রাজনৈতিক পালাবদল হয়ে গিয়েছে রাজ্যে। ভাবী মুখ্যমন্ত্রীর সচিবালয় নবান্ন থেকে কলকাতায় সরিয়ে আনতে উদ্যোগ শুরু হয়েছে। সেই পর্যায়ে মঙ্গলবার নবান্নে জরুরি বৈঠক করেছেন দায়িত্বপ্রাপ্ত মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়াল। নীতিগত ভাবে নয়া শাসকদল বিজেপি সিদ্ধান্ত নিয়েছে, তাদের মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসন পরিচালনা করবেন মহাকরণ থেকে। কিন্তু ২০১৩ সালে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ থেকে নিজের সচিবালয়ে নিয়ে চলে যান নবান্নে। তারপর থেকে রাজ্য সরকারের তরফে মহাকরণের ঢেলে সংস্কারের কথা বলা হলেও, কোনও কাজ করা হয়নি বলেই অভিযোগ। ফলে ঐতিহ্যবাহী মহাকরণ ভবনটি এখন হতশ্রী দশায় পড়ে রয়েছে। সেই ঐতিহাসিক ভবনের হাল ফেরাতে রাজ্য প্রশাসনের বেশ কিছুটা সময় লাগবে। যত দিন না মহাকরণ পুরোপুরি তৈরি হয়ে যাচ্ছে, তত দিন বিধানসভায় অস্থায়ী ভাবে বসতে পারেন নয়া মুখ্যমন্ত্রী।
সেই বিষয়ে উদ্যোগী হতে মঙ্গলবার রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মুখ্যসচিব তলব করেন বিধানসভার সচিব সমরেন্দ্রনাথ দাসকে। মুখ্যসচিবের তলবে বিধানসভার আধিকারিকদের এক প্রতিনিধিদল নিয়ে নবান্নে যান সমরেন্দ্র। এখানে দীর্ঘ বৈঠক হয় আধিকারিকদের মধ্যে। নবান্ন সূত্রে খবর, আপাতত ঠিক হয়েছে আগামী শনিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর তিনি বিধানসভায় তৈরি তাঁর নতুন সচিবালয়ে বসে রাজ্য প্রশাসনের দায়িত্বভার গ্রহণ করবেন। সে ক্ষেত্রে বিধানসভার অ্যানক্স বিল্ডিংকে মুখ্যমন্ত্রীর নতুন সচিবালয় করার কথা ভাবা হয়েছে। মনে করা হচ্ছে আগামী সোমবার থেকে বিধানসভায় বসেই নতুন মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসন পরিচালনার কাজ শুরু করতে পারেন।
আরও পড়ুন:
প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবেন। তার পর শপথ নেবেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী। সম্ভবত আগামী সোমবার থেকেই নতুন মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসন পরিচালনার কাজ শুরু করে দেবেন। নতুন মুখ্যমন্ত্রীর কাজকর্ম করতে যাতে কোনও রকম অসুবিধা না হয় সেই বিষয়ে মুখ্যসচিব বেশ কিছু নির্দেশ বিধানসভার সচিবালয়কে দিয়েছেন। বুধবার থেকেই তা কার্যকর হতে পারে বিধানসভায়। পরাজয়ের পর মঙ্গলবার বিধানসভায় এসে নিজের দফতর খালি করে দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে, আগামী সপ্তাহে বিজেপি পরিষদীয় দল থেকে কেউ প্রোটেম স্পিকার মনোনীত হলেই বিধানসভায় নতুন বিধায়কদের শপথগ্রহণের কাজ শুরু হবে। মুখ্যমন্ত্রীর সচিবালয় তৈরির পাশাপাশি নতুন বিধায়কদের শপথ নিয়ে লোকভবনের পদক্ষেপের অপেক্ষা করছে বিধানসভার সচিবালয়।