Israel-Hezbollah Conflict

নেতানিয়াহুর হুমকির পরেই লেবাননে আবার হামলা শুরু ইজ়রায়েলি সেনার! মহিলা, শিশু-সহ নিহত অন্তত ৩১

লেবাননের স্বাস্থ্য দফতর জানিয়েছে জানিয়েছে, মার্চ থেকে এ পর্যন্ত ইজ়রায়েলি হামলায় ৩২০০ জন অসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র হিসাব বলছে, ১৬ এপ্রিলের পর থেকে ‘সংঘর্ষবিরতি পর্বে’ নিহতের সংখ্যা অন্তত ৬০৮।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ২০:৫৫
Share:

লেবাননে ইজ়রায়েলি হামলা। ছবি: রয়টার্স।

ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মঙ্গলবার সকালে লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লার বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছিলেন। রাত নামার পরেই তা কার্যকর করল ইজ়রায়েলি সেনা। ১৬ এপ্রিল ঘোষিত সংঘর্ষবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় অন্তত ১২০টি বিমানহানা চালানো হল। ইজ়রায়েলি বিমানহানায় মহিলা, শিশু-সহ অন্তত ৩১ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন বলে বুধবার জানিয়েছে লেবানন সরকার।

Advertisement

লেবাননের স্বাস্থ্য দফতর জানিয়েছে, মার্চ মাসের গোড়া থেকে এ পর্যন্ত ইজ়রায়েলি হামলায় ৩২০০ জন অসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র হিসাব বলছে, ১৬ এপ্রিলের পর থেকে ‘সংঘর্ষবিরতি পর্বে’ নিহতের সংখ্যা অন্তত ৬০৮। মঙ্গলবার রাতে টায়ার ও মারজ়াইউন জেলার কয়েকটি আবাসিক এলাকায় হামলা চালায় ইজ়রায়েলি যুদ্ধবিমান। বুর্জ আল-শেমালি, হাব্বুশ, মারাকেহ, সেলা ও কাওতারিয়াত আল-রুজ-সহ বিভিন্ন শহর ও গ্রাম লক্ষ্য করে এ সব হামলা চালানো হয়।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মাটিতে ইজ়রায়েলি সেনার হামলার পরেই প্রত্যাঘাত করেছিল তেহরানের মদতপুষ্ট সশস্ত্র শিয়া গোষ্ঠী হিজ়বুল্লা। জবাবে রাজধানী বেইরুট-সহ লেবাননের বিস্তীর্ণ এলাকায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা শুরু করেছে তেল আভিভ। এর জেরে এখনও পর্যন্ত অন্তত ৮ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছেন। সেখানে মোতায়েন রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষীদের নিরাপত্তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

Advertisement

বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ভারত-সহ ৩০টি দেশ। ওই পরিস্থিতিতে গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজ়রায়েল এবং লেবাননের মধ্যে ১০ দিনের সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেছিলেন। ইজ়রায়েল-হিজ়বুল্লা সংঘাত পশ্চিম এশিয়ায় শান্তির পথে অন্যতম ‘কাঁটা’। ইরানের সঙ্গে আমেরিকা এবং ইজ়রায়েলের সমঝোতার ক্ষেত্রেও এই সংঘর্ষবিরতি অতি প্রয়োজন। ইরান বার বার দাবি করে এসেছে, সমঝোতা করতে হলে লেবাননে ইজ়রায়েলের আগ্রাসনও বন্ধ করতে হবে। সেই পরিস্থিতিতে লেবাননে নতুন করে ইজ়রায়েলি হানায় পরিস্থিতি আবার উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement