পর্যটনে নানা প্রস্তাব পর্যালোচনা বৈঠকে

জলপাইগুড়ির জুবিলি পার্কে এবং শিলিগুড়িতে বেঙডুবি এলাকায় পর্যটন দফতরের সঙ্গে যৌথভাবে বন বাংলো তথা ‘কটেজ’ তৈরি করবে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। মালদহে ১০ কোটি টাকা খরচ করে গড়ে তোলা হচ্ছে ভূগর্ভস্থ পার্কোম্যাট। কোচবিহারের বৈরাগীদিঘিতে সাড়ে ৫ কোটি টাকা খরচে তৈরি হবে ফোয়ারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৬ ০২:২৭
Share:

জলপাইগুড়ির জুবিলি পার্কে এবং শিলিগুড়িতে বেঙডুবি এলাকায় পর্যটন দফতরের সঙ্গে যৌথভাবে বন বাংলো তথা ‘কটেজ’ তৈরি করবে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। মালদহে ১০ কোটি টাকা খরচ করে গড়ে তোলা হচ্ছে ভূগর্ভস্থ পার্কোম্যাট। কোচবিহারের বৈরাগীদিঘিতে সাড়ে ৫ কোটি টাকা খরচে তৈরি হবে ফোয়ারা।

Advertisement

মঙ্গলবার উত্তরকন্যায় জলপাইগুড়ি, শিলিগুড়ি পুর এবং মহকুমা পরিষদ এলাকা, মালদহ এবং উত্তর দিনাজপুরে উন্নয়ন কাজের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকের পর এ কথা জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। আর্থিক বছরের শেষ ভাগে এসে দফতরের একাংশ কাজ বাকি থাকায় সেগুলি দ্রুততার সঙ্গে শেষ করতে উদ্যোগী উত্তরবঙ্গ উন্নয়ন দফতর।

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, ‘‘২০১৫-২০১৬ আর্থিক বছরের বাজেটে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের তরফে ৪৫০ কোটি টাকা খরচে বিভিন্ন উন্নয়ন কাজের পরিকল্পনা নেওয়া হয়েছিল। সমস্ত কাজেরই টেন্ডার এবং ওয়ার্ক অর্ডার হয়েছে। তবে কাজগুলি শেষ করতে আরও ৫০ কোটি টাকা বাড়তি খরচ লাগবে।’’ তিনি জানান, পর্যটন দফতরের সঙ্গে মিলিতভাবে জুবিলি পার্কে এবং বেঙডুবি এলাকায় কজেট তৈরি করা হবে। তাতে পর্যটকেরা ওই সমস্ত জায়গায় থাকতে উৎসাহী হবেন। মালদহের পার্কোম্যাটে অন্তত ২০০ গাড়ি দাঁড়াতে পারবে।

Advertisement

অসুস্থতার জন্য দুই মাস তাঁকে শহরের বাইরে থাকতে হয়েছে। সে জন্য কাজের বিষয়ে অনেক সময় নজর দিতে পারেননি। বাইপাস সার্জারির পর কলকাতায় ছিলেন তিনি। একটু সুস্থ হতেই গত ৫ জানুয়ারি কলকাতায় দফতরের আধিকারিকদের নিয়ে দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলি জেলায় বিভিন্ন উন্নয়ন কাজের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক সেরেছেন। রবিবার শহরে ফেরার পর এ দিন বাকি জেলাগুলিতে উন্নয়ন কাজের পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। এ দিনের বৈঠকে সংশ্লিষ্ট জেলাশাসকদের উপস্থিত থাকার কথা ছিল। তবে নির্বাচন সংক্রান্ত বৈঠকের জন্য তাঁরা কেউই আসতে পারেননি। সংশ্লিষ্ট জেলার অতিরিক্ত জেলাশাসক, শিলিগুড়ির মহকুমাশাসকরা এসেছেন বলে জানানো হয়।

বৈঠক শেষে মন্ত্রী জানান, উত্তরকন্যায় কনফারেন্স হল এবং লাগোয়া ভবনের নির্মাণ কাজ শেষের পথে। শিলিগুড়ি গেটের কাজের জন্য কয়েকটি গাছ কাটতে হবে। তার অনুমতি চাওয়া হয়েছে। সাফারি পার্কের প্রথম দফার কাজ শেষ করে আগামী কাল, বৃহস্পতিবার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। হিলকার্ট রোড থেকে চার্চ রোডে ঢোকার রাস্তা সম্প্রসারণ করে ১০ ফুট চওড়া করা হবে। ওই কাজের জন্য একটি ট্রান্সফরমারের যন্ত্রাংশের একাংশ সরানোর জন্য বিদ্যুৎ দফতরকে জানানো হয়েছে। শালুগাড়ায় একটি দমকল কেন্দ্র তৈরি করা হবে। শিলিগুড়ি শহরে হিলকার্ট রোড এবং ব৪ধমান রোড সংস্কারের কাজ করবে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। পুর এলাকায় আরও ৬ টি উন্নয়ন কাজের জন্য পুরসভার কাছে দফতরের তরফে অনুমোদন চাওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement