Kalbaishakhi In West Bengal

রবিবার থেকেই কলকাতা-সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস! জারি শিলাবৃষ্টি ও কালবৈশাখীর সতর্কতা

দক্ষিণবঙ্গে রবিবার থেকে বৃহস্পতিবার দু’দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি আরও বাড়বে। শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ০২:৩৬
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই উষ্ণ ও আর্দ্র আবহাওয়া দেখা গিয়েছে। গরমের অস্বস্তিও অনুভব করা গিয়েছে সর্বত্র। রবিবার থেকে আবার আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে। বৃহস্পতিবার পর্যন্ত রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। একাধিক জেলায় জারি করা হয়েছে সতর্কতাও।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। মঙ্গলবার ও বুধবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এর ফলে গরম কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।

দক্ষিণবঙ্গে রবিবার থেকে বৃহস্পতিবার দু’দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি আরও বাড়বে। শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে। তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমে যাবে।

Advertisement

সোমবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার কালবৈশাখী ঝড় হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। বুধবার ঝড় হতে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে।

রবিবার সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। সোমবার থেকে কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও এই সতর্কতা জারি করা হয়েছে। মূলত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই সমস্ত জেলায়। হতে পারে শিলাবৃষ্টিও।

Advertisement

রবিবার থেকে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও ঝড়বৃষ্টি হতে পারে। জারি রয়েছে সতর্কতা। সোমবার থেকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বাইবে। মঙ্গলবার শিলাবৃষ্টি-সহ দুর্যোগের আশঙ্কা রয়েছে জলপাইগুড়ি ও কোচবিহারে।

শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই উষ্ণ ও আর্দ্র আবহাওয়া ছিল। সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি বেশি। গরমের অস্বস্তি অনুভূত হয় সর্বত্র। উত্তর ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে তুলনামূলক ভাবে বেশি গরম। কলকাতা-সহ সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া ছিল।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। অন্য দিকে, সোম-মঙ্গলবার নাগাদ ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement