‘অভিযুক্ত’ বেশি বিজেপির, কোটিপতির নিরিখে তৃণমূল

বিভিন্ন দলীয় ও নির্দল প্রার্থীর হলফনামা বিচার করে তথ্য প্রকাশ করেছে ‘ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ’ ও ‘অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রাইটস’ (এডিআর)।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ০৭:০০

—প্রতীকী চিত্র।

রাজ্যে আসন্ন বিধানসভা ভোটের প্রথম দফার ২৩ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে অপরাধের মামলা আছে। ২০ শতাংশ প্রার্থী নিজেদের হলফনামায় গুরুতর মামলায় অভিযুক্ত হওয়ার কথা জানিয়েছেন। এ বারের ভোটে ২১ শতাংশ প্রার্থীই কোটিপতি। ১০ কোটি টাকা বা তার বেশি সম্পত্তি আছে, এমন ৩৫ জন প্রার্থী প্রথম দফার ভোটে লড়ছেন। বিভিন্ন দলীয় ও নির্দল প্রার্থীর হলফনামা বিচার করে এই তথ্য প্রকাশ করেছে ‘ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ’ ও ‘অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রাইটস’ (এডিআর)। তারা জানিয়েছে, প্রথম দফায় ১৪৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে ১৪৭৫ জনের হলফনামা বিশ্লেষণ করা গিয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, বাকি তিন জনের মধ্যে দু’জনের হলফনামার পাতা অস্পষ্ট ভাবে স্ক্যান করা হয়েছে। বাঁকুড়ার ইন্দাসের নির্দল প্রার্থী অনির্বাণ ডাকুয়ার হলফনামার জায়গায় অন্য এক কেন্দ্রের প্রার্থীর হলফনামা আপলোড করা হয়েছে। অথচ সেই হলফনামায় অনির্বাণ এবং ইন্দাসের রিটার্নিং অফিসারেরস্বাক্ষর আছে।

‘এডিআর’ ও ‘ওয়েস্টবেঙ্গল ইলেকশন ওয়াচ’-এর রিপোর্ট অনুযায়ী, অপরাধে জড়িত থাকা প্রার্থীদের মধ্যে শতাংশের হিসাবে সব থেকে উপরে আছে বিজেপি। তাদের ৭০ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে অপরাধের অভিযোগ আছে। তার পরেই সিপিএম (৪৪ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে অপরাধের অভিযোগ), তৃণমূল (৪৩ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে অপরাধের অভিযোগ) এবং কংগ্রেস (২৬ শতাংশ প্রার্থী অভিযুক্ত)। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, রাজ্যে বিভিন্ন সময়েই বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে বলে অভিযোগ ওঠে। কিন্তু খোদ শাসক দলের ৪৩ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে মামলা থাকা ‘তাৎপর্যপূর্ণ’। রিপোর্টে প্রকাশিত হয়েছে, মোট প্রার্থীর ২০ শতাংশ ‘গুরুতর’ মামলায় অভিযুক্ত। ৯৮ জন প্রার্থী নারীদের বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত এবং তার মধ্যে ৬ জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা আছে। ১৯ জন প্রার্থী খুন এবং ১০৫ জন খুনের চেষ্টার মামলায় অভিযুক্ত।

রাজ্যে কোটিপতি প্রার্থীর নিরিখে এগিয়ে আছে শাসক দল তৃণমূল। প্রথম দফায় তাদের ১৪৮ জন প্রার্থীর মধ্যে ১০৬ জন কোটিপতি এবং ১৪৮ জনের গড় সম্পত্তির পরিমাণ ৫ কোটি ৭০ লক্ষ টাকা। তার পরেই আছে বিজেপি। তাদের ১৫২ জন প্রার্থীর মধ্যে ৭১ জন কোটিপতি এবং গড় সম্পত্তির পরিমাণ ২.৫৭ কোটি টাকা। কোটিপতির নিরিখে তৃতীয় স্থানে কংগ্রেস। তাদের ১৫১ জন প্রার্থীর মধ্যে ৫০ জন কোটিপতি এবং গড় সম্পদ ২.০৬ কোটি টাকা। সিপিএমের ৯৮ জন প্রার্থীর মধ্যে ২৪ জন কোটিপতি এবং গড় সম্পদ ৯২.৪২ কোটি টাকা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

BJP TMC

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy