লেবাননে ইজ়রায়েলি হামলা। ছবি: এএফপি।
সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে আবার হামলা চালাল ইজ়রায়েল। বেকা উপত্যকায় শুক্রবার গভীর রাতে ইজ়রায়েলি বিমানহানায় অন্তত ১২ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন। লেবানন সরকার এবং সেনার দু’টি সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
হামলার কথা স্বীকার করেছে তেল আভিভও। ইজ়রায়েলি সেনার দাবি, তারা বালবেক এলাকায় ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লার বিভিন্ন ঘাঁটি নিশানা করে এই হামলা চালিয়েছে। লেবানন সেনার একটি সূত্র জানাচ্ছে, বালবেক এলাকায় হিজ়বুল্লার কমান্ড সেন্টারে ইজ়রায়েলি বিমানহানায় সংগঠনের এক প্রথম সারির নেতা নিহত হয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজ়ায় প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইজ়রায়েলি সেনার অভিযান শুরুর পরেই দক্ষিণ লেবাননে সক্রিয় শিয়া জঙ্গিগোষ্ঠী হিজ়বুল্লা তেল আভিভের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেছিল। তার পরে এক বছর ধরে দু’তরফের সংঘর্ষ চলে। শেষ পর্যন্ত গত বছরের গোড়ায় আমেরিকা এবং ফ্রান্সের মধ্যস্থতায় দুই পক্ষ সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। বলা হয়েছিল, যুদ্ধবিরতির সময়ে দুই দেশ থেকে সাধারণ মানুষ নিরাপদে ঘরে ফিরতে পারবেন।
ওই যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, লেবানন সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়ার কথা ইজ়রায়েলের। কোনও পক্ষই একে অপরের বিরুদ্ধে নতুন করে আক্রমণ শানাতে পারবে না বলেও স্পষ্ট উল্লেখ রয়েছে চুক্তিতে। কিন্তু তা লঙ্ঘন করে নেতানিয়াহুর বাহিনী ধারাবাহিক হামলা চালাচ্ছে বলে গত নভেম্বরে অভিযোগ করেছিল রাষ্ট্রপুঞ্জ। জানিয়েছিল, সংঘর্ষবিরতি চুক্তির পরেও ইজ়রায়েলি হামলায় লেবাননে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। লেবানন সরকারের অভিযোগ, দক্ষিণাঞ্চলে তাদের ভূখণ্ডের পাঁচটি সামরিক কৌশলগত অবস্থান এখনও দখলে রেখেছে ইজ়রায়েলি সেনা। ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে সংঘাতের আবহে পশ্চিম এশিয়ায় নৌবহর মোতায়েন শুরু করেছে আমেরিকা। এই আবহে লেবাননে নতুন করে ইজ়রায়েলি হামলা বড় অশান্তির অনুঘটক হতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন।