক মরসুমে এঁদের অনেকে ৩০-৪০ হাজারের কাছাকাছি আয় করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement